তাঁর ধন্যবাদ পেলেন হাথুরু
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে আলোকচিত্রীদের কাছে থামলেন। আগ্রহভরে ছবিটা দেখতে চাইলেন মাশরাফি বিন মুর্তজা। কোন ছবি? চিটাগং ভাইকিংসের বিপক্ষে জয়ের পর ব্যাট ছুড়ে, মুষ্টিবদ্ধ হাতে সেই খ্যাপাটে দৌড়! অধিনায়কের বিপুল বিক্রম ফুটে উঠেছে ওই এক ছবিতেই।
মাশরাফির কাছে সব জয়ই গুরুত্বপূর্ণ। কাল বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে এ জয়টিও তার ব্যতিক্রম নয়। তাও আবার খেলেছেন ৩২ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস। তবুও প্রশ্ন, জয়ের পর মাশরাফি কেন অমন বাঁধনহারা? এমনিতে বাংলাদেশ দলের হয়ে খেলার চেয়ে তাঁর কাছে বড় কিছু নেই। লাল-সবুজের প্রতিনিধিত্ব করাই মাশরাফির কাছে শেষ কথা।
আছে, বুনো উল্লাসের কারণ আছে। টি-টোয়েন্টিতে পেলেন প্রথম ফিফটির দেখা। তার চেয়ে বড় কথা, প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়। তাও আবার ব্যাট হাতে রীতিমতো ‘ফিনিশার’ রূপে আবির্ভূত হয়ে জেতালেন দলকে, খুশির হিল্লোল তো বইবেই। অনুভূতির কথা বলতে গিয়ে অধিনায়কের মুখে তাই হাসি, ‘দৌড় দেখেই তো বুঝেছেন...খুব ভালো লাগছে। ব্যাটিং করে জেতালে তেমন অনুভূতি হয় না। কারণ আমার কাজ তো বোলিং করা। তবে আজ ভালো লাগছে। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। এ ছাড়া আমি একটু আগে নেমেছিলাম।’
সাধারণত নামেন আটে। কাল নামলেন পাঁচে। প্রতিপক্ষের বোলিং পরিকল্পনা এলোমেলো করে দিতেই ব্যাটিং অর্ডারে হুট করে মাশরাফির এ পরিবর্তন, ‘ওদের বোলারদের একটু এলোমেলো করতে ব্যাটিং অর্ডারে ওপরে নেমেছিলাম। ওদের একটা পরিকল্পনা হয়তো ছিল, আমির শেষদিকে বোলিং করবে। সে পরিকল্পনা পরিবর্তনের জন্যই নিজেকে একটু উঠিয়ে নিয়ে আসি।’
কীভাবে ফিরে পেলেন ব্যাটিংয়ের ধার, যে উত্তরটা দিলেন, দুই শব্দে বললে ‘চন্ডিকা হাথুরুসিংহে’। বাংলাদেশ দলের কোচই মূলত উৎসাহিত করেছেন মাশরাফিকে ‘ব্যাটসম্যান’ হিসেবে ফিরে আসতে, ‘হাথুরুসিংহেকে ধন্যবাদ। অনেক সহায়তা করেছেন। ব্যাটিংটা কীভাবে আরও ভালো হয়, এ নিয়ে অনেক কথা হয়েছে। হয়তো বা খুব বেশি ব্যাটিং অনুশীলন করি না। তারপরও তিনি আমাকে অনেক
সুযোগ দিয়েছেন। সহায়তা করেছেন, উদ্বুদ্ধ করেছেন।’
সুইপ, স্লগ সুইপ, এমনকি পেরিস্কোপে বাউন্ডারি মেরে নাচিয়ে তুললেন পুরো গ্যালারি! ভুল হলো, পুরো গ্যালারি নয়; মাশরাফি-ঝড়ে ড্রেসিং রুমের পাশের গ্যালারিতে বসা চিটাগংয়ের শ খানেক দর্শককেই কেবল শুকনো মুখে বসে থাকতে দেখা গেল। অবশ্য চিটাগং-সমর্থক ছাপিয়ে তাদের মনও হয়তো অলক্ষ্যে নেচেই উঠছিল! দুদিনের কুমিল্লার অধিনায়ক পরিচয় ছাপিয়ে মাশরাফি তো সারা বাংলার। বাংলাদেশ অধিনায়কের ব্যাট যদি এভাবে হাসে, বিপিএলের সাময়িক আনন্দ-বেদনা ছাপিয়ে খুশি হওয়ার কথা সবারই।