তাঁদেরও মনে পড়ছে বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকটি বিশ্বকাপের প্রস্তুতি শুরুর দিনে কাল মিরপুরে তিন নির্বাচক l প্রথম আলো
আরেকটি বিশ্বকাপের প্রস্তুতি শুরুর দিনে কাল মিরপুরে তিন নির্বাচক l প্রথম আলো

বাংলাদেশের ক্রিকেট তখন ভাসছে রোমাঞ্চের সাগরে। প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে দল! বিশ্বকাপের আগে প্রথমবারের মতো আনা হলো একজন বিদেশি ফিজিও কাম ট্রেনার, রবার্ট হান্ট। বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প বিকেএসপিতে।
বছর ১৫ আগের কথা। কাল বিসিবি কার্যালয়ে নির্বাচকদের কক্ষে বসে সেই সময়টায় ফিরে গেলেন মিনহাজুল আবেদীন, ‘বিকেএসপিতে তখন অনেক জঙ্গল, ঝোপঝাড়। রবার্ট হান্ট আমাদের একটা রানিং সেশন রাখলেন জঙ্গলের মধ্য দিয়ে। জঙ্গলের নানা জায়গায় কিছু জিনিস রাখা ছিল, আমাদের বলা হয়েছিল দৌড়ে গিয়ে খুঁজে আনতে। ভয়ংকর ছিল সেই অভিজ্ঞতা। বিকেএসপিতে তখনো শিয়াল ডাকত। আর ছিল ভূতের ভয়। একটা পর্যায়ে কেউই আর এগোতে সাহস পাচ্ছিল না। ভূতের ভয়ে শেষে ওই সেশনটাই বাদ দিতে হয়!’
ভূতের ভয়টা একটু কৌতুককর শোনালেও বিকেএসপি তখন সত্যিই ছিল নিঝুমপুরী। ওই ক্যাম্পে ছিলেন ফারুক আহমেদও। বিশ্বকাপেও খেলেছেন। চোট-শঙ্কা কাটিয়ে দলে জায়গা হয়েছিল ফারুকের। আর চূড়ান্ত দলে বিতর্কিতভাবে জায়গা না পেয়েও শেষ পর্যন্ত যেভাবে বিশ্বকাপ খেলেছিলেন মিনহাজুল, ক্রিকেট ইতিহাসে সেটির নজির আর বুঝি নেই। ফারুক-মিনহাজুলরা যখন বিশ্বকাপের ক্যাম্পে, হাবিবুল বাশার তখন মন খারাপ করে বসে ঘরের কোণে। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার হয়েও জায়গা পাননি ৩০ জনের প্রাথমিক দলেও! সেই হাবিবুল পরে খেলেছেন ২০০৩ বিশ্বকাপে, দেশকে নেতৃত্ব দিয়েছেন ২০০৭ বিশ্বকাপে।
কাল যখন শুরু হলো এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প, এই তিনজন তখন বসে মিরপুর স্টেডিয়ামের দোতলায় নিজেদের কক্ষে। এবারই প্রথম বাংলাদেশের বিশ্বকাপ দলের নির্বাচকদের সবারই আছে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। মাশরাফি-মুশফিকদের দিকে তাকিয়ে তিন নির্বাচক ক্ষণিকের জন্য যেন ফিরে গেলেন নিজেদের সময়ের ক্যাম্পে। ভূতের ভয়ের কথা শুরুতেই বলেছেন মিনহাজুল। পরে তাঁরাই আবার ‘ভূত’ হয়ে দাঁড়িয়েছিলেন কোচের জন্য, ‘কোচ গর্ডন গ্রিনিজকে অনেক জ্বালিয়েছি আমরা। অনেক মজা করতাম ওর সঙ্গে। নিজেরাও অনেক মজা করেছি।’
ক্যাম্পের আনন্দময় দিনগুলো ফারুক আহমেদের জন্য হারিয়ে গিয়েছিল পরে চোট নিয়ে শঙ্কায়, ‘বিশ্বকাপের আগে একটা টুর্নামেন্ট হয়েছিল ঢাকায়। সেটিতে প্রথম ম্যাচের আগে ফিল্ডিং অনুশীলনে ইনজুরিতে পড়লাম। এ জন্য বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়েছিল। অনেক কষ্ট করেছিলাম সেরে উঠতে। নিজেকে সৌভাগ্যবান মানি যে সেই সময়ের নির্বাচকেরা আমার ওপর ভরসা রেখেছিলেন। বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছিলাম, বেশি ভালো করতে পারিনি। তবে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ে ছোট্ট একটা অবদান আছে। ওদের অধিনায়কের দারুণ একটি ক্যাচ নিয়েছিলাম গালিতে।’
প্রায় ১৪ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন হ্যামিল্টন মাসাকাদজা। ভিভিএস লক্ষ্ণণের মতো আরও অনেকেই কখনো পা রাখতে পারেননি বিশ্বকাপের মঞ্চে। সেখানে ৭ ওয়ানডের ছোট্ট ক্যারিয়ারেই দুটি ম্যাচ বিশ্বকাপে, নিজেকে ভাগ্যবান মানতেই পারেন ফারুক। প্রধান নির্বাচক হিসেবে এই নিয়ে দল গড়লেন দু-দুটি বিশ্বকাপে, নিজের অভিজ্ঞতাটাও তাই মাথায় থাকে নির্বাচনের সময়, ‘নিজে বিশ্বকাপ খেলেছি বলেই জানি এটা কত বড় সম্মান। দল গড়তে গিয়ে কাউকে বাদ দেওয়ার সময় অবশ্যই খারাপ লাগে।’
হাবিবুল সেবার ভাগ্যকে পাশে না পেলেও পেয়েছিলেন ২০০৩ সালে। দক্ষিণ আফ্রিকায় সেই বিশ্বকাপ দলের জন্য ছিল দুঃস্বপ্ন, হাবিবুলের নিজের জন্যও তা-ই। সহ-অধিনায়ক হয়েও মাত্র দুটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন, দুটিতেই শূন্য। তবুও তাঁর মনে সেই বিশ্বকাপ আলাদা জায়গা নিয়ে আছে, ‘সবকিছুর পরও আমার প্রথম বিশ্বকাপ, রোমাঞ্চটাই ছিল অন্য রকম। বিশ্বকাপের আগে কেপটাউনে সব দলের একসঙ্গে গেট টুগেদার ও ফটোসেশন ছিল। অসাধারণ এক অভিজ্ঞতা, সারা জীবন মনে থাকবে।’
পরের বিশ্বকাপে অভিজ্ঞতার ঝুলিতে জমেছে আরও স্মরণীয় স্মৃতি। এবারও আশায় আছেন তেমন কিছুর, ‘২০০৩ বিশ্বকাপে ছিলাম শুধুই একজন ক্রিকেটার। পরেরবার অধিনায়ক। দায়িত্ব ছিল অনেক বেশি। দলও দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। এবার তো সবকিছু নিজের হাতে নেই, পারফর্ম করতে হবে ওদের। তিনবারের অভিজ্ঞতা তিন রকম। তবে দলের ভালো-মন্দের সঙ্গে যেহেতু জড়িয়ে আছি, রোমাঞ্চটা এখনো সে রকমই!’
মিনহাজুলও এখনো অনুভব করেন সেই রোমাঞ্চ। করেন বলেই সেটি দেখতে চান এই প্রজন্মের মাঝে, ‘অনেক পথ পাড়ি দিয়ে প্রথম বিশ্বকাপ খেলতে হয়েছিল আমাদের। মাহাত্ম্যটা তাই বুঝতাম। আমি ব্যাপারটি আরও বেশি অনুভব করতাম শহীদের সন্তান বলে। আমার বাবা যে দেশের জন্য প্রাণ দিয়েছেন, সেই দেশের পতাকা নিয়ে যাচ্ছি বিশ্বমঞ্চে। বিশ্ব আসরে দেশকে প্রতিনিধিত্ব করা অনেক গর্বের ব্যাপার। এই প্রজন্মের মাঝেও আমি সেই বোধটা দেখতে চাই।’
মাশরাফিরা কি শুনছেন?