তাঁদের ক্রিকেট জয়ের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রফি হাতে আইসিআরসি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পাঁচ দলের অধিনায়কেরা। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন শেষে l প্রথম আলো
ট্রফি হাতে আইসিআরসি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পাঁচ দলের অধিনায়কেরা। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন শেষে l প্রথম আলো

শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেটে একটা দিক দিয়ে এগিয়ে থাকবে বাংলাদেশই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শুরু আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টটাই যে এ ধরনের ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক আসর!
বেলা ১১টায় বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। তার আগে সংক্ষিপ্ত বক্তৃতাপর্ব শেষে পাঁচ দলের অধিনায়কের সঙ্গে হাত মিলিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশ্য ভারত, দক্ষিণ আফ্রিকা সিরিজের মতো শারীরিক প্রতিবন্ধীদের টুর্নামেন্টটাও পড়তে পারে বৃষ্টির বাগড়ায়। গতকালের প্রবল বর্ষণের পর আজ, কাল, পরশুও ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। ১০ সেপ্টেম্বরের ফাইনালসহ বাকি ম্যাচগুলো অবশ্য হবে বিকেএসপিতে। টুর্নামেন্টের অন্য তিন দল ভারত, পাকিস্তান ও আফগানিস্তান।
এ ধরনের ক্রিকেটের পথপ্রদর্শক বলা যায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। বিশ্ব ক্রিকেটে একমাত্র তাদেরই শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটের জন্য আলাদা শাখা আছে। শারীরিক প্রতিবন্ধীদের কীভাবে ক্রিকেট শেখাতে হবে, বাংলাদেশের কোচরা সে ধারণা পেয়েছেন গত বছর ইসিবির পাঠানো দুই বিশেষজ্ঞের কাছ থেকে। বিকেএসপিতে পরে প্রতিভা অন্বেষণ কার্যক্রমের মাধ্যমে এই টুর্নামেন্টের জন্য খেলোয়াড় বাছাই করে বিসিবি।
টুর্নামেন্টে অংশ নিতে আসা সব দলের সব খেলোয়াড়ই কোনো না কোনো শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন। কারও কৃত্রিম পা লাগানো, কারও হয়তো হাতে সমস্যা। তবে খেলোয়াড়দের অনেককে দেখেই সমস্যাগুলো বোঝার উপায় নেই। টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাল বিষয়টার ব্যাখ্যা দিলেন ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) ঢাকার শারীরিক পুনর্বাসন প্রকল্প ব্যবস্থাপক গার্ড ফন ডি ভালদে, ‘শরীরের কোনো অঙ্গ পুরোপুরি সচল না থাকলেই সেটাকে আমরা শারীরিক প্রতিবন্ধকতা বলব।’
সংবাদ সম্মেলনে আরও ছিলেন আইসিআরসি বাংলাদেশের হেড অব ডেলিগেশন ক্রিস্টিন সিপোলা, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ও টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মুর্তজা। ছিলেন অংশগ্রহণকারী পাঁচ দলের অধিনায়কও। বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী দলের অধিনায়ক আলম খান রোমাঞ্চিত এ ধরনের একটা আয়োজনের অংশ হতে পেরে, ‘এত দিন যারা আমাদের অন্যভাবে দেখত, এখন তারাও খেলার মাঠে আমাদের দেখে নতুন করে ভাববে। দেখবে আমরাও দেশের জন্য কিছু করতে পারি।’ এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত হবে—এমন আশা আলম খানের।
শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেটে বাংলাদেশ যতটা গুরুত্ব দিচ্ছে, তা দেখে রীতিমতো অভিভূত ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ান নাইন। এই ক্রিকেটটা তাদের জন্য নতুন না হলেও পাঁচ জাতির আসর বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে তাঁকেও, ‘প্রতিবন্ধী হওয়াটা যে আমাদের সামর্থ্যে প্রভাব ফেলেনি, তা দেখানোর এটা একটা সুযোগ। টেস্ট খেলোয়াড়েরা যেমন খেলে, আমরাও তেমন বোলিং-ব্যাটিং করব। দারুণ সব ক্যাচ নেব।’ পাকিস্তান দলের অধিনায়ক হাসনাইন আলম, ভারতের অধিনায়ক দীনেশ কুমার ও আফগান অধিনায়ক মোহাম্মদ আশরাফের কণ্ঠেও একই কথার প্রতিধ্বনি। সবারই আশা, তাঁদের ক্রিকেটও একদিন আইসিসির ছায়াতলে আসবে, বিশ্বের সব বড় বড় ক্রিকেট জাতির একটা করে শারীরিক প্রতিবন্ধী দল থাকবে।
বিসিবি, বিকেএসপি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় টুর্নামেন্টের মূল আয়োজক আইসিআরসি। এর সঙ্গে এমনিতে আইসিসির কোনো সম্পৃক্ততা নেই। তবে এ ধরনের আসর যেহেতু বিশ্বে এই প্রথম, টুর্নামেন্ট পর্যবেক্ষণের জন্য একজন পর্যবেক্ষক পাঠাবে আইসিসি। পর্যবেক্ষক হিসেবে আসবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে আইসিসির ডেভেলপমেন্ট অফিসার আমিনুল ইসলাম।