তাঁদের দুঃখে কি একটু প্রলেপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাবিবুল বাশার ও মাশরাফি বিন মুর্তজা
হাবিবুল বাশার ও মাশরাফি বিন মুর্তজা

সাকিবরা যখন জয়োৎসবে মেতেছেন, মাশরাফি বিন মুর্তজা তখন মহল্লার সেলুনে। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক সেখানে বসেই দেখলেন তাঁর সতীর্থদের উদ্‌যাপন। বিসিবির অন্যতম নির্বাচক হাবিবুল বাশার অবশ্য মাঠে ছিলেন। উত্তরসূরিদের কাব্যিক জয়টা তাঁর নিজ চোখেই দেখা।

১১ বছর আগে ফতুল্লা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে হারটা তাঁদের বুকে বিঁধে আছে আক্ষেপের কাঁটা হয়ে, ছোট ছোট ভুলের যোগফলে ম্যাচটা ফসকে যাওয়ার আফসোস যাঁদের আজও পোড়ায়। অবশেষে অস্ট্রেলিয়াকে হারানো গেছে, তাতে ১১ বছর আগের দুঃখে কিছুটা প্রলেপ পড়েছে হাবিবুল-মাশরাফির?

দুই সময়কে মেলাতে চাইলেন না হাবিবুল, ‘ওই আক্ষেপ কমবে না। ভিন্ন দল। ভিন্ন প্রতিদ্বন্দ্বিতা। ভিন্ন উইকেট। সবই আলাদা। দুই সময়ের সঙ্গে তাই না মেলানোই ভালো। আমরা তো ওয়ানডে নিয়মিত জিতি। এখন টেস্ট জিততে শুরু করেছি, এটাই গুরুত্বপূর্ণ। আমি বলব, বিরাট এক ধাপে পা রাখল বাংলাদেশ ক্রিকেট।’

‘ফতুল্লা-দুঃখে’র কথা মনে করিয়ে দিতেই হাসলেন মাশরাফি, ম্লান হাসি। যেন বোঝাতে চাইলেন, এসব আনন্দের মধ্যে শুধু শুধু দুঃখ টেনে আনা কেন? মাশরাফি বললেন, এই জয়টা তাঁর কাছে প্রত্যাশিতই ছিল, ‘দুঃখ কমার কী আছে! এখন বাংলাদেশ যে দল তাতে এই জয় স্বাভাবিকভাবে দেখি। মাথা উঁচু করে দাঁড়ানোর সময় এখনই।’

যেভাবে স্বস্তিতে তৃতীয় দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া, কিছুটা ভয়ই পেয়ে গিয়েছিল বাংলাদেশ। বেশ ভাবনায় পড়ে গিয়েছিলেন হাবিবুলও, ‘কাল (পরশু) ওদের বেশি রান বাকি ছিল না। একটু উদ্বিগ্ন ছিলাম। খুব করে টেস্টটা জিততে চাচ্ছিলাম। উইকেট অন্য রকম থাকায় আত্মবিশ্বাসী ছিলাম, সকালে ১-২টা উইকেট পড়লে ম্যাচের চেহারা বদলে যাবে। আমাদের এই দলটা এখন অনেক আত্মবিশ্বাসী। খেলোয়াড়েরা শুধু মুখে বলে না, সেটা তারা মন থেকে বিশ্বাসও করে।’

সেই বিশ্বাস থেকেই হয়তো কাল সকালে মুশফিকরা চেপে ধরতে পেরেছেন অস্ট্রেলিয়াকে। ২ উইকেটে ১৫৮ থেকে ২৪৪ রানে অলআউট করে শেষ পর্যন্ত জয়টা নিজেদের মুঠোয় নিয়েছেন। সতীর্থদের এই ঘুরে দাঁড়ানোর ছবিটা মুগ্ধ চোখে দেখেছেন মাশরাফি, ‘একটাই আশা ছিল, ১০০ রান থাকতেও যদি ওদের একটা উইকেট পড়ে...উইকেটের যে চরিত্র তাতে যেকোনো কিছু হতে পারে। তবে করে দেখানো এত সহজ ছিল না। যারা খেলেছে তাদের কৃতিত্ব দিতে হবে। ম্যাচে জয়-পরাজয় থাকবে। তবে কখনোই লড়াই ছাড়তে নেই। ওরা যে সেটা দেখিয়েছে, সেটিই বড় ব্যাপার।’

কদিন আগে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে সিরিজ নিয়ে মাশরাফির ভবিষ্যদ্বাণী ছিল, ১-১ হতে পারে। এখনো কি একই ভবিষ্যদ্বাণীতে অটল থাকবেন? ‘আমার যেটা আশা ছিল, হয়ে গেছে। আপাতত আর খেলা দেখছি না। এখন ঈদের সময়, ঈদ করব’—সপরিবার আজ সকালে সাকিবদের দেওয়া ‘জয় উপহার’ নিয়ে ঈদ করতে নড়াইলে যাচ্ছেন মাশরাফি।