তাঁদের 'হাঁস' হওয়ার বছর

>টেস্টে ২০১৮ সাল ছিল অধিনায়কদের ‘ডাক’ মারার বছর। ১৪১ বছরে অধিনায়কদের এতবার শূন্য হাতে ফিরতে দেখেনি টেস্ট
টিভি পর্দায় দৃশ্যটা বেশ মজার। ধরুন রানের খাতা খোলার আগেই ব্যাটিং–লীলা সাঙ্গ হলো কোনো ব্যাটসম্যানের। তিনি ফেরার পথে টিভি পর্দার নিচে ভেসে উঠল একটি অ্যানিমেটেড হাঁস। ব্যাট হাতে সেই হাঁসও ব্যাটসম্যানটির মতো মাঠ ছাড়ছে। ব্যাটসম্যানের চোখেমুখে হতাশা আর হাঁসটি কেঁদে একাকার। নব্বই দশকের শেষ নাগাদ যেকোনো আন্তর্জাতিক ম্যাচেই এমন দৃশ্য দেখার সুযোগ ছিল। সে স্মৃতি এত দিন পর খুঁড়ে বের করার কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে এ বছরে নেতাদের সঙিন পরিস্থিতি। নেতা—মানে অধিনায়ক আরকি, আর হাঁস মানে ‘ডাক’—এ বছর এই নেতা আর হাঁস যেন সমার্থক!
বিষয়টি খুলে বলতে সেঞ্চুরিয়ন টেস্টের ‘জোড়া চশমা’ বেশ প্রাসঙ্গিক। দক্ষিণ আফ্রিকা আর পাকিস্তানের অধিনায়ক যেন যুক্তি করে ব্যাটিং করেছেন! নিজেদের কোনো ইনিংসে দুই অধিনায়কের কেউ রানের খাতা খুলতে পারেননি। টেস্ট ক্রিকেটে ১৪১ বছরের ইতিহাসে যা প্রথম। নজিরবিহীন এই ঘটনার পরই সম্ভবত পরিসংখ্যানবিদদের টনক নড়ে। তাহলে বছরের খেরোখাতা খুলে দেখি! আর তা খুলতেই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ল—টেস্টে এক পঞ্জিকাবর্ষে এ বছর অধিনায়কদের হাঁস মারা মানে ‘ডাক’সংখ্যা সর্বোচ্চ!
কেউ আর একটি ‘ডাক’ মারলেই সংখ্যাটা এক কুড়ি হতো। তা না হলেও উনিশেই লেখা হয়েছে নতুন ইতিহাস।
২০১৮ সালে মোট ১১ জন অধিনায়ক ১৯ বার এই অনাকাঙ্ক্ষিত ‘শূন্য’ পেয়েছেন। এর আগে এক পঞ্জিকাবর্ষে অধিনায়কদের সর্বোচ্চ ১৮টি ‘ডাক’ মারার নজির দেখা গিয়েছিল ২০০৪ সালে। সেবার ১০ জন অধিনায়ক মিলে ১৮ বার শূন্য পেয়েছিলেন, আর এবার অধিনায়ক সংখ্যা যেমন বেড়েছে একজন, তেমনি ‘ডাক’সংখ্যা বেড়েছে একটি। ১৯৯৭ সালে এই প্রবণতা তুলনামূলক বেশি ছিল। ৭ জন অধিনায়ক মিলে ডাক মেরেছিলেন ১৬টি।
অধিনায়কদের এবার ডাক মারার রেকর্ডে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ডু প্লেসি। এ বছর তিনি একাই চারটি ইনিংসে কোনো রান না করেই আউট হয়েছেন। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তিন ইনিংসে ডাক মেরে ডু প্লেসির পরেই শ্রীলঙ্কার সুরঙ্গা লাকমল। এই পেসার নিজেকে সান্ত্বনা দিতে পারেন কোহলির অবস্থা দেখে। হাল ক্রিকেটে ব্যাটসম্যানকুল শিরোমণি বিরাট কোহলি ডাক মারবেন, তা ভাবাই যেখানে কষ্ট—সেখানে কোহলি কোনো রান না করে আউট হয়েছেন দুবার।
বাদ যাবে না বাংলাদেশও। সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ বাংলাদেশের নামও তুলেছেন এই তালিকায়। ১৯টি ‘হাঁস’-এর মধ্যে একটি করে অবদান রেখেছেন সাকিব ও মাহমুদউল্লাহ। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাক মেরেছিলেন সাকিব। তাঁর অনুপস্থিতিতে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে নেতৃত্ব দিয়ে ডাক মেরেছিলেন মাহমুদউল্লাহও।
টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে ২০১৮ সাল অবশ্য ২০০৭-কে টেক্কা দিতে পারেনি। এ বছর তিন সংস্করণ মিলিয়ে মোট ৪১টি ডাক মেরেছেন অধিনায়কেরা। ৪৩টি ডাক নিয়ে এ বছরের এক ধাপ ওপরে ২০০৬। আর ২০০৭ সালে ডাকসংখ্যা ৪৪টি, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। মজাটা হলো, এ বছর তিন সংস্করণে এই অনাকাঙ্ক্ষিত ‘শূন্য’ পেয়েছেন ২৪ জন অধিনায়ক, ২০০৭ সালে ২২ জন আর তার আগের বছর ১৬ জন!
টেস্টে গত চার বছরে অধিনায়ক ‘ডাক’সংখ্যা:
বছর | অধিনায়কসংখ্যা | ম্যাচ | ডাকসংখ্যা |
২০১৮ | ১১ | ১৫ | ১৯ |
২০০৪ | ১০ | ১৫ | ১৮ |
১৯৯৭ | ৭ | ১৩ | ১৬ |
২০০৬ | ৭ | ১২ | ১৫ |