তাঁদের আক্ষেপের গল্প
৯০-এর ঘরে আউট হয়ে যাওয়াটা যদি আক্ষেপ হয়, তাহলে ১৯০-এর ঘরে আউট হয়ে যাওয়া নিশ্চয়ই আরও আক্ষেপের। ২৯০-এর ঘরে আউট হয়ে যাওয়াটাকে তাহলে বলতে হবে আরও আরও আক্ষেপ। কাল ওয়াকায় সেই ‘আরও আরও আক্ষেপে’ পুড়লেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান রস টেলর। হয়ে গেলেন ‘নার্ভাস ২৯০’-এ থেমে যাওয়া টেস্ট ইতিহাসের সপ্তম ব্যাটসম্যান।
তবে এই আক্ষেপ বোধ হয় বীরেন্দর শেবাগের চেয়ে বেশি আর কারও নয়। ২০০৯ সালে মুম্বাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওই ইনিংসটা খেলার আগেই ক্যারিয়ারের দুটি ট্রিপল সেঞ্চুরি হয়ে গেছে তাঁর। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনটি ট্রিপল সেঞ্চুরি করার অনন্য ইতিহাস ডাকছে হাতছানি দিয়ে। ব্যাটিং করতে নেমেছিলেন টেস্টের দ্বিতীয় দিন, ওই দিন শেষেই অপরাজিত ২৮৪ রানে। কিন্তু তৃতীয় দিন সকালে মুত্তিয়া মুরালিধরনের বলে আউট হয়ে গেলেন আর মাত্র ৯ রান করে। দুটি ট্রিপল সেঞ্চুরি নিয়ে শেবাগ রয়ে গেলেন ডন ব্র্যাডম্যান ও ব্রায়ান লারার পাশেই। পরে অবশ্য দুই ট্রিপল সেঞ্চুরি করা কীর্তিমানদের তালিকায় যোগ হয়েছে ক্রিস গেইলের নামটাও।
ব্র্যাডম্যানের আক্ষেপটা অবশ্য অন্য রকম। ট্রিপল সেঞ্চুরির স্বাদ আগেই পেয়েছিলেন, ১৯৩২ সালে অ্যাডিলেডে আরও একবার গেলেন খুব কাছাকাছি। ব্যাট করছিলেন ২৯৯ রানে। কিন্তু ৩০০তম রানটা নিতে গিয়ে রানআউট হয়ে গেলেন অন্য প্রান্তে ব্র্যাডম্যানের সঙ্গী ও অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান হিউ থার্লো! টেস্ট ইতিহাসে ২৯০-এর ঘরে অপরাজিত থাকা একমাত্র ব্যাটসম্যান এখনো ডন ব্র্যাডম্যানই। অবশ্য ওই ট্রিপল সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপটা বছর দুয়েক পরেই লিডসে জুড়িয়েছিলেন ব্র্যাডম্যান।
ব্র্যাডম্যান অপরাজিত থেকে গিয়েছিলেন, তবে ২৯৯-এ এসে আউট হয়ে গিয়েছিলেন নিউজিল্যান্ডের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান মার্টিন ক্রো। সেটাও অনিয়মিত বোলার অর্জুনা রানাতুঙ্গার বলে! অনেক দিন পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ট্রিপল সেঞ্চুরি হলে কীভাবে উদ্যাপন করবেন সেটা ভাবতে গিয়েই মনঃসংযোগে নড়ে গিয়েছিল তাঁর! নইলে রানাতুঙ্গার বলটা এমন কিছু ছিল না।
প্রথমবার ২৯০-এর ঘরে এসে আউট হয়ে যাওয়ার কীর্তিটাও কিন্তু ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এক ব্যাটসম্যানের। ১৯৭৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওই সিরিজে ভিভ রিচার্ডস ছিলেন জীবনের সেরা ফর্মে। ওভালের ওই ইনিংসের আগে সিরিজের ৬টি ইনিংসে তাঁর রান ছিল ২৩২, ৬৩, ৪, ১৩৫, ৬৬, ৩৮। ওই ইনিংসটাও খেলছিলেন দুর্দান্ত, তিন শর কাছাকাছি এসেও নার্ভাসের লক্ষণমাত্র ছিল না। কিন্তু নিজের স্বাভাবিক খেলাটা খেলতে গিয়েই ২৯১ রানে বোল্ড হয়ে গেলেন টনি গ্রেগের বলে। রিচার্ডসের ক্যারিয়ারে সেটি ছিল দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। পরে ১৯৮৪ সালে মেলবোর্নে আরও একটি ডাবল সেঞ্চুরি (২০৮) করেছেন। কিন্তু ট্রিপল সেঞ্চুরি চিরঅতৃপ্তির নামই হয়ে থেকেছে কিংবদন্তি এই ব্যাটসম্যানের কাছে।
‘২৯১’ সংখ্যাটা আক্ষেপ হয়ে আছে রিচার্ডসের মতোই আরও এক ওয়েস্ট ইন্ডিয়ান রামনরেশ সারওয়ানেরও। ২০০৪ সালে কিংস্টনে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ছিলেন ২৬১ রানে। অনেক দিন সেটাই ছিল সারওয়ানের ক্যারিয়ার-সর্বোচ্চ ইনিংস। বছর পাঁচেক পরে ব্রিজটাউনে সুযোগ এল সেই ইনিংসটাও ছাড়িয়ে ট্রিপল সেঞ্চুরি করার। সেই মাইলফলক ছোঁয়ার খুব কাছেই ছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান। রায়ান সাইডবটমের বলে ভেঙে গেল সারওয়ানের সেই স্বপ্ন।
টেলরের মতো এখনো খেলছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে ২৯০-এর ঘরে আউট হয়ে যাওয়ার অভিজ্ঞতা আছে আর মাত্র একজনের। আউট হওয়ার ধরনের কারণে হয়তো অ্যালিস্টার কুকের দুঃখটা আরও বেশি। ট্রিপল সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকতে অদৃশ্য সেই চাপটাই বোধ হয় করেছিল সর্বনাশটা। নইলে ইশান্ত শর্মার অনেক বাইরের বলটা কেন মারতে যাবেন!

নার্ভাস ২৯০!
২৯৯*
ডন ব্র্যাডম্যান
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা
অ্যাডিলেড, ১৯৩২
২৯৯
মার্টিন ক্রো
নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা
ওয়েলিংটন, ১৯৯১
২৯৪
অ্যালিস্টার কুক
ইংল্যান্ড-ভারত
এজবাস্টন, ২০১১
২৯৩
বীরেন্দর শেবাগ
ভারত-শ্রীলঙ্কা
মুম্বাই, ২০০৯
২৯১
ভিভ রিচার্ডস
ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড
ওভাল, ১৯৭৬
২৯১
রামনরেশ সারওয়ান
ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড
ব্রিজটাউন, ২০০৯
২৯০
রস টেলর
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া
পার্থ, ২০১৫