তাঁর জরিমানা দেবেন লারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোয়ার্টার ফাইনালের ওয়াহাব রিয়াজ l ফাইল ছবি
কোয়ার্টার ফাইনালের ওয়াহাব রিয়াজ l ফাইল ছবি

ক্রিকেটে যত পরিবর্তন আসছে সব ব্যাটসম্যানদের সুবিধার জন্য। নতুন নতুন নিয়মে ক্রমেই কোণঠাসা ফাস্ট বোলাররা। বিমাতাসুলভ এই আচরণে আশঙ্কা করা হচ্ছে, গতিসমৃদ্ধ বোলাররা হয়তো একদিন হারিয়েই যাবে ক্রিকেট থেকে! পরে কী হবে সেটি পরের ব্যাপার। তবে সত্যিকারের গতি বোলাররা যে কতটা ভয়ংকর হতে পারে ব্যাটসম্যান-বান্ধব এই যুগেও তা সেদিন দেখিয়েছেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানি এই পেসারের প্রথম স্পেল যাঁরা দেখেছেন, সবার কাছেই মনে হয়েছে ফাস্ট বোলিংয়ের শৌর্য কতটা!
অ্যাডিলেডে সেদিন ওয়াহাব রিয়াজের একেকটি আগুনে গোলা সেদিন যেন ছিল মৃত্যুবাণ। গতিদানবের চির-উদ্ধত রূপ এই পাকিস্তানি বোলারের মধ্যে। স্ট্রাইকিং প্রান্তে ভয়ে কুঁকড়ে গেছেন ব্যাটসম্যান শেন ওয়াটসন! মনে রাখার মতো বিশ্বকাপের এ মুহূর্তটিকে আরও রাঙিয়ে দিয়েছিল ওয়াহাবের অঙ্গভঙ্গি। ব্যাটিংয়ের সময় তাঁকে তাতিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ওয়াটসন-স্টার্ক। এরই জবাবে একেকটি মৃত্যুবাণ ছুড়ে দিয়ে অসহায় ওয়াটসনকে লক্ষ্য করে ওয়াহাব দিয়ে যাচ্ছিলেন হাততালি। এই ‘অপরাধের’ শাস্তি হিসেবে রিয়াজকে তাঁর ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। খেলাটির নিয়ন্ত্রক হিসেবে তা হয়তো করতে পারে আইসিসি। কিন্তু ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারার কাছে সেই ম্যাচের ওয়াহাব রিয়াজ এক বিনোদনদায়ী ক্রিকেটার। রিয়াজে লারা এতটাই মুগ্ধ যে, ওই জরিমানার টাকা পর্যন্ত দিতে রাজি টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ইনিংসের মালিক। আইসিসির জরিমানা করাটাকে ‘অদ্ভুতুড়ে’ আখ্যা দিয়ে লারা বলছেন, ‘একজন তেড়েফুঁড়ে এসে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল ছুড়ছে আর ওয়াটসনকে মনে হচ্ছে স্কুলবালক। আমার কাছে এটা এই বিশ্বকাপেরই অন্যতম সেরা ঘটনা। কিন্তু এর ফলাফলটা শেষে যা দাঁড়াল তা অবিশ্বাস্য...জরিমানা গুনতে হলো দুজনকেই। আমি বুঝি না আইসিসি কী চিন্তাভাবনা করে। এটা না করলেও হতো। খেলার মধ্যে এটা আমরা চাই যা মানুষের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, বিশেষ করে ৫০ ওভারের ক্রিকেটে। এই লড়াইটা আমি পছন্দ করি।’ এর পর লারা যা বললেন, সেটি হতে পারে পাকিস্তানি বোলারের ক্যারিয়ারের অনন্য এক প্রাপ্তি, ‘আমি এই ছেলেটির (রিয়াজ) সঙ্গে দেখা করতে চাই। জরিমানাটা আমিই দিয়ে দেব।’
ওয়াহাব রিয়াজ কি শুনতে পাচ্ছেন! সিডনি মর্নিং হেরাল্ড।