তাঁদের চোখে ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া না নিউজিল্যান্ড? বিশ্বকাপ ফাইনাল নিয়ে নানা মুনির নানা মত। সাবেক ক্রিকেটারদের কারও কারও চোখে কাপটা অস্ট্রেলিয়ার, আবার কেউ দেখছেন নিউজিল্যান্ডের হাতে।

রিকি পন্টিং

সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক

দুই দলই খুব ভালো। কিন্তু যদি কাগজে-কলমে বিশ্লেষণের চেষ্টা করেন, অস্ট্রেলিয়া দলে কোনো খুঁত খুঁজে পাবেন বলে মনে হয় না। তাদের টপ অর্ডার দুর্দান্ত, নতুন বলে তারা দারুণ, অলরাউন্ডাররা বিশ্বের সেরাদের মধ্যেই পড়ে। সবচেয়ে বড় কথা, তারা এমসিজিতে খেলবে, যে মাঠ তাদের হাতের তালুর মতো চেনা।

গ্রায়েম স্মিথ

সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক

নিজের মাঠে খেলার বাড়তি একটা সুবিধা তো আছেই। এমসিজিতে অস্ট্রেলিয়ার সর্বশেষ হার তিন বছর আগে শ্রীলঙ্কার সঙ্গে। তবে টুর্নামেন্টের সবচেয়ে বেশি উইকেট পাওয়া ট্রেন্ট বোল্ট ব্যবধান গড়ে দিতে পারে। হয়তো ও-ই দলকে প্রথম শিরোপা জেতাবে।

স্টিভেন ফ্লেমিং

সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক

ব্রেন্ডন ম্যাককালামের দল জিততে পারে, কিন্তু সামান্য হলেও বাজির দরে অস্ট্রেলিয়াই এগিয়ে। কিউইদের জন্য এটিকে নেতিবাচকভাবে দেখছি না। তবে মাইকেল ক্লার্কের দল কন্ডিশনটা ব্ল্যাক ক্যাপসদের চেয়ে ভালো চেনে, এটাই তাদের এগিয়ে রাখছে। আমি চাইব, নিউজিল্যান্ড নিজেদের গুটিয়ে না নিয়ে উপলক্ষটা উপভোগের চেষ্টা করুক। শুধু বিশ্বকাপেই নয়, গত ১৮ মাসেও দেখা গেছে, চ্যালেঞ্জ যত বড়, ওরা ততই দুর্দান্ত।

ডিন জোন্স

সাবেক অস্ট্রেলিয়া ব্যাটসম্যান

ফাইনালের আগে অস্ট্রেলিয়া শুধু দুই দিনের একটা বিরতি পাচ্ছে। কিন্তু আমার মনে হয় এটাই ভালো। গত বুধবার থেকে কিউইরা মেলবোর্নে আছে, গলফ ও নেটে তারা নিজেদের আড়াল করার চেষ্টা করছে। কখনো কখনো এটা কাজে আসে না। কখনো নিজের কক্ষে বসে বেশি চিন্তাভাবনা করলে উল্টো ফল দিতে পারে।