তাঁর লক্ষ্য এবার 'ট্রিপল'

ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি। তা-ও আবার একটি নয়, দুটি! পরশু তাঁর দ্বিতীয় ডাবল সেঞ্চরিটি থামল ইনিংসের শেষ বলে, ২৬৪ রানে!
ওয়ানডে ক্রিকেটের তেতাল্লিশ বছরের ইতিহাসটাই ওলটপালট করে দিলেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ রান করার পর রোহিত বললেন, আরও ৫০ ওভার অনায়াসে ব্যাটিং করে যেতে পারতেন, এতটুকু ক্লান্তিও নাকি বোধ করছিলেন না!
আড়াই মাসের চোট কাটিয়ে ফেরার পর এমন ইনিংস, ফুরফুরে রোহিত একটু রসিকতা করে এমনটা বলতেই পারেন। কিন্তু ব্যাটিংয়ে যখন নেমেছিলেন, ২৬৪ রানের দূরতম ভাবনাও কি মাথায় ছিল? এমন ইনিংস তো বলে-কয়ে আসে না! শুরুতে দেখেশুনে খেলেছেন। উইকেটে সেট হওয়ার পর শুরু করেন তাণ্ডবলীলা। এমন নয় যে শুধু সজোরে ব্যাট চালিয়েছেন। একেকটি বাউন্ডারি-ওভার বাউন্ডারি যেন শিল্পীর তুলির আঁচড়। এতটুকু বাড়তি খাটুনি নেই, কবজির মোচড়ে ব্যাট ঘুরিয়েছেন, আর শ্রীলঙ্কানরা চেয়ে চেয়ে দেখেছেন শুধু!
কি সেই মন্ত্র, যেটা জপতে জপতে এমন দুর্দান্ত ইনিংস? শুনুন রোহিতের মুখেই, ‘যখন ফিফটি পেলাম, তখন থেকেই জানতাম একে বড় রানে পরিণত করতে হবে। কারণ এটি দারুণ ব্যাটিং উইকেট। এই পিচে ৩০০-৩৫০ রানও টপকে যাওয়া মোটেই কঠিন কিছু না। আমাদের বড় সংগ্রহ গড়তে হতো, তাই যতক্ষণ পারা যায় আমি ক্রিজে থাকতে চেয়েছি।’ রোহিতের ব্যাট তাঁর মনের কথা শুনেছে।
ডাবল সেঞ্চুরির ‘ডাবল’ হলো। এবার কি লক্ষ্য তাহলে ট্রিপল সেঞ্চুরি? রোহিতের মুখে হাসি, ‘আমি আমার সর্বোচ্চ চেষ্টাই করব। আপাতত ২৬৪ মন্দ কী!’ ক্রিকইনফো।