তাঁরা দুজনই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান তামিমের, সবচেয়ে বেশি উইকেট রাজ্জাকের। এবারের এশিয়া কাপে দুজনই দর্শক।
এক, দুই, তিন, চার—চারটি আঙুল উঁচিয়ে দেখাচ্ছেন তামিম ইকবাল। বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনারের বনানী ডিওএইচএসের বাসায় ঢুকতেই চোখে পড়বে ছবিটা। এটি বাংলাদেশ ক্রিকেটের একটি প্রতীকে রূপ নেওয়া ছবিও বটে।
২০১২ এশিয়া কাপে ