তাঁদের ফেরা নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আসিফ ও সালমান বাট
মোহাম্মদ আসিফ ও সালমান বাট

মোহাম্মদ আমিরের নিষেধাজ্ঞা উঠে গিয়েছিল এ বছরের জানুয়ারিতেই। সালমান বাট ও মোহাম্মদ আসিফের নিষেধাজ্ঞা উঠছে ২ সেপ্টেম্বর থেকে। আইনত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে বাধা নেই কারওই। তবে বাট, আসিফকে শিগগিরই সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে ফিরতে দিতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের ঠিক করা পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পরই আবার সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য বিবেচিত হবেন তাঁরা দুজন। আমিরও সেই প্রক্রিয়া অনুসরণ করেই খেলার অনুমতি পেয়েছেন পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে।
পিসিবির পুনর্বাসনপ্রক্রিয়া অনুযায়ী, স্পট ফিক্সিংয়ের শাস্তি কাটিয়ে ফেরার পর বাট ও আসিফকে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের শিক্ষামূলক প্রোগ্রামে অংশ নিতে হবে, মনোবিদের সঙ্গে সেশন কাটাতে হবে, দুর্নীতিবিরোধী বক্তৃতা দিতে হবে পাকিস্তানের প্রতিটি প্রদেশে। শুধু তা-ই নয়, নিজেদের ফিটনেস ও ফর্ম প্রমাণের জন্য আগে খেলতে হবে দেশটির দ্বিতীয় শ্রেণির ক্রিকেটে। আমিরের নিষেধাজ্ঞা আগেই শেষ হওয়ায় এবং এ ধাপগুলো অনুসরণ করায় তিনি অনুমতি পাচ্ছেন আগামী মাসে হতে যাওয়া পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার। যা পাচ্ছেন না বাট ও আসিফ। এ বিষয়ে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান ক্রিকইনফোকে বলেছেন, ‘আইসিসি চায় এই খেলোয়াড়েরা একটা পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে দিয়ে আসুক, যেখানে তারা অন্য খেলোয়াড়দের সামনে দুর্নীতিবিরোধী বক্তব্য দেবে। তারা যে অন্যায় করেছে এবং ক্রিকেটের মর্যাদাহানি করেছে, সেটা সব পর্যায়ের খেলোয়াড়দের বলতে হবে। আমরা আঞ্চলিক দলগুলোকেও বলে দেব, নিম্নপর্যায়ে নিজেদের প্রমাণ করার আগ পর্যন্ত এই দুজন অন্য কোথাও খেলতে পারবে না। ওরা শুধু দ্বিতীয় শ্রেণির ক্রিকেটে খেলতে পারবে, জাতীয় চ্যাম্পিয়নশিপে নয়।’
অবশ্য ফিক্সিংয়ে কলঙ্কিত এই তিন ক্রিকেটারকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানো উচিত কি না, এ নিয়েও বিতর্ক হচ্ছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ ও রমিজ রাজা তো শুরু থেকেই এঁদের প্রত্যাবর্তনের বিপক্ষে। মিয়াঁদাদের মতে, এই তিন ক্রিকেটারকে ফেরানো মানেই নতুন করে বদনাম ডেকে আনা। কয়েক দিন আগেই এপিপির সঙ্গে এক সাক্ষাৎকারে মিয়াঁদাদ বলেছেন, ‘জুয়াড়িদের সঙ্গে মিলে যারা দেশের নাম ডুবিয়েছে, তাদের যেন আবার বরণ করে নেওয়া না হয়। এদের দ্বিতীয়বার সুযোগ দেওয়াটা হবে সততার সঙ্গে খেলে যাওয়া অন্য ক্রিকেটারদের প্রতি অবিচার।’
তারও আগে আমিরের প্রত্যাবর্তন নিয়ে ক্রিকইনফোতে লেখা এক কলামে রমিজ রাজা লিখেছিলেন, ‘পাকিস্তানি খেলোয়াড়দের জিজ্ঞেস করা দরকার, তারা নিজেদের মধ্যে আমিরকে ফেরত চায় কি না। মিসবাহ-উল-হক ও তার দল মিলে পাকিস্তান ক্রিকেট ও এর ভাবমূর্তি ফিরিয়ে এনেছে। ওদের মধ্যে কি এখন এই ভাইরাস এনে ছেড়ে দেওয়া উচিত হবে?’
পিসিবির ভাবনাতেও যে ব্যাপারটা আছে, সেটা বোঝা যাচ্ছে শাহরিয়ার খানের কথায়ও, ‘পাঁচ বছর আগে ওদের যে সুখ্যাতি ছিল, এখন তো আর সেটা নিয়ে দলে ফিরতে পারবে না ওরা। মানুষকে তাদের গ্রহণ করতে হবে, সবচেয়ে বড় কথা, খেলোয়াড়দের তাদের গ্রহণ করতে হবে। অনেক খেলোয়াড় আমাদের বলেছে, ওরা এদের সঙ্গে খেলবে না। এই পুনর্বাসনপ্রক্রিয়া ওদের ড্রেসিংরুমে ও মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরিতে সাহায্য করবে।’ ক্রিকইনফো, ডন।