তাঁদের ভারত-অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে কালই সে দেশে পৌঁছে গেছে বাংলাদেশ দল। ভারতে রওনা হওয়ার আগে বিসিবি একাডেমি ভবন ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাসকিন-সৌম্য-মিরাজরা জানিয়ে গেলেন তাঁদের লক্ষ্যের কথা। ব্যক্তিগত লক্ষ্য ভিন্ন হলেও একটি বিন্দুতে মিলছেন সবাই—দলকে সবাই ভালো ফল এনে দিতে চান, স্মরণীয় করে রাখতে চান আলোচিত ভারত সফর—

অশ্বিনের অপেক্ষায় মিরাজ
১৯ বছর বয়সী এক অফ স্পিনারের কাছে খাবি খাচ্ছেন ইংলিশ ব্যাটসম্যানরা। রবিচন্দ্রন অশ্বিন তা দেখে ভীষণ মুগ্ধ! গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিং দেখে ভারতীয় স্পিনার টুইট পর্যন্ত করেন। ইংল্যান্ড সিরিজের বিস্ময়-বালক এবার তাঁর ঘোর প্রতিপক্ষ। মাঠে যত লড়াই হোক, ফেরার আগে সময়ের সেরা এই স্পিনারের কাছ থেকে টিপস নিতে চান মিরাজ, ‘অশ্বিন বিশ্বমানের। খেলা শেষে তার সঙ্গে কথা বলব।’
উদ্দীপ্ত কামরুল
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রশংসিত হয়েছে তাঁর বোলিং। কামরুল ইসলাম এই বোলিংটা ধরে রাখতে চান ভারতের সঙ্গে টেস্টেও। দলের চাহিদা মেনে বোলিং করতে চান বাংলাদেশ দলের এই পেসার, ‘দলের ফলই আমার কাছে আসল কথা। চেষ্টা করব পরিস্থিতির দাবি মেটাতে। এমনভাবে খেলতে চাই, যেটা দলের কাজে দেয়। এই টেস্টটা স্মরণীয় করে রাখতে সর্বোচ্চ চেষ্টাই করব।’
তাসকিনের নতুন স্বপ্ন
নিউজিল্যান্ডে যাওয়ার আগে তাসকিন আহমেদ জানিয়েছিলেন, টেস্ট খেলার স্বপ্নটা পূরণ করাই তাঁর মূল লক্ষ্য। পূরণ হয়েছে সেই স্বপ্ন। তা এবার ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে কী স্বপ্ন দেখছেন বাংলাদেশের এই পেসার? উত্তরটা তৈরিই আছে তাসকিনের কাছে, ‘আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। এবারের স্বপ্নটা হচ্ছে, এমন কিছু স্পেল করার, যাতে ম্যাচ ঘুরে যায়! আর চোটমুক্ত থেকে ফেরার চেষ্টা করব।’
সৌম্যর অন্য লক্ষ্য
ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের সামান্য প্রাপ্তির মধ্যে আছে সৌম্য সরকারের রানে ফেরাও। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দিয়েছিলেন ছন্দে ফেরার ইঙ্গিত। ক্রাইস্টচার্চ টেস্টে ৮৬ রান করে ফিরেছেন ছন্দে। এটি সৌম্য ধরে রাখতে চান ভারত সফরেও, ‘এখন আমি আত্মবিশ্বাসী। এটা ধরে রাখতে পারলে ভালো হবে। আর ভারতের সঙ্গে রান করতে পারলে একটু অন্য রকম ভালো লাগবে।’
ফিরতে চান শফিউল
বিপিএলে খুলনা টাইটানসের হয়ে দুর্দান্ত খেলছিলেন শফিউল ইসলাম। টুর্নামেন্টের শেষ দিকে পড়েন হ্যামস্ট্রিংয়ের চোটে। নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি শফিউল। চোট কাটিয়ে খেলেছেন দুটি প্রথম শ্রেণির ম্যাচ। শফিউল চান আবারও দলে নিয়মিত হতে, ‘আগে যেভাবে ভালো খেলেছি সুযোগ পেলে সেটির পুনরাবৃত্তির চেষ্টা করব, যাতে সামনের সিরিজগুলোয় দলে নিয়মিত হতে পারি। চোট কাটিয়ে বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলাটা আমাকে সহায়তা করবে।’
নির্ভীক তাইজুল
নিউজিল্যান্ড সফরটা বসেই কেটেছে তাইজুল ইসলামের। কিন্তু কন্ডিশন বিবেচনায় ভারতের বিপক্ষে একাদশে ঠাঁই মেলার জোর সম্ভাবনা বাঁহাতি স্পিনারের। ভারতের সঙ্গে এর আগে একটি টেস্ট খেলে অবশ্য ভালো করতে পারেননি। ২০১৫ সালে ফতুল্লা টেস্টের ব্যর্থতা ভুলে এবার দারুণ কিছুর লক্ষ্য তাইজুলের, ‘ফতুল্লায় (২০১৫) ফ্ল্যাট উইকেট ছিল। ওরা স্পিনও ভালো খেলে। তবুও ভালো জায়গায় বোলিং করলে সফল হওয়া সম্ভব। আর উইকেট থেকে সহায়তা পেলে সেটি বাড়তি পাওয়া হবে।’
শুভাশিসের মুখেও কোহলি
দুদিন আগেই কামরুল জানিয়েছেন, একাদশে সুযোগ পেলে নিতে চান বিরাট কোহলির উইকেট। বাংলাদেশ দলের আরেক পেসার শুভাশিস রায়েরও অভিন্ন লক্ষ্য, ‘কোহলি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। যদি সুযোগ পাই চেষ্টা করব ভালো করার। আর কোহলির উইকেট পেলে খুব ভালো লাগবে।’ নিউজিল্যান্ড সফরে টেস্ট অভিষিক্ত শুভাশিস রোমাঞ্চিত ভারত সফরে সুযোগ পেয়ে।