তাঁদের মন খারাপের ঈদ, তাঁদের আনন্দের ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ঈদের নামাজ আদায় শেষে মুশফিক-মাহমুদউল্লাহ। ছবি: প্রথম আলো
চট্টগ্রামে ঈদের নামাজ আদায় শেষে মুশফিক-মাহমুদউল্লাহ। ছবি: প্রথম আলো

আনন্দের ছটা লেগেছে চারদিকে। ঈদের এ আনন্দক্ষণে প্রিয় মুহূর্ত সবাই ভাগ করে নিচ্ছে নিকটজনের সঙ্গে। তবে মুশফিক-মাহমুদউল্লাহ-মুস্তাফিজদের ঈদ কাটছে হোটেলে, চার দেয়ালের মাঝে।
আন্তর্জাতিক অঙ্গনে পা দিয়েই হইচই ফেলে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। ৬ ওয়ানডেতে ১৮ উইকেট নেওয়া মুস্তাফিজের স্বপ্নের সীমানা এখন বিস্তৃত। পুরস্কার হিসেবে ডাক পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াডেও। এ কারণে ছুটি মেলেনি মুস্তাফিজের। ঈদ কাটাচ্ছেন চট্টগ্রামেই। দেশে আছেন, অথচ গ্রামের বাড়িতে ঈদ করা হচ্ছে না, মুস্তাফিজের জীবনে এমনটা ঘটল এই প্রথম। বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-পরিজন ছেড়ে ঈদ করতে একটু খারাপই লাগছে মুস্তাফিজের। বললেন, ‘খেলতে গিয়ে বিদেশে ঈদ করা হয়েছে। দেশের ভেতরে আছি কিন্তু গ্রামের বাড়ির বাইরে এই প্রথম ঈদ করতে হচ্ছে। খারাপ তো লাগারই কথা। কিন্তু কী আর করা!’
জাতীয় দলে সুযোগ পাওয়ার পর প্রথম ঈদ। ঈদের আনন্দটা ভিন্ন ভাবেই ধরা দেওয়া কথা। কিন্তু সেটা আর হচ্ছে কোথায়! কেমন কাটছে সময়, জিজ্ঞেস করতেই উচ্ছ্বাসহীন কণ্ঠে মুস্তাফিজের উত্তর, ‘ঈদ আর কীভাবে কাটবে? ওটা না শোনাই ভালো। এই কাটছে আর কী! হোটেলেই সময় কাটছে। বাইরে কোথাও বের হয়নি। কোথায় যাওয়ার পরিকল্পনাও নেই।’
বয়সের কারণে হয়তো আবেগের দুয়ারে বাঁধ দেওয়াটা কঠিনই হচ্ছে মুস্তাফিজের। তবে ক্রিকেটীয় ভাবনায় বেশ পরিণতের ছাপ। বললেন, ‘সামনে টেস্ট, নতুন চ্যালেঞ্জ। আপাতত টেস্টেই মনোযোগ। দেখা যাক কী হয়।’ টেস্টে মুস্তাফিজের অভিষেক যদি হয়েই যায়, আর ক্রিকেটের বড় সংস্করণেও যদি নিজেকে ওয়ানডের মতো মেলে ধরতে পারেন, নিশ্চয় ঈদের অপূর্ণ আনন্দটা শতভাগ পুষিয়ে নিতে পারবেন।
টেস্ট স্কোয়াডে থাকা কয়েকজন দুদিনের ঈদ ছুটি কাটাচ্ছেন নিজেদের মতো করে। অাবার কেউ কেউ মুস্তাফিজের মতো ঈদ কাটাচ্ছেন হোটেলের চার দেয়ালের মাঝে। তবে সময়টা যে পরিপূর্ণ উপভোগ্য হচ্ছে না, বিশ্বকাপে বাংলাদেশের নায়ক মাহমুদউল্লাহর জবাবে বোঝা গেল, ‘এই তো সময় কাটছে মোটামুটি। নামাজ পড়ে রুমেই আটকা। কোথাও বের হইনি। বিকেলে বা সন্ধ্যায় কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা নেই।’
ওয়ানডে স্কোয়াডে ছিলেন কিন্তু টেস্টে নেই এমন কয়েকজন খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলেই চলে গিয়েছেন নিজ নিজ বাড়িতে। এ দলে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা-সাব্বির রহমান-আরাফাত সানিরা। বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি ঈদ করেছেন নড়াইলে নিজ বাড়িতে। তবে বৃষ্টির কারণে কেউ কেউ ঘরবন্দী থেকেই ঈদ করছেন। স্পিনার আরাফাত সানি বললেন, ‘বৃষ্টির মধ্যে ঘরে আটকা ভাই। এ বৃষ্টিতে কোথাও বেরোনোর পরিকল্পনা করিনি এখনো। দেখা যাক কী হয়। টেস্টের দলে যারা আছে, ওরাও হোটেলে আটকা। কিছু করার নেই। সবাই দেশের হয়ে খেলছে। সবার আগে দেশ, তাই না?’
যথার্থ বলেছেন সানি। দেশের জন্য লড়েন যাঁরা, এমন কত বিসর্জনই তো দিতে হয় তাঁদের। এ কারণেই তো ক্রিকেটারেরা ঠাঁই পেয়েছেন সবার হৃদয়ে। এই জন্যই স্বজনদের দূরে রেখে ঈদ করতে গিয়ে তাঁদের কষ্ট। আবার আনন্দও।