তাঁর ব্যাটে আবার সেই গর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপর প্রান্তে রিং বেজেই চলল। কেউ ফোন ধরল না। ফিরতি কলটা এল প্রায় গভীর রাতে। ফোন ধরতে না পারার কারণ জানা গেল তখন, ‘আমি একটু ব্যাটিং করছিলাম।’
শুনে কৌতূহল জাগা স্বাভাবিক, রাতের বেলা ব্যাটিং করে আসা এই লোকটি আবার কে! তাঁকে সবাই চেনেন। মাশরাফি বিন মুর্তজা!
আফগানিস্তান সিরিজ শেষ হওয়ার পরের রাতের ঘটনা এটি। মিরপুর ‘ডি’ ব্লকের ঈদগাহ মাঠে প্রায়ই কৃত্রিম আলোয় টেপ টেনিসের ক্রিকেট হয়। বন্ধুবান্ধব যান বলে মাশরাফিও মাঝে মাঝে গিয়ে খেলেন। সেদিনও সেভাবেই গিয়েছিলেন, তবে ভেতরে অন্য তাড়না যে একেবারেই ছিল না, তা নয়। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিংটা একেবারেই যে হচ্ছে না। যদি পাড়ার খেলায়ও তা একটু ঝালাই করে নেওয়া যায়।
ঈদগাহ মাঠে সেই রাতে ১০-১২-এর বেশি করতে পারেননি ব্যাটসম্যান মাশরাফি। তবে যে তাড়নাটা তাঁকে রাতের বেলায়ও ব্যাট করতে নিয়ে গেল, সেটা প্রতারণা করেনি। করেনি বলেই কাল মাশরাফি ফিরে পেলেন হারানো ব্যাটিং। তিন ছক্কায় ২৯ বলে ৪৪ করে বুঝিয়ে দিলেন, তাঁর ব্যাট এখনো বাংলাদেশ দলকে নির্ভরতা দিতে পারে। প্রাসঙ্গিক আরেকটি তথ্য, কালকের তিনটিসহ ওয়ানডেতে মাশরাফির ছক্কা এখন ৫২টি। বাংলাদেশের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে তাঁর চেয়ে বেশি ছক্কা মেরেছেন কেবল দুজন—তামিম ইকবাল (৬৪) ও মুশফিকুর রহিম (৫৩)।
মাশরাফির ব্যাটিং নিয়ে বাংলাদেশ দলের ড্রেসিংরুম থেকে অনেক রকম গল্প শোনা যায়। পেস বোলিংয়ের সামনে তাঁর দুর্বলতার কথা তো সবারই জানা। তবে যেদিন বোলারদের সামান্য হলেও তুলাধোনা করতে পারেন, সেদিন ড্রেসিংরুমে অনেক স্বীকৃত ব্যাটসম্যানও কপট আতঙ্কে ভোগেন। মুখে হয়তো মাশরাফি সব সময় কিছু বলেন না। তবে ভাবটা নাকি থাকে এমন, ‘দেখলি তো কীভাবে ব্যাট করে এলাম? তোরা তো পারলি না!’
সাম্প্রতিক সময়ে ব্যাটিং নিয়ে অন্যদের এমন খোঁচা মারার সুযোগ মাশরাফি কমই পেয়েছেন। বেশি দূর যাওয়ার দরকার নেই। সর্বশেষ চার ইনিংসের রানটাই দেখুন—৪, ২, ২, ১। ঢাকায় ২০১৪-এর নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ২৫ বলে ৩৯ করেছিলেন। কালকের আগ পর্যন্ত মাঝের ১৪ ইনিংসে সর্বোচ্চ ২১। মাশরাফির ব্যাট থেকে হারিয়ে গিয়েছিল মারকাটারি মেজাজটাই। অনেক অস্থিরচিত্ত মানুষ তো এ রকম গবেষণাও শুরু করে দিয়েছিলেন যে শুধু বোলিং দিয়ে আর কত দিন দলে থাকতে পারবেন অধিনায়ক?
মাশরাফির ব্যাট যেন কাল সেটিরই জবাব দিল। তবে স্লগ ওভারে তিনি বাংলাদেশের ভরসা হয়েছেন আগেও। ২০০৭-এ ভারতের বিপক্ষে হোম সিরিজের দ্বিতীয় ওয়ানডে, এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই হয়েছিল ম্যাচটা। ২২ বলে মাশরাফি করেছিলেন ৪২। তবে শুধু এ জন্যই নয়, তাঁর সেদিনের ব্যাটিং মনে রাখার আরও কারণ আছে। আউট হওয়ার আগের ওভারে দিনেশ মঙ্গিয়ার বলে মেরেছিলেন পরপর চার ছক্কা। যুবরাজ সিংকে ছক্কা মেরেছিলেন তার আগের ওভারেই।
ওই ম্যাচ বাংলাদেশ শেষ পর্যন্ত না জিতলেও স্লগ ওভারে মাশরাফির ব্যাটে ঝড় উঠেছে, এমন অনেক ম্যাচেই জয় আছে বাংলাদেশের। সেসব মাচের বেশ কয়েকটিতেই মাশরাফির ম্যান অব ম্যাচ হওয়া বলে দিচ্ছে জয়ের পেছনে তাঁর ব্যাটিং-ঝড়ের কতটা ভূমিকা ছিল।
মিরপুরে কাল ফিরে এল সে রকমই আরেকটি রাত। মাশরাফির রাত। ব্যাটসম্যান মাশরাফির প্রত্যাবর্তনের পর যে দেখা গেল বোলার মাশরাফির সেরা চেহারাটাও! মাত্র ২৬ রানে হারানো ইংল্যান্ডের ৪ উইকেটের তিনটিই নিয়েছেন মাশরাফি। জস বাটলারের দল সেই যে পথ হারাল, আর ফিরতে পারেনি ম্যাচে। ইংল্যান্ডের শেষ উইকেটটিও তুলে নিয়ে অধিনায়কই বাংলাদেশকে উপহার দিয়েছেন আরেকটি আনন্দের রাত। বাংলাদেশ এখন তাই আরও বড় কিছুর আশায়।
সেটা যে সিরিজ জয়, তা কি আর বলে দেওয়ার দরকার আছে?
৮ বছর পর...
২০০৮ সালের ৯ অক্টোবরের পর আরেক ৯ অক্টোবরে আবার ওয়ানডেতে ৪ উইকেট পেলেন মাশরাফি। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের পর ৭১ ম্যাচে ৪ উইকেট পাননি বাংলাদেশের অধিনায়ক।

আরও পড়ুন