তাঁরা দুজন সাহসী সুন্দর আর 'ক্যাপটেন ফ্যান্টাসটিক'

যখন উইকেটে এলেন, বাংলাদেশ কাঁপছে। অদ্ভুত রান আউটে পিনাক নেই, গত ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুলও আউট। কিছুক্ষণ পর ভালো শুরু করা জয়রাজও ফিরে গেলেন। মুহূর্তেই বাংলাদেশ ৪ উইকেটে ৯৮। হাসি উধাও বাংলাদেশের।
সেই বাংলাদেশকে জয়ের হাসিতে হাসালেন দুই দুই হাসান। মেহেদী ও জাকিরের ওপর চাপটা ছিল পাহাড়সমান। একদিকে উইকেটের বানে বাঁধ দিতে হবে, অন্য দিকে রানরেটের সঙ্গেও তাল মেলাতে হবে। সবচেয়ে বড় বাধা তো ছিলই ইতিহাস—বয়সভিত্তিক হোক কিংবা সিনিয়রদের ক্রিকেট; ক্রিকেট হোক কিংবা ফুটবল; বাংলাদেশের ক্রীড়া ইতিহাসেই কোনো বৈশ্বিক টুর্নামেন্টে সেমিফাইনাল খেলেনি।
সব চাপ কী সুন্দর করে জয় করে নিলেন দুই হাসান। তাঁদের ব্যাট হাসল, তাতে হাসল বাংলাদেশও। শ্বাসরুদ্ধকর ম্যাচে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ! দুজনে গড়লেন ১১৭ রানের এক জুটি। যে জুটিকে সংখ্যা দিয়ে, শব্দ দিয়ে, কাব্য করেও বোঝানো সম্ভব নয়।
দুজনই শুরু করেছিলেন ধীরে সুস্থে। অবশ্য এর বাইরে আর কীই বা করার ছিল! ২১২ রানের টার্গেট, তাতে ৯৮ রানেই নেই ৪ উইকেট। তাঁদের দুজনের কেউ একজন আউট হয়ে গেলেই বেরিয়ে আসবে বাংলাদেশের ব্যাটিংয়ের লেজ। তাই প্রথম লক্ষ্যটা ছিলই উইকেটে টিকে থাকা। ম্যাচ শেষে অধিনায়ক মিরাজ সাক্ষাৎকারে বলছিলেনও, ‘জাকির বলেছিল, এই উইকেটে বাউন্ডারি মারা সহজ হবে না। সিঙ্গেল নিয়ে স্ট্রাইক সচল রাখতে হবে।’
পরিকল্পনার দুর্দান্ত বাস্তবায়নই করলেন মিরাজ ও জাকির। দেখে শুনে নেপালের লামিচানে-কান্ডেলদের স্পিন আক্রমণ সামলেছেন। সঙ্গে ঠুকঠুক এক-দুই করে রানের চাকাটাও সচল রেখেছেন। এই করেই একটু পথ হারানো বাংলাদেশকে আবারও নিয়ে এলেন জয়ের পথে।
শেষ দশ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৬৮ রান। এরপরই কিছুটা খোলস ছেড়ে বেরোতে শুরু করেছিলেন মিরাজ-জাকিররা। অবশ্য খোলস ছেড়ে বেরোনো বলতে যা বোঝায়, ঠিক সেরকম মারমুখীও নয়। বরং বলের মান বুঝে কখনো সিঙ্গেল, সঙ্গে নেপালকে চাপে রেখে একের জায়গায় দুই করে নিয়ে বাংলাদেশের জন্য সমীকরণটাকে সহজ করে তুলছিলেন।
এ তো গেল হিসেবি ব্যাটিংয়ের গল্প। সাহসিকতাও তো খুব ভালো করেই ছিল মিরাজদের ব্যাটিংয়ে। বিশেষ করে জাকির। আগের তিন ম্যাচে ঠিকমতো ব্যাট করারই সুযোগ পাননি। প্রথম ম্যাচে ১৯, দ্বিতীয় ম্যাচে অপরাজিত শূন্য। তৃতীয় ম্যাচে তো ব্যাট হাতে নামতেই হয়নি। আজ যখন নামলেন, তখন তাঁর ছোট্ট কাঁধে বড় দায়িত্ব—বাংলাদেশের স্বপ্ন বাঁচানো। সেমিফাইনালের স্বপ্ন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে, দুর্দান্ত লড়াইয়ের গল্প লিখে ৭৭ বলে ৭৫ করেছেন জাকির।
ইনিংসের শুরুর দিকে অসমান পাথুরে রাস্তাটা চাঁদের গাড়ির মতো ঠুকঠুক করে পার করে এসেছিলেন। এরপর বাংলাদেশের ইনিংস মসৃণ পথে আসতেই যেন ফেরারি গাড়ি হয়ে উঠল জাকিরের ব্যাটিং। ইনসাইড আউট, ব্যাকফুট ড্রাইভ, স্কুপ—কী ছিল না! ৪৭ রানের আগে যেখানে মাত্র একটি চার, সেই জাকিরই ৭৫ রানের ইনিংসটি শেষ করলেন ৫ চার ও ১ ছয় নিয়ে। তাঁর সাহসী ছয় দিয়েই বাংলাদেশ সেমিফাইনালে উঠবে, এটি যেন এই ম্যাচে জাকিরের লড়াইয়ের পুরস্কার হিসেবেই ঠিক করে রেখেছিল প্রকৃতি।
আর মিরাজ? জাকির মন কেড়ে নিয়েছেন তাঁর সাহসী সুন্দর ব্যাটিংয়ে। কিন্তু বাংলাদেশ দলের প্রাণ হয়ে তো রইলেন দলের সেনাপতিই। এর আগে এর চেয়েও প্রতিভাবান দল নিয়েও কখনো বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল পেরোতে পারেনি। তিনবার বাদ পড়েছে এই শেষ আটের গেরোতে। আজও এই চাপটাই যেন ঘিরে ধরেছিল। সেখান থেকে দলকে উদ্ধার করে নিয়ে এলেন ‘ক্যাপ্টেনস নক’ খেলে, সেটিও কী ভীষণ চাপের মুখে!
নিজে অফুরন্ত প্রাণশক্তির অধিকারী, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত অনেকে মিরাজকে অধিনায়কের প্রজ্ঞায় ‘যুবাদের মাশরাফি’ হিসেবেই দেখেন। আজ সেটিই যেন দেখালেন মিরাজ। যখন ব্যাট হাতে নামলেন, দলকে কেমন যেন একটা গুমোট ভাব ঘিরে রেখেছিল। সেখান থেকে নিজের আলোয় আলোকিত করে রাখলেন বাংলাদেশের ইনিংসটাকে। পুরো ইনিংসে জাকিরকে সঙ্গ দিয়ে গেছেন, এক-দুই করে বলে রানের সমতা ঠিক রেখেছিলেন। শেষ পর্যন্ত দায়িত্বশীল ইনিংস খেলে হাফ সেঞ্চুরিও পেয়ে গেলেন।
১১৭ রানের জুটিও গড়লেন অসীম চাপের মুখে, যেটি এই টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। এর আগে বোলিংয়ের সময়ও দলের প্রয়োজন বুঝে সাতজন বোলারকে ঘুরিয়ে ফিরিয়ে বোলিং করিয়েছিলেন, যাতে নেপালকে অল্প রানে আটকে রাখা যায়। ব্যাটিং, বোলিং, অধিনায়কত্ব—এমন পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মিরাজ।
আজকের বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ‘ম্যান অব দ্য পিপল’ও কি নন!