তাঁরা ছাড়া তারা হারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঈদ আজমল ও সুনীল নারাইন
সাঈদ আজমল ও সুনীল নারাইন

এমনিতে একনিঃশ্বাসেই উচ্চারিত হতো তাঁদের নাম। কয়েক বছর ধরে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দুর্বোধ্য বোলার তাঁরা দুজন। এই দুজনের আঙুলের ছোঁয়ায় ভাষা পেয়েছে ক্রিকেট বল, কথা বলেছে তাঁদেরই ইশারায়। উইকেট নিয়েছেন নামতা গুনে। বিশ্বজুড়ে ব্যাটসম্যানদের বিব্রত করে ছেড়েছেন। কে জানত, বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরের আগে বিব্রতকর এক বন্ধনীতে আটকে যাবেন দুজনই! সাঈদ আজমল ও সুনীল নারাইন, ওয়ানডের বিশ্বকাপে নেই ওয়ানডের সেরা দুই বোলার!
পাঁচ মাস হতে চলল, আন্তর্জাতিক ক্রিকেটে নেই এই দুজন। তার পরও ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার এখনো আজমল, দুইয়ে নারাইন। কিন্তু বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন দুজনই। কারণটা একই, বোলিং অ্যাকশন! আজমল থাকছেন না, জানিয়ে দিয়েছিলেন আগেই। পরশু নারাইনের ঘোষণা এল অনেকটা আচমকাই। বিশ্বকাপের আকাশে তাই জ্বলবে না উজ্জ্বল দুটি তারা।
আজমল নিষিদ্ধ হয়েছিলেন গত সেপ্টেম্বরের শুরুতে। বিশ্বকাপ মাথায় রেখেই দ্রুত বোলিং অ্যাকশন শোধরানোর কাজ করে যাচ্ছিলেন সাকলায়েন মুশতাকের সঙ্গে। আশাভরে তাঁকে প্রাথমিক দলেও রেখেছিল পাকিস্তান। ‘এ’ দলের হয়ে দুটি ম্যাচও খেলেছিলেন কেনিয়ার বিপক্ষে। কিন্তু চূড়ান্ত দল ঘোষণার দিন দশেক আগেই আজমল নিজেকে সরিয়ে নিলেন। অ্যাকশন যে তখনো শতভাগ শুদ্ধ হয়নি! অবশেষে ২৪ জানুয়ারি ফেরার জন্য পরীক্ষা দিয়েছেন। এখন শুদ্ধ হয়ে ফিরলেও বিশ্বকাপ খেলতে হলে কোনো এক সতীর্থের জন্য তাঁকে অশুভ কামনা করতে হবে। কেউ চোট পেলে একটা সুযোগ থাকবে বদলি হিসেবে।
নারাইন ছিলেন চূড়ান্ত দলেও। অ্যাকশন নিয়ে কাজ করে ১৬ জানুয়ারি ফিরেছেন মাঠে, খেলেছেন ক্যারিবিয়ানের ঘরোয়া এক দিনের ম্যাচের টুর্নামেন্টে। ২৫ জানুয়ারি ফাইনালে ৮ ওভারে ৯ রানে ৬ উইকেট নিয়ে শিরোপা জিতিয়েছেন ত্রিনিদাদ ও টোবাগোকে। কোচ ও অধিনায়ক যখন তাঁকে ঘিরে সাজাচ্ছেন বিশ্বকাপের রণপরিকল্পনা, তখনই সরে দাঁড়ানোর ঘোষণা। অ্যাকশন নিয়ে শতভাগ নিশ্চিত নন তিনিও। আচমকা এই ঘোষণার একটি নেপথ্য কারণ হতে পারে ডেভ রিচার্ডসনের একটি হুঁশিয়ারি। আইসিসির প্রধান নির্বাহী কদিন আগেই বলেছেন, বিশ্বকাপেও বোলিং অ্যাকশনের ওপর কড়া নজর রাখবে আইসিসি। ঝুঁকিটা কেন নেবেন নারাইন?
