তাঁদের মুখে জয়ের গল্প

পুরস্কার বিতরণী মঞ্চে ইয়ান বিশপ দুজনকে প্রায় একই প্রশ্ন করলেন। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ উত্তরও দিলেন প্রায় এক রকম। উইকেটে নিজেদের মধ্যে কথাবার্তা খুব বেশি বলেননি। পরিকল্পনা ছিল শেষ পর্যন্ত খেলার। তারপরও যা হওয়ার হবে।
কার্ডিফে কাল এরপর যা হলো, তা আরেক রূপকথা। ৩৩ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর ২২৪ রানের জুটি গড়ে সাকিব-মাহমুদউল্লাহই জলরঙে আঁকলেন অবিস্মরণীয় জয়ের ছবি। রং তো নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এই জয়ের মধ্যেই আছে। আর জলটা সেঞ্চুরির পর সাকিবের আনন্দাশ্রু।
বিশ্বসেরা অলরাউন্ডারকে চ্যাম্পিয়নস ট্রফিতে খুঁজে পাওয়া যাচ্ছিল না কোনোভাবেই। সাকিবের ওপর অনেকে আস্থা হারাচ্ছিলেন। কিন্তু সাকিব জানতেন, তাঁর কিছুই হয়নি। গুরু সালাউদ্দিনের সঙ্গে গত কয়েক দিনের কথোপকথনে তাই একবারও কথা বলেননি কোনো সমস্যা নিয়ে।
খারাপ সময়ে সালাউদ্দিন সাকিবের শেষ আশ্রয়। যখন নিজে উপলব্ধি করতে পারেন কোথাও গড়বড় হচ্ছে, সমাধান চান পুরোনো এই কোচের কাছে। কিন্তু দুদিন আগে সালাউদ্দিন এই প্রতিবেদককে জানান, ‘টিভিতে খেলা দেখে ওর ব্যাটিং-বোলিংয়ে আমি কোনো সমস্যা দেখিনি। সেও এখন পর্যন্ত কোনো সমস্যার কথা বলেনি। সব ঠিক আছে।’
সাকিব যে সাকিবই আছেন, ১১৫ বলে ১১৪ রানের ইনিংসের পরতে পরতে সেটা কাল তিনি বুঝিয়ে দিয়েছেন। আরেক সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহকে তো ফেরাতেই পারলেন না কিউই বোলাররা! মাহমুদউল্লাহ তবু ম্যান অব দ্য ম্যাচ সাকিবকেই এগিয়ে রাখলেন, ‘সাকিবকে কৃতিত্ব দিতেই হবে। ও যেভাবে ব্যাট করেছে, অসাধারণ।’
২২৪ রান বাংলাদেশ এর আগে কোনো ওয়ানডেতে কোনো জুটিতেই করেনি। পঞ্চম উইকেটে এটি ক্রিকেট ইতিহাসেরই তৃতীয় সর্বোচ্চ জুটি। বিশপের কাছে এই জুটির রহস্য খুলে বলছিলেন মাহমুদউল্লাহ, ‘নিজেদের মধ্যে আমরা বেশি কথা বলছিলাম না। শুধু নিজেদের ব্যাটিংটা করছিলাম। শুরুর দিকে ওরা ভালো জায়গায় বল করে আমাদের সমস্যায় ফেলছিল। সুইং কমে আসার পর খেলা অনেক সহজ হয়ে যায়।’
সাকিবের মুখেও প্রায় একইভাবে ফুটে উঠল রূপকথার বর্ণনা, ‘আমরা বেশি কথা বলিনি, শুধু খেলে গেছি। রান তাড়া করার চিন্তা না করে চেয়েছি ৪০-৫০ ওভার পর্যন্ত খেলে যেতে। এরপর দেখি কোথায় থাকি।’
গত কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেটে চোখে পড়ার মতো উন্নতি দেখেছে ক্রিকেট বিশ্ব। কালকের জয়ের পর সেটি আরও প্রতিষ্ঠিত। সাকিবও বলছিলেন, ‘আইসিসির টুর্নামেন্টে একটা ম্যাচ জয় অনেক বড় ব্যাপার। গত দুই বছরে আমরা অনেক এগিয়েছি। এখান থেকে আমরা কেবল সামনেই তাকাতে পারি।’
প্রথম দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রাণ ভোমরা ছিলেন তামিম ইকবাল। কাল তিনি ইনিংসের দ্বিতীয় বলেই ফিরে যাওয়ায় একটু চাপেই পড়ে গিয়েছিল দল। মাহমুদউল্লাহর ভাষায়, ‘শুরুতেই ওকে হারানো বড় ধাক্কা ছিল।’
কিন্তু বাংলাদেশ যে এখন আর একজনের দল নেই! মাহমুদউল্লাহই বললেন সেই জয়ের নকশাটা, ‘সাকিব আর আমার ভালো সময় গেছে। আমরা চেয়েছি বাজে বলে মারতে, ফাঁকা জায়গা খুঁজে বের করতে আর স্কোরবোর্ডটাকে এগিয়ে নিতে।’
কার্ডিফের স্কোরবোর্ড, সাকিব-মাহমুদউল্লাহর অবিস্মরণীয় ব্যাটিং আরেকটু এগিয়ে দিল দেশের ক্রিকেটকেও।
২২৪ রানের জুটি
| নাম | রান | বল | চার | ছয় |
|---|---|---|---|---|
| সাকিব আল হাসান | ১১৪ | ১১৫ | ১১ | ১ |
| নাম | রান | বল | চার | ছয় |
| মাহমুদউল্লাহ | ১০২ | ১০৭ | ৮ | ২ |