তাঁদের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিডনিতে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ম্যাচে প্রত্যাশামতো দর্শক সমাগম ছিল না। ভারত ও বাংলাদেশের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালেও এমসিজির কিছু টিকিট অবিক্রীত রয়ে গেছে। আইসিসি তাই দ্বারস্থ হলো ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও অলরাউন্ডার সাকিব আল হাসানের। আইসিসির অনুরোধ পেয়ে দর্শকদের মাঠে আসতে আহ্বান জানিয়েছেন তাঁরা। মাশরাফি বলেছেন, যে দলেরই সমর্থক হোন না কেন, সুযোগটা হাতছাড়া করা উচিত হবে না কারোরই, ‘সেদিন পরিবেশটাই থাকবে রোমাঞ্চকর। যাঁরা উপস্থিত থাকবেন, তাঁদের সবার জন্য এটি হবে অনেক উপভোগ্য।’ মাশরাফির বিশ্বাস, বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি থাকবে ভালোই, ‘প্রতিটি দলের জন্যই সমর্থক গুরুত্বপূর্ণ। আশা করি অনেক বাংলাদেশি সমর্থক আসবেন।’ ধোনিও চান দর্শকদের সমর্থন, ‘দর্শকেরা তো অসাধারণ। তারা অনেক সমর্থন জুগিয়ে যাচ্ছে। দুই দলেই অসাধারণ কিছু খেলোয়াড় আছে। অসাধারণ লড়াইয়ের দিনে আমি সবাইকে এমসিজি ভরিয়ে তুলতে বলব।’ সাকিব অবশ্য এর আগেও অনেক দর্শকের সামনে খেলেছেন। তবে এ ম্যাচটি তাঁকেও দেবে অন্য রকম অভিজ্ঞতা, ‘এখানে বেশির ভাগই অন্য দলকে (ভারত) সমর্থন করবে। তবে দর্শকদের জন্য এটা হবে নতুন কিছু খুঁজে পাওয়ার মতো। ক্রিকেট অনুসরণকারী সবাইকে বৃহস্পতিবার এমসিজিতে আসতে বলব।’ ক্রিকবাজ।