তাঁদের চোখে মিরাজ
আবদুর রাজ্জাক: টার্ন অনেকের বলেই থাকে কিন্তু মিরাজের বল এক্সট্রা বাউন্স নেয়। শার্প টার্ন করে। এগুলো সবার বলে থাকে না।
সোহেল ইসলাম: সে অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিল। ছোটবেলা থেকেই ওর চাপের মধ্যে খেলার অভ্যাস আছে।
প্রথমজন জাতীয় লিগে মেহেদী হাসান মিরাজের অধিনায়ক, অনেক ক্ষেত্রে পথপ্রদর্শকও। দ্বিতীয়জন তিনটি বয়সভিত্তিক পর্যায়েই ছিলেন তাঁর কোচ। তরুণ এই অফ স্পিনারকে কাছ থেকে দেখার অভিজ্ঞতার কথা তাঁরা বলেছেন। চট্টগ্রামে অভিষেক টেস্টের স্নায়ুচাপ জয় করে যে মিরাজ কাল ৫ উইকেট নিলেন, তাতে রাজ্জাক-সোহেলের কেউই বিস্মিত নন।
বছর দুয়েক আগে জাতীয় লিগে প্রথম মিরাজকে দেখেন রাজ্জাক, ‘তখনই মনে হয়েছিল ও জাতীয় দলে খেলবে, দেশের ক্রিকেটকে কিছু দেবে। এমন নয় যে বোলিং খুব ভালো করেছিল বা অনেক উইকেট পেয়েছিল। ক্রিকেটার হিসেবে ওর পুরো প্যাকেজটাই ছিল ভালো।’ ঘরোয়া ক্রিকেটেও মিরাজকে সব সময় কার্যকর বোলার মনে হয়েছে রাজ্জাকের কাছে, ‘ওকে দিয়ে দীর্ঘ সময় বল করানো যায়। অভিষেক টেস্টে ৫ উইকেট পাবে ভাবিনি। তবে বিশ্বাস ছিল ভালো কিছু করবে।’ একই আশা ছিল সোহেলেরও। তাঁর মূল্যায়ন, ‘মিরাজ টেকনিক্যালি ভালো বোলার। ভালো জায়গায় বল ফেলে এবং অ্যাকুরেট বল করতে পারে।’
অভিষেক টেস্টটাকে স্মরণীয় করার পর মিরাজ তাঁর উঠে আসার পেছনে রাজ্জাক-সোহেলের অবদানের কথা বলেছেন। তবে রাজ্জাক সেটাকে দেখছেন বিনয় হিসেবেই, ‘পরশু ওকে ফোনে বলেছিলাম, জাতীয় লিগে যে বলটা করে আসছে সেটাই যেন করে। ভালো জায়গায় বল ফেলে। বেশি কিছু করতে গেলে সমস্যা হবে। মিরাজ তাই করেছে। এখানে আমার কৃতিত্ব নেই। সিনিয়র ক্রিকেটার হিসেবে অনেককেই অনেক কথা বলি। সবাই নিতে পারে না। মিরাজের মধ্যে এই গুণটা আছে।’