তাঁর অন্য রকম জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কয়ার লেগ দিয়ে বল সীমানার বাইরে উড়ে যেতেই হইচই করে মাঠে ঢুকে গেল এক দল শিশু। চোখের পলকে সবাই ছুটল উইকেটে। ঘিরে ধরল, জড়িয়ে ধরল জয়ের নায়ককে। ওই শিশুদের ভিড়ে নায়ক তখন আড়ালে ঢাকা পড়েছেন। একটু পর কয়েকজন মিলে তাঁকে তুলে নিয়েছে কাঁধে। হাসিমুখে শূন্যে উড়তে দেখা গেল ওই শিশুদের নায়ক সাকিব আল হাসানকে!
ওই শটটিতে সেঞ্চুরিও হয়েছে সাকিবের। ২৪ বলে অপরাজিত ১০১। সেঞ্চুরি তিনি কত জায়গায় কতবারই তো করেছেন। জয়ের নায়ক হয়েছেন অনেকবার। তবু কালকের অভিজ্ঞতা সাকিবের জন্য নতুন। এই ম্যাচটি যে আসলে ছাড়িয়ে গেছে ক্রিকেটের সীমানা। সাকিব এদিন ব্যাট ধরেছিলেন সুবিধাবঞ্চিত শিশুদের হয়ে!
শিশু অধিকার সনদের ২৫ বছর পূর্তি উপলক্ষে মিরপুর একাডেমি মাঠে যৌথভাবে এ আয়োজন ছিল বিসিবি ও ইউনিসেফের। সুবিধাবঞ্চিত শিশুদের দলকে নেতৃত্ব দিয়েছেন ইউনিসেফের জাতীয় শুভেচ্ছা দূত সাকিব। প্রতিপক্ষ দল ছিল বাংলাদেশের সাবেক ক্রিকেটার, মেয়েদের জাতীয় দলের ক্রিকেটার, রাজনীতিবিদ, বিসিবি কর্মকর্তা ও ক্রীড়া সাংবাদিকদের সমন্বয়ে। এই দলকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক, জাতীয় সংসদের সদস্য ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান।
দলে ছিলেন আরও চার সাবেক অধিনায়ক—বিসিবি পরিচালক আকরাম খান, তিন নির্বাচক ফারুক আহমেদ, মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার। খেলেছেন সাবেক সাংসদ ও বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী, মেয়েদের জাতীয় দলের সহ-অধিনায়ক জাহানারা আলম, অলরাউন্ডার লতা মণ্ডল, বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির ম্যানেজার ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক সাব্বির খান ও তিন ক্রীড়া সাংবাদিক আসিফ ইকবাল, রিয়াজুর রহমান ও মাজহার উদ্দিন। ম্যাচের দারুণ একটি কেতাবি নামও ছিল, ‘শিশুদের মুখোমুখি বড়রা।’
এই ‘বড়রা’ প্রথমে ব্যাট করে ১০ ওভারে তুলেছিলেন ১৩৮ রান। সাকিব তাঁর দলের শিশুদের দিয়েই বোলিং করিয়েছেন বেশি। শেষ দিকে বোলিংয়ে এসে আউট করেছেন মিনহাজুল আবেদিন ও শহীদ উদ্দীন চৌধুরীকে। হাবিবুল আবার সাকিবের শেষ তিন বলে মেরেছেন টানা ছক্কা। শিশুরা তাকিয়ে ছিল সাকিবের দিকে, সাকিব তাদের হতাশ করেননি। যখন নেমেছিলেন, ৬ ওভারে প্রয়োজন ছিল ১০০। শেষ বলে নাঈমুরকে ছক্কা মেরে দলকে জিতিয়েছেন সাকিব, আনন্দে ভাসিয়েছেন মাঠে আসা শ দুয়েক শিশুকে।
তবে ক্রিকেট তো ছিল উপলক্ষ মাত্র, আয়োজন ছিল উৎসবের, উদ্যাপনের। সেটি শিশুরা পেয়েছে পূর্ণমাত্রায়। বেলুন, ব্যানার, ফেস্টুনে সুন্দর করে সাজানো হয়েছিল একাডেমি মাঠ ও আশপাশ। সাকিবকে সতীর্থ হিসেবে পাওয়া, সাকিবের হাত থেকে বল নেওয়া, উইকেট পড়লেই ছুটে গিয়ে জড়িয়ে ধরা, হাই ফাইভ করা, সাকিবকে কাছ থেকে দেখা, কথা শোনা—স্বপ্নের সীমা ছাড়িয়ে যাওয়া একেকটি মুহূর্ত! স্বর্ণলতা, স্মৃতি, সাদ্দাম, মৌ, রাসেল, নাদিম, সুজন, শম্পাদের মতো যারা সাকিবের সঙ্গে খেলেছে, দর্শক হয়ে আসা আরও অনেকে, সবার কাছেই স্মরণীয় একটি দিন।
আগেও ইউনিসেফের কিছু আয়োজনে ছিলেন সাকিব। রোমাঞ্চিত ছিলেন কালও। আগের দিন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলে কালই তাই আবার মাঠে নেমে পড়েছেন। শিশুদের অটোগ্রাফ, ছবি তোলার আবদার মিটিয়েছেন সময় নিয়ে। পরে জানালেন ভালো লাগার কথা, ‘এই ধরনের আয়োজনের অংশ হতে পারলে সব সময়ই ভালো লাগে আমার। আজও লাগছে। এ জন্য সুযোগ পেলেই চেষ্টা করি কিছু না কিছু করার। আমাদের সবারই চেষ্টা করা উচিত নিজ নিজ জায়গা থেকে শিশুদের জন্য কিছু করার, যতটা পারা যায় অবদান রাখার।’
জিম্বাবুয়ে সিরিজ নিয়ে প্রশ্ন হয়েছিল। সাকিব সেটি নিয়ে কথা বললেন না। কালকের দিনটি যে ছিল শুধুই শিশুদের! কথা শেষে তাই আবার হারিয়ে গেলেন শিশুদের ভিড়ে!