
২০১৪ বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার দিতে মঞ্চে উঠলেন হাবিবুল বাশার। যিনি পুরস্কারটি পেতে যাচ্ছেন, তাঁর অর্জনগুলো সংক্ষেপে বলতে শুরু করলেন বিসিবির অন্যতম নির্বাচক। হাবিবুলের কথা শেষ হওয়ার আগেই দর্শকসারিতে বসে থাকা মাশরাফি বিন মুর্তজা বুঝে গেলেন কে পাচ্ছেন পুরস্কারটি। বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক করলেন কী, পাশে বসা সতীর্থের চোখের ওপর রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কারের প্রচারপত্রটা মেলে ধরলেন। তাঁকে দেখতে দেবেন না পুরস্কার ঘোষণার মুহূর্তটি!
দেখতে না পেলেও কানে তো শুনলেন। তার চেয়েও বড় কথা, হৃদয় দিয়ে অনুভব করলেন—টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা মুশফিকুর রহিম। যাঁর অধীনে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, সেই হাবিবুলের হাত থেকেই পুরস্কার নিলেন বাংলাদেশ দলের বর্তমান টেস্ট অধিনায়ক। বিচারকদের রায়ে ২০১৩ বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছিলেন। পরের বছরও হলো তাঁরই জয়। টানা দ্বিতীয়বার পুরস্কার জিতবেন ভেবেছিলেন? মুশফিক উত্তর দেওয়ার আগেই কথা কেড়ে নিলেন পাশে বসা মাশরাফি, ‘ওই বছরে টেস্ট-ওয়ানডেতে ৪০-এর ওপর গড়, পাবে না কেন?’ বাংলাদেশের টেস্ট অধিনায়কের সাফল্য যেন ছুঁয়ে যাচ্ছে ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ককেও।
২০১৪ সালে ৭ টেস্টে ১ সেঞ্চুরি, ২টি হাফ সেঞ্চুরিসহ ৩৯.৩৬ গড়ে করেছেন ৪৩৩ রান, যেটি বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ। ওয়ানডেতে ১৮ ম্যাচে ৪৪ গড়ে ১টি সেঞ্চুরি ও ৬ ফিফটিতে রান ৭০৪, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। সেন্ট ভিনসেন্ট টেস্টে ফলো-অনে পড়ে লড়াকু ১১৬ রান, ফতুল্লায় এশিয়া কাপে ভারতের বিপক্ষে ১১৭ রানসহ রয়েছে আরও বেশ কটি মুগ্ধতা ছড়ানো ইনিংস। মুশফিকের হাতে পুরস্কারটা দারুণ মানায়।
গতবার যখন প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন, অনুষ্ঠানে এসেছিলেন তাঁর মা-বাবা। এবার অবশ্য একাই এসেছেন। কিন্তু আলো ঝলমল মুহূর্তে প্রিয়জনদের কৃতজ্ঞতা জানাতে ভুললেন না মুশফিক, ‘অবশ্যই ভালো লাগছে। ধারাবাহিকতা বজায় থাকল। ২০১৩-এ পেয়েছি, ২০১৪ সালেও পেলাম। আমার বাবা-মা ও স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আমাকে তাঁরা অনুপ্রাণিত করেছেন এবং পাশে থেকেছেন।’
পুরস্কার জিতে স্বাভাবিকভাবেই তৃপ্তি খেলা করছিল মুশফিকের চোখে-মুখে। তবে চোখ তাঁর আরও দূরে। পুরস্কার তাঁকে অনুপ্রাণিত করছে সামনের দিনগুলোকে আরও রাঙিয়ে তুলতে, ‘পুরস্কার যেকোনো খেলোয়াড়কেই অনুপ্রাণিত করে। আপনি যেটা করবেন সেটার যদি স্বীকৃতি পান, ভালো তো লাগবেই। চেষ্টা করব সামনে আরও ভালো করতে।’
২০১৪ সালটা অবশ্য ভালো যায়নি বাংলাদেশ দলের। শেষ দুটি মাস বাদে প্রায় বছরজুড়েই ব্যর্থতার আবর্তে আটকে ছিলেন মুশফিকেরা। জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হার, মার্চ-এপ্রিলে এশিয়া ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা। সাফল্য আসেনি আগস্ট-সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরেও। ব্যক্তিগত পারফরম্যান্স অসাধারণ হলেও দলীয় ব্যর্থতা প্রাপ্তির এই রাতেও ভুলতে পারেননি মুশফিক, ‘একটা আফসোস থেকে গেছে। আমি ভালো করলেও দল ভালো করেনি। তবে ২০১৫ সালে আমরা ভালো করেছি।’
সাফল্যের একেকটি সিঁড়ি পেরিয়ে এগিয়ে চলা মুশফিককে ব্যর্থতায় কখনো কখনো হতাশ হতে হয়েছে। কিন্তু তিনি উজ্জীবনী শক্তি খুঁজে নেন কিছু উৎস থেকে। পুরস্কারটি তেমনই একটি।