তাঁর আসল লড়াই মাঠের বাইরে, জীবনের মঞ্চে

দুই দিনের ব্যবধানে ম্যাচসেরা হলেন দুবার। এ সময় সাধারণত খেলোয়াড়দের চোখেমুখে চিকচিক করে আনন্দের রেখা, খেলে যায় তৃপ্তির আভা। জহুরুল ইসলামের ক্ষেত্রে কোনোটিই দেখা গেল না। নিজের কাজটা করেছেন, এতেই সন্তুষ্ট। ঝড়ে ভেঙে পড়া ঘরটা মেরামতের পর হয়তো কিছুটা হালকা লাগে, তবে তাতে উচ্ছ্বাসের কিছু থাকে না। জহুরুলের ক্ষেত্রেও এই কথাই প্রযোজ্য।
গত দুটো বছর তাঁর জীবনের ওপর দিয়ে বয়ে গেছে ঝড়। তিন বছরের বড় মেয়েটার ভীষণ অসুস্থতা, ঘরে আবার নতুন অতিথি আসার সঙ্গে যোগ হলো নিজের চোট। দুই বছরে করতে হলো বড় দুটো অস্ত্রোপচার। এ সময়ে খেলতে পারেননি ঘরোয়া ক্রিকেটও। জীবনের ছন্দটাই যেন হারিয়ে ফেলেছিলেন জহুরুল। জীবন মসৃণভাবে না এগোলে মাঠে নিজেকে মেলে ধরা কঠিনই। জহুরুল সে কঠিন সময় পেরিয়েছেন। দৃঢ় মানসিকতায় সামলেছেন সব। অবশ্য নিজের কঠিন সে সময়ের গল্প শোনাতে ভীষণ অনীহা তাঁর। তবুও বললেন, ‘এমন কঠিন সময় মানুষের জীবনে আসে। হয়তো হারিয়েই যাচ্ছিলাম। মেয়েকে নিয়ে খুব কষ্টে ছিলাম। সঙ্গে আমার অপারেশন। এর মধ্যে ছেলে হয়েছে। ভীষণ কষ্টে পড়েছিলাম। আল্লাহর রহমতে সব সামলেছি। মেয়েটার বড় কিছু হয়ে যায়নি। ও সুস্থ হয়ে ফিরে এসেছে। বাচ্চাটাও এখন ভালো আছে।’
২০১৩-এর মে মাসে জিম্বাবুয়ে সফরের পর আর খেলা হয়নি বাংলাদেশ দলে। ৭ টেস্ট, ১৪ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টিতে আপাতত সীমাবদ্ধ জহুরুলের আন্তর্জাতিক ক্যারিয়ার। এবার বিপিএলে দারুণ খেলছেন। ৮ ম্যাচে ১৯৬ রান করে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আছেন দুইয়ে। বাংলাদেশ দলে আবার খেলার স্বপ্ন কি উঁকি দেয় জহুরুলের মনে? রংপুর ব্যাটসম্যানের কণ্ঠে আশ্চর্য নির্লিপ্ততা, ‘আগে জাতীয় দলে সুযোগ পেতে ঘরোয়া ক্রিকেটে অনেকে হইচই করে খেলতাম। খুব হইচই করে অনুশীলন করতাম। কিছুটা খারাপ সময় গেছে। এখন আর এ নিয়ে ভাবি না। এখন ক্রিকেট খেলেই খুশি। সে যেখানেই হোক। ক্রিকেটটা উপভোগ করতে চাই। কোথায় খেলব এ নিয়ে কোনো লক্ষ্য নেই।’
কেন লক্ষ্য থাকবে না? সব খেলোয়াড়ই তো চায় নিজের দেশের প্রতিনিধিত্ব করতে। জহুরুল নিজেও একটা সময় করেছেন। মাঝে একটা বিরতি হয়তো গেছে। তবে কেন স্বপ্নটা আবার উঁকি দেবে না? দার্শনিক জবাবই জহুরুলের, ‘যেমনই খেলোয়াড় হন, ভাগ্যের একটা ব্যাপার থাকে। ভাগ্যে কোনো নিয়ন্ত্রণ নেই। সবই অনিশ্চিত। দেখেন লিটনের (লিটন দাস) মতো খেলোয়াড় জাতীয় দলে ভালো খেলতে পারছে না। তাঁকে আমার খুবই ভালো খেলোয়াড় মনে হয়। হয়তো ভাগ্যের ছোঁয়া পাচ্ছে না। আবার যাকে বড় মানের খেলোয়াড় মনে হয় না, জাতীয় দলে নিজেকে দারুণভাবে প্রতিষ্ঠিত করেছে। কাজেই এটা নিয়ে চিন্তা করি না। আগে অনেক করতাম।’
কদিন আগে জহুরুল-প্রসঙ্গে তামিম ইকবাল বলেছিলেন, ‘বাংলাদেশের অন্যতম দুর্ভাগা খেলোয়াড়। প্রতিভা-সামর্থ্যের তুলনায় নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি।’ তামিমকে ধন্যবাদ জানিয়ে জহুরুল দুষলেন নিজেকেই। ৭ টেস্টে ৫ বার আউট হয়েছেন ৪০-এর ঘরে। ইনিংসগুলো ছিল এমন-৪৩,৪৬, ৪১ *, ৪৮, ৪৩। নিজেও মনে করেন, ইনিংসগুলোর একটি বড় হলেই তাঁর জীবনের গল্পটা অন্যরকমই হতে পারত, ‘ওপেন করে ৪০ করা কঠিন। কিন্তু ৪০ কে ১৪০ বানানো তুলনামূলক সহজ। ইনিংসগুলো বড় করতে পারিনি। টেস্টে আমার কোনো ফিফটি নেই। সেট হয়েছি, ইনিংসগুলো বড় করতে পারিনি। দায় আমারই। আন্তর্জাতিক পর্যায়ে আত্মবিশ্বাস ফিরিয়ে নিয়ে আসতে একটা বড় ইনিংসই ছিল যথেষ্ট। নিজেকে গড়পড়তার খেলোয়াড়ই মনে হয়। আল্লাহ যতটুকু দিয়েছে পুরোপুরি ব্যবহার করতে পারেনি। পরিপক্বতার অভাব ছিল আমার।’
পেছনে ফিরে কী আর হবে! জহুরুল তাকাতে চান সামনেই। তবে লক্ষ্যটা কত দূর, নিজেও জানেন না। বাবা শরিফুল ইসলাম সুপ্রিমকোর্টের আইনজীবী। বাবার স্বপ্ন ছিল ছেলেও হবে তাঁর মতো আইনজীবী। তা হওয়া হয়নি। তবে পড়াশোনাকে গুরুত্ব দিয়েছেন সব সময়ই। এসএসসিতে বিজ্ঞানের সব বিষয়ে লেটার পেলেও খেলার কারণে এইচএসসিতে মায়ের পরামর্শে চলে গেলেন মানবিক বিভাগে। এর পর ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। ক্রিকেটার হওয়াটা আসলে মায়ের উৎসাহেই। তবে বাবার স্বপ্নটাও পূরণ করতে চান জহুরুল। জানালেন, শিগগির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন আইনে।
ব্যক্তিগত জীবনে যে লক্ষ্যই থাকুক, ক্রিকেট তাঁর হৃদয়ের সঙ্গে গাঁথা। থাকতে চান সেটি নিয়েই। তবে স্পষ্টভাবে জানাতে চান না বাংলাদেশ দলে ফের খেলার স্বপ্নের কথাটা, ‘যতদিন মাঠে খেলছেন, ততদিন সুযোগ থাকছে। ফিট থাকলে ফিরে আসতে পারেন যেকোনো সময়ে। তবে আমি ওই সুযোগের অপেক্ষায় নেই। খেলছি বলতে পারেন দুটো কারণে-প্যাশন আর জীবিকার তাগিদে।’
জহুরুলের কথায় কেমন এক বিষণ্ন সুর। পোড় খাওয়া মানুষের কথা বুঝি এমনই হয়!