তাঁর কিপিং করা না-করা নিয়ে
ইনডোর থেকে ব্যাটিং প্র্যাকটিস সেরে ড্রেসিংরুমের সামনে প্যাড-গ্লাভস শুকাতে দিচ্ছিলেন। কোচ চন্ডিকা হাথুরুসিংহে তখনই ডেকে নিলেন কিছু একটা বলার জন্য। একটু পর তাঁদের সঙ্গে যোগ দিলেন মিনহাজুল আবেদীন আর হাবিবুল বাশার। কোচ-নির্বাচকদের সঙ্গে মুশফিকুর রহিম চলে গেলেন শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট দেখতে।
মুশফিক কি জানেন তাঁর ওই সঙ্গীদের কেউ কেউ চান না তিনি আর উইকেটকিপিং করুন? টেস্ট অধিনায়কের সম্ভবত এটাও অজানা যে, বিসিবির শীর্ষ পর্যায়ও নির্বাচক কমিটি ও কোচের সঙ্গে একমত। চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই হয়তো মুশফিককে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে তা।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে আঙুলে চোট পাওয়ার পর থেকেই উইকেটের পেছনে অনিয়মিত। তবে ‘ওপর মহলে’র চিন্তাটা যেহেতু এখনো তাঁর কাছে পরিষ্কার নয়, মুশফিক আশায় আছেন অস্ট্রেলিয়া সিরিজে কিপিংয়ে ফেরার। এই প্রতিবেদককেও কাল সেটাই বলছিলেন, ‘এই সিরিজের পর আবার স্ক্যান করাব। যদি জায়গাটা ঠিক না হয়ে থাকে, অস্ট্রেলিয়ায় গিয়ে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেব। যা করার অস্ট্রেলিয়া সিরিজের আগেই করতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে কিপিং করার চেষ্টা করব।’
অথচ বাস্তবতা হলো, বাংলাদেশের ক্রিকেটের নীতিনির্ধারকেরা মুশফিককে আর উইকেটকিপার হিসেবে ভাবছেনই না। কিপিং মুশফিকের ব্যাটিংয়ে বাড়তি চাপ ফেলে বলেই তাঁদের ধারণা। ভারত সিরিজ চলাকালে এ নিয়ে কোচের সঙ্গে তাঁর মৃদু মনোমালিন্যও নাকি হয়েছে। মুশফিক এ ব্যাপারে অনড় অবস্থানেই, ‘আমি সব সময় নিজেকে একজন উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে ভাবি এবং এভাবেই বাকি ক্যারিয়ার চালিয়ে যেতে চাই।’ পরে সংবাদ সম্মেলনেও এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে হাসতে হাসতে বলেছেন, ‘কেউ কি সহজে সবকিছু ছেড়ে দেয় নাকি! আমার তো প্রশ্নই ওঠে না। ব্যাটিংয়ের চেয়ে কিপিংটাই বেশি উপভোগ করি।’
বিসিবির চিন্তার বাস্তবায়নে সাহায্য করছে পাকিস্তান সিরিজে পাওয়া মুশফিকের আঙুলের চোট। ওই কারণেই এখন উইকেট সামলানোর দায়িত্ব লিটন কুমার দাসের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ শুরু শেষ টেস্টেও তিনিই দাঁড়াবেন স্টাম্পের পেছনে। ব্যাটিংটাও ভালো করছেন বলে অনেকেই লিটনের মধ্যে দেখছেন ভবিষ্যৎ উইকেটকিপার-ব্যাটসম্যানের ছবি। কাকতালীয়ভাবে এই সময়টাতেই আবার ভাটা পড়েছে মুশফিকের ব্যাটিং পারফরম্যান্সে। টেস্টে সর্বশেষ চার ইনিংসে সর্বোচ্চ রান ২৮। ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতেও ম্রিয়মাণ। উইকেটকিপিং করছেন না, এখন যদি ব্যাটও বেঁকে বসে, মুশফিকের আত্মবিশ্বাস টলে যাওয়ারই কথা।
তবে মুশফিক তা মনে করছেন না। তাঁর দৃষ্টিতে লড়াইটা শুধু নিজের সঙ্গেই, ‘চাপ আমার নিজের সঙ্গে। আগে পাইলট (খালেদ মাসুদ) ভাই ছিল। তাঁর জায়গা নেওয়াও অনেক কঠিন কাজ ছিল। আমার কাছে অন্য কিছুকে চাপ মনে হয় না।’ তবে স্বীকার করলেন নিজের পারফরম্যান্স নিয়ে হতাশার কথা, ‘নিজের প্রত্যাশা মেটাতে পারছি না, এটার জন্যই বেশি খারাপ লাগছে। গত ১০ ইনিংসে যদি আটটা ফিফটিও মারতাম, তারপরও আমার খারাপ লাগত। কারণ এটা আমার স্ট্যান্ডার্ড নয়।’
সাম্প্রতিক দুঃসময়ের আগে অনেকের চোখেই মুশফিক ছিলেন এই দলের সেরা ব্যাটসম্যান। সেই স্বীকৃতি উইকেটকিপিং সামলেই। পরিসংখ্যান একটা কৌতূহলোদ্দীপক তথ্যও জানাচ্ছে। গত দুটি টেস্টের আগে ক্যারিয়ারের প্রথম দুটি টেস্টেও শুধুই ব্যাটসম্যান হিসেবে খেলেছিলেন। এই চার টেস্টের ৬ ইনিংসে তাঁর রান মাত্র ৫৪! মুশফিকের তাই মনে হতেই পারে, উইকেটকিপিং করলেই বরং তাঁর ব্যাটিংটা ভালো খোলে।
উইকেটকিপার, ব্যাটসম্যান, অধিনায়ক—একসঙ্গে তিন ভূমিকাতেই সফল ক্রিকেটারের সংখ্যা ক্রিকেট ইতিহাসেই কম আছে। তবে উইকেটকিপার মুশফিকই যেহেতু ব্যাট হাতে বেশি সফল, বড় কোনো সিদ্ধান্তে যাওয়ার আগে নিজেকে নিয়ে তাঁর নিজের চিন্তাটাকেও
বোধ হয় গুরুত্ব দেওয়া উচিত। সবচেয়ে ভালো হয় বলটা মুশফিকের কোর্টে ছেড়ে দিলেই।