তাঁর ভাবনায় শুধুই টি-টোয়েন্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ আফ্রিদি
শহীদ আফ্রিদি

ওয়ানডেতে এখন তিনি সাবেক। ৫০ ওভারের ক্রিকেটে দলের অংশ নন বলে শহীদ আফ্রিদি ঢাকায় এসেছেন বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ হয়ে যাওয়ার পর। পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক দেশে বসেই দেখেছেন বাংলাদেশের কাছে তাঁর দলের সিরিজ হার। ঢাকায় এসে সাক্ষী হয়েছেন হোয়াইটওয়াশেরও। তবে ওয়ানডে সিরিজটা যত একপেশেভাবে জিতেছে বাংলাদেশ, আজ একমাত্র টি-টোয়েন্টিতে জয় ততটা সহজ হবে বলে মনে করেন না আফ্রিদি। বরং সবচেয়ে ছোট দৈর্ঘ্যের এই আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানকেই এগিয়ে রাখছেন তিনি।
পরিসংখ্যান অবশ্য আফ্রিদিদের পক্ষেই কথা বলে। পাকিস্তানের বিপক্ষে এর আগে ৭টি টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ হেরেছে সবগুলোতেই। তবে কিছুদিন আগেও এ রকম একতরফা পরিসংখ্যান ছিল ওয়ানডেতেও। সেই হিসাবটা এবার বদলে দিয়েছে বাংলাদেশ। শুধু পরিসংখ্যান অবশ্য নয়, আফ্রিদি তাঁর দলটাকে এগিয়ে রাখছেন অন্য একটা কারণে, ‘এটা অন্য ধরনের ক্রিকেট। এখানে আমাদের কম্বিনেশনটা খুব ভালো। আমি আত্মবিশ্বাসী টি-টোয়েন্টিতে আমরা ভালো করব।’ কিন্তু বিশ্বাসকে আবার অতিরিক্ত আত্মবিশ্বাসের পর্যায়েও নিয়ে যেতে রাজি নন, ‘এই মুহূর্তে আমাদের টি-টোয়েন্টি দল ওয়ানডে দলের চেয়ে ভালো। আমি বলছি না, একপেশে লড়াইয়ে আমরা জিতব। কিন্তু কাল ভালো খেলা হবে।’
বলছেন বটে। তবে তিনি নিজেও জানেন, বাস্তবতা এক কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তাঁর দলকে। বাংলাদেশে আসার পর প্রস্তুতি ম্যাচসহ এখন পর্যন্ত একটা ম্যাচও জিততে পারেনি পাকিস্তান। মানসিকভাবে দলটাকে চাঙা রাখতেই আগের ম্যাচগুলোর কথা ভুলে সামনে তাকাতে চাইছেন আফ্রিদি, ‘আমাদের ড্রেসিংরুমের পরিবেশ খুবই ইতিবাচক। আমি মনে করি, যা হওয়ার হয়ে গেছে। ওটা এখন অতীত। অতীতের কথা ভাবলে হবে না। বাংলাদেশ এখন যেভাবে খেলছে, খুবই ভালো করছে। আমাদেরও তাই কাল সেরাটাই খেলতে হবে।’
প্রায় ১৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারের যবনিকা টেনেছেন সদ্য সমাপ্ত বিশ্বকাপ খেলে। কাঁধে টি-টোয়েন্টি দলের দায়িত্ব। ভাবনায় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু এ মুহূর্তে পাকিস্তানের ওয়ানডে দলের দৈন্যদশা দেখে কি আরও একবার অবসর থেকে ফিরতে ইচ্ছে হয়? আফ্রিদি সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে আস্থা রাখছেন এই তরুণ দলটিরও ওপরই, ‘দলে ৩-৪ জন সিনিয়র খেলোয়াড় নেই, নতুন ছেলেরা এসেছে, অধিনায়কও নতুন। এই পুরো পুনর্গঠন-প্রক্রিয়ায় সময় তো লাগবে। সিরিজ হারাটা অবশ্যই হতাশাজনক। কিন্তু মনে রাখতে হবে, এটা ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস আর ইনজামাম-উল-হক যুগের দল নয়। ৬-৭ মাস এই দলটা একসঙ্গে খেলুক, ওরাও পারফর্ম করতে শুরু করবে।’ পুনর্গঠন প্রসঙ্গে উদাহরণ টেনেছেন অস্ট্রেলিয়ারও, ‘এই প্রক্রিয়াটা কিন্তু সহজ নয়। অস্ট্রেলিয়ার মতো দল প্রায় দেড় বছর ভুগেছে ওদের কয়েকজন সিনিয়র খেলোয়াড় চলে যাওয়ার পর। আপনি যদি ওই সময়ে ওদের পারফরম্যান্স দেখেন, দেখবেন ওরা জিততেই ভুলে গিয়েছিল। যদি বাংলাদেশের ২-৩ জন সিনিয়র খেলোয়াড় চলে যায় তারাও ভুগতে শুরু করবে।’
অবশ্য পাকিস্তানের দুরবস্থার কথা বলতে গিয়ে বাংলাদেশকে প্রাপ্য কৃতিত্বটুকু দিতে ভোলেননি আফ্রিদি, ‘কোনো সন্দেহ নেই এ মুহূর্তে বাংলাদেশ খুবই ভালো ক্রিকেট খেলছে। ওরা দল হিসেবে খেলছে। ওদের বেশির ভাগ খেলোয়াড় অনেক দিন ধরে একসঙ্গে খেলছে। ওরা বিশ্বকাপেও ভালো খেলেছে এবং সেই ছন্দটা এ পর্যন্ত ধরে রেখেছে।’