তাঁদের কথা কেউ ভাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিরিঝিরি বৃষ্টিটা কিছুক্ষণের মধ্যেই রূপ নিল প্রবল বর্ষণে। এমনই অঝোর ধারা যে প্রেসবক্স থেকেও মাঠটাকে ঠিকভাবে দেখা যাচ্ছিল না। খেলোয়াড়েরা ততক্ষণে ঢুকে গেছেন ড্রেসিংরুমে, মাঠ ছেড়ে গেছেন আম্পায়াররাও। অসহায়ের মতো গ্যালারিতে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে লাগলেন শুধু দর্শকেরা।
দর্শক ক্রিকেটের প্রাণ। ঘরের মাঠের আন্তর্জাতিক ক্রিকেটে স্বাগতিক দলের জন্য বড় এক শক্তি দর্শক সমর্থন। বাংলাদেশ দলের পারফরম্যান্স যে সাম্প্রতিক সময়ে তরতর করে ওপরে উঠছে, তাতে তাঁদের অবদানও কম নয়। দর্শকদের হাততালি আর হর্ষধ্বনিতে মাশরাফি-সাকিবরা অনুপ্রাণিত হন, মানসিক শক্তি হারায় প্রতিপক্ষ দল।
অথচ বাংলাদেশের ক্রিকেটে এই দর্শকেরা সবচেয়ে বেশি অবহেলিত। কাল তা আরেকবার প্রমাণিত হলো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। গ্যালারির বেশির ভাগ অংশেই শেড না থাকায় ঘণ্টা দুয়েকের বৃষ্টির পুরোটা সময়ই ভিজলেন তাঁরা। এর মধ্যে ঘণ্টা খানেক তো বৃষ্টি হলো মুষলধারেই।
শরীর বাঁচাতে এতটুকু আচ্ছাদন পায়নি শিশুরাও। অভিভাবকদের সঙ্গে কাকভেজা হয়ে তারাও অসহায়ের মতো অপেক্ষায় ছিল বৃষ্টি থামার। বুদ্ধিমান কেউ কেউ অবশ্য গ্যালারির গা থেকে স্পনসরদের বিজ্ঞাপন বোর্ড খুলে তার নিচে ঠাঁই নেন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পূর্ব ও পশ্চিম গ্যালারির বেশির ভাগ অংশেই শেড নেই। নামমাত্র শেড আছে পশ্চিম গ্যালারির দুই প্রান্তে। বৃষ্টিতে গ্যালারির এই অংশেও হাঁটুপানি জমে গিয়েছিল।
দুঃখজনক হলেও সত্যি, যেসব দর্শক টিকিট কেটে খেলা দেখতে আসেন, ঝড়-বৃষ্টির ঝাপটা তাঁদের ওপর দিয়েই বেশি যায়। কারণ, কষ্টের টাকায় টিকিট কিনতে হয় বলে তাঁরা আচ্ছাদনহীন সাধারণ গ্যালারির কম দামি টিকিটই কেনেন। আর যাঁরা বিসিবির ‘সৌজন্য’ টিকিট পেয়ে খেলা দেখতে আসেন, ঝড়-বৃষ্টি-রোদ তাঁদের স্পর্শ করতে পারে না। তাঁরা বসেন শীতাতপনিয়ন্ত্রিত নিরাপদ ভিআইপি বক্সে।
বেশির ভাগ অংশে শেড থাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টির সমস্যা নেই। তবে সেখানে দর্শকদের সইতে হয় অন্য ‘অত্যাচার’। গ্যালারিতে বসা খাবারের অস্থায়ী স্টলগুলোতে দ্বিগুণ-তিন গুণ দামে বিক্রি হয় নিম্নমানের খাবার। অভিযোগটা পুরোনো হলেও বিসিবি আজ পর্যন্ত এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি।
এত প্রতিকূলতা সয়েও যাঁরা প্রতিনিয়ত বাংলাদেশের ক্রিকেটকে সমর্থন দিয়ে যাচ্ছেন, তাঁদের কথা ভাবার যেন কেউ নেই!