তরুণদের বেশি টাকা দিতে না করছেন গাভাস্কার

আইপিএলের নিলামে তরুণদের নিয়ে টানাটানি হবেছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী শনি ও রোববার। এবার নিলামের ঠিক আগমুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে করিয়ে দিলেন সুনীল গাভাস্কার। ভারতের এই কিংবদন্তি সংবাদমাধ্যম ‘মিড ডে’তে নিজের কলামে লিখেছেন, জাতীয় দলে সুযোগ না পাওয়া খেলোয়াড়দের বেতনের সীমানা বেঁধে দেওয়া উচিত। উঠতি ও সম্ভাবনাময় খেলোয়াড়দের পা মাটিতে রাখতে সিদ্ধান্তটি নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন গাভাস্কার।

জাতীয় দলে এখনো জায়গা পাননি, এমন খেলোয়াড়দের আইপিএলে বেতন ১ কোটি রুপি বেঁধে দেওয়ার পরামর্শ দিয়েছেন গাভাস্কার।

ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার
ফাইল ছবি: এএফপি

এ মৌসুমের আইপিএল একটু বিশেষ গুরুত্ব পাচ্ছে। এবার মেগা নিলামের কারণে অধিকাংশই দলই প্রায় পুরো স্কোয়াড ছেড়ে দিতে বাধ্য হয়েছে। সেই সঙ্গে যোগ হয়েছে নতুন দুটি দল। ফলে নিলামে এবার ক্রিকেটারদের গুরুত্ব বাড়ছে। আর যেহেতু একাদশে বিদেশি ক্রিকেটার চারজনের বেশি খেলানো যাবে না, প্রতিটি দলই তাদের স্থানীয় ক্রিকেটারের ভান্ডার সমৃদ্ধ করতে চাইবে। উঠতি খেলোয়াড়দের দলে টানলে বেতনকাঠামোতে বাড়তি সুবিধাও পাওয়া যায়। ফলে এবার জাতীয় দলে খেলেননি, এমন উঠতি খেলোয়াড়কেই আইপিএলে দেখা যাবে।

আইপিএলের নিলামে ৫৯০ জন খেলোয়াড়কে ডাকা হয়েছে। এর মধ্যে ৩৫৫ জনই এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। এই মাসেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা ভারত দলের ৭ জন খেলোয়াড়ও আছেন তাঁদের মধ্যে।

গাভাস্কার অবশ্য যুব বিশ্বকাপ জেতা ক্রিকেটারদের ওপর দলগুলোকে হামলে পড়তে মানা করেছেন। তাঁর ধারণা, বয়সভিত্তিক দলে ভালো করলেই তাঁদের রাতারাতি কোটিপতি বানিয়ে ফেলা ভুল হবে, ‘এ সপ্তাহের শেষে নিলাম হবে এবং চোখের পলকে আমাদের অনূর্ধ্ব-১৯ দলের কিছু ছেলে কোটিপতি হয়ে যেতে পারে। গত কয়েক বছরেই দেখা গেছে, অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ভালো করলেই যে আইপিএল বা আন্তর্জাতিক পর্যায়ে ভালো করবে, এমন নয়। মানের পার্থক্যটা এখানে অনেক!’

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জেতা দলের অনেকেই এবার ডাক পাবেন আইপিএলে
ছবি: আইসিসি

জাতীয় দলে ডাক পাওয়ার আগেই আইপিএলে অর্থ পেয়ে অনেক ক্রিকেটার পথভ্রষ্ট হন। প্রতিভাবান ক্রিকেটারদের অর্থের কারণে হারিয়ে যাওয়াটা দেখতে চান না গাভাস্কার। সংবাদমাধ্যম মিড ডের কলামে লিখেছেন, ‘মূল লক্ষ্যের কথা ভুলে ঝরে পড়ার সংখ্যা অনেক বেশি। অনেকেই খেলা থেকে ছিটকে গিয়ে সহজ কোনো পথে আয় করার চেষ্টায় নামে। অভিষেক হয়নি, এমন খেলোয়াড়দের জন্য ১ কোটি রুপির সীমা বেঁধে দেওয়া উচিত। এতে তারা বুঝতে পারবে যে এর চেয়েও ভালো করা সম্ভব। যদি কঠোর পরিশ্রম করে, তবে ভবিষ্যতে আরও বেশি আয় করবে।’

এর আগেও আইপিএলে তরুণ ক্রিকেটারদের জন্য একটা বেতনসীমা দেওয়ার কথা বলেছিলেন গাভাস্কার। দেশের ক্রিকেটের ভালোর কথা চিন্তা থেকেই নাকি এ প্রস্তাব দিচ্ছেন তিনি, ‘এত সহজে অর্থ পেয়ে অনেক সম্ভাবনাময় প্রতিভা নষ্ট হয়ে যায়, প্রশাসকেরা এটা চাইলে থামাতে পারেন। এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি, এমন ক্রিকেটার যেন অতীতের মতো হারিয়ে না গিয়ে বছরের পর বছর পারফর্ম করতে আগ্রহী হয়, সেটা নিশ্চিত করতে হবে।’