মজার ব্যাপার, নারাইনের বোলিং কিন্তু নিষিদ্ধ নয়। আন্তর্জাতিক ম্যাচে প্রশ্নবিদ্ধও হয়নি। নারাইনও সেই সুযোগ দেননি। চ্যাম্পিয়নস লিগ ক্রিকেটে যখন প্রশ্নবিদ্ধ হলো তাঁর অ্যাকশন, একের পর এক বোলার কাটা পড়ছেন অ্যাকশনের খাঁড়ায়। সতর্কবার্তা পেয়ে নারাইন তাই নিজে থেকেই সরে দাঁড়িয়ে কাজ করছিলেন অ্যাকশন শোধরানোর। আন্তর্জাতিক ক্রিকেটে যেহেতু এখনো প্রশ্নবিদ্ধ হননি, বিশ্বকাপ খেলতে পারতেন। কিন্তু বাস্তবতা হলো, বিশ্বকাপের পরই যে আইপিএল! বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য একবারও বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি। বিশ্বকাপ খেলতে গিয়ে আইপিএল কেন হারাবেন! তা ছাড়া নারাইনের অ্যাকশন শোধরানোর এই প্রক্রিয়া চলছে কলকাতা নাইট রাইডার্সের তত্ত্বাবধানে। কেকেআর নিশ্চয়ই চায়নি নারাইনকে ঝুঁকিতে ফেলতে।
বিশ্বকাপের স্বাদ পেতে আরও অন্তত চার বছর তাই অপেক্ষা করতে হচ্ছে নারাইনকে। গত বিশ্বকাপের পর অভিষেক, ৫২ ম্যাচে নিয়েছেন ৭৩ উইকেট। এই সময়ে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ। ধুমধাড়াক্কা ক্রিকেটের এই যুগেও রান দিয়েছেন ওভারপ্রতি মাত্র ৪.১০। গত বিশ্বকাপে দলে থিতু ছিলেন না আজমল, খেলেছেন তিনটি মাত্র ম্যাচ। বিশ্বকাপের পর থেকে এ পর্যন্ত ৭৩ ম্যাচে নিয়েছেন ১৩৪ উইকেট, ওভারপ্রতি রান ৪.০২! এই সময়ে আজমলের চেয়ে বেশি উইকেট শুধু লাসিথ মালিঙ্গার, ৯৩ ম্যাচে ১৪৪।
মোহাম্মদ হাফিজ আছেন, তবে ‘অর্ধেক।’ ব্যাটিংয়ে সেরা ১২-তে ঢুকতে পারেননি কখনো, কিন্তু বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন বেশ কিছুদিন। হাফিজ বোলিং করতে না পারায় বিপাকে পাকিস্তানও। ভারসাম্যই নষ্ট হয়েছে দলের, হারিস সোহেলকে জোর করে বানাতে হয়েছে বোলার! নিষিদ্ধ না হলে হয়তো বিশ্বকাপ খেলতেন বাংলাদেশের সোহাগ গাজীও। স্পিনার প্রসপার উতসেয়া জিম্বাবুয়ে দলে খেলবেন পেসার হিসেবে। তাতে দলটির খুব খুশি হওয়ার কারণ নেই!
বিশ্বকাপের আগে আগে বোলিং অ্যাকশন নিয়ে আইসিসির হঠাৎ যুদ্ধ ঘোষণা নিয়ে যদিও প্রশ্ন আছে, ছড়িয়েছে ষড়যন্ত্র-তত্ত্বও। তবে এই ‘যুদ্ধ’ নিয়ে প্রশ্ন নেই। অবৈধ অ্যাকশনের অবৈধ সুবিধা নিতে দেওয়া উচিত নয় কাউকেই। তবে এটাও ঠিক, আজমল-নারাইনরা না থাকায় একটু রং হারাচ্ছে বিশ্বকাপ!