তাঁদের নতুন ইনিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেন্ডুলকার,  সৌরভ,  লক্ষ্মণ
টেন্ডুলকার, সৌরভ, লক্ষ্মণ

ব্যাট হাতে কত কালজয়ী ইনিংস খেলেছেন তাঁরা তিনজন। ভারতের ক্রিকেট ইতিহাসে নিজেদের নাম লিখিয়েছেন সোনার অক্ষরে। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণ—ভারতীয় ক্রিকেটের এই তিন কিংবদন্তি এবার শুরু করলেন ক্যারিয়ারের নতুন ইনিংস! ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন তাঁরা। তিন কিংবদন্তিকে নিয়ে গড়া উপদেষ্টা পরিষদ ক্রিকেট-সংশ্লিষ্ট সব বিষয়ে পরামর্শ দেবে বিসিসিআইকে।
বিসিসিআইয়ের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাপতি জগমোহন ডালমিয়ার প্রস্তাব সানন্দেই গ্রহণ করেছেন টেন্ডুলকার, সৌরভ ও লক্ষণ। কৃতজ্ঞতা জানিয়ে ডালমিয়া বলেছেন, ‘আমি খুব আনন্দিত যে আমাদের এই বিখ্যাত তিন ক্রিকেটার তাঁদের অভিজ্ঞতা ও দূরদর্শিতা ভারতীয় ক্রিকেটের উন্নয়নের কাজে লাগাতে এগিয়ে এসেছেন। মিলিতভাবে আমরা ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাব।’
টাইমস অব ইন্ডিয়াকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, তিন সদস্যের এই পরিষদের কাছে যেকোনো বিষয়ে পরামর্শ চাইতে পারবেন ভারত ক্রিকেট দলের খেলোয়াড়েরা। এ ছাড়া বোর্ড চাইছে, যেকোনো গুরুতর আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে ব্যাটসম্যানরা যেন টেন্ডুলকারের পরামর্শ নেন। বিশেষ করে বিদেশের মাঠে দলের সাফল্যের ছক কষবেন সাবেক অধিনায়ক সৌরভ। আর দলের সামর্থ্য বাড়ানো ও নতুন প্রতিভাদের খুঁজে বের করার কাজটি করবেন লক্ষ্মণ। বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়াও গুরুত্বপূর্ণ ক্রিকেটীয় সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে এই উপদেষ্টা পরিষদের সঙ্গে পরামর্শ করবেন।
ডালমিয়া বোর্ড সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকেই বাতাসে গুঞ্জন ছিল, ভারতীয় ক্রিকেট দলের কোচ কিংবা টিম পরিচালক হিসেবে নিয়োগ পাবেন সৌরভ গাঙ্গুলী। পরে শোনা যাচ্ছিল হাইপারফরম্যান্স ম্যানেজার হতে যাচ্ছেন তিনি। শেষ পর্যন্ত উপদেষ্টা পরিষদে সৌরভের যোগদানের মধ্য দিয়ে ইঙ্গিত মিলল, রবি শাস্ত্রীই হয়তো থাকছেন টিম পরিচালকের দায়িত্বে। টাইমস অব ইন্ডিয়া।