তাঁর চেয়ে বয়স কম ছিল মাত্র দুজনের

দলের প্রয়োজনে দ্রুত রান তুলতে গিয়ে তিন শ ছোঁয়া হলো না ক্রলির।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিপক্ষে সাউদাম্পটনে নামার আগে মাত্র সাতটি টেস্ট খেলেছেন। নামের প্রতি খুব বেশি সুবিচার করতে পারছিলেন না জ্যাক ক্রলি। অবশেষে ক্রলির ব্যাটে আস্থা খুঁজে পেতে শুরু করেছে ইংল্যান্ড। শুধু তাই নয়, ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ধীরে ধীরে টেনে নিয়ে গেছেন ডাবল সেঞ্চুরিতে। এরই মধ্যে একটা মাইলফলকেও পৌঁছে গেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ইংল্যান্ডের তৃতীয় সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান ক্রলি।

ট্রিপল  সেঞ্চুরির আশাও দেখছিলেন ক্রলি। দারুণ ব্যাট করে আড়াই শও ছুঁয়ে ফেলেছিলেন। মাত্র ৪১ বলে ২০০ থেকে ২৫০-এ পৌঁছে গিয়েছিলেন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ট্রিপল সেঞ্চুরিতে নেওয়ার ছোট তালিকাতেও ঢুকে যাবেন বলে মনে হচ্ছিল। অবশ্য শেষ পর্যন্ত ট্রিপল সেঞ্চুরির স্বপ্নটাকে ভেস্তে দিয়েছেন পাকিস্তানি পার্ট টাইম স্পিনার আসাদ শফিক। আউট হওয়ার আগে ক্রলি নামের পাশে জমা করেছেন ২৬৭ রান।

ক্রলির এই কীর্তির পরপরই টুইট করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, ‘অবশেষে তিন নম্বর পজিশনে একজন অসাধারণ ব্যাটসম্যানকে খুঁজে পেয়েছে ইংল্যান্ড। একদম জাত ক্রিকেটার ও। আশা করি সব ফরম্যাটেই তাকে নিয়মিত দেখতে পাব।’

আজকের এই ইনিংসের সময় ক্রলির বয়স ২২ বছর ২০১ দিন। তাঁর চেয়ে কম বয়সে ইংল্যান্ডের হয়ে এই মাইলফলক ছুঁয়েছেন শুধু কিংবদন্তি লেন হাটন (২২ বছর ৫৮ দিন) ও ডেভিড গাওয়ার (২২ বছর ১০২ দিন)। আরেকটি কীর্তিও গড়েছেন ক্রলি। পাকিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করা চতুর্থ ইংলিশ ব্যাটসম্যান তিনি। এর আগে এ কীর্তি ছিল টেড ডেক্সটার, অ্যালিস্টার কুক ও বর্তমান অধিনায়ক জো রুটের। ক্রলির কীর্তি আছে আরও একটা—ইংল্যান্ডের সপ্তম ব্যাটসম্যান হিসেবে প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন।  

ক্রলির গুরু ও স্কাই স্পোর্টসের ক্রিকেট বিশেষজ্ঞ রব কিও এই তালিকায় আছেন। তিনি লর্ডসে ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ২২১ রান। এ ছাড়া এই তালিকার অন্যতম ব্যাটসম্যান ডেভিড লয়েড। তিনি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাকে অপরাজিত ২১৪ রানে নিয়ে গিয়ে থামেন। ভারতের বিপক্ষে ১৯৭৪ সালের এজবাস্টন টেস্টে ছিল লয়েডের কীর্তি।

যেভাবে শেষ হলো ২৬৭ রানের ইনিংস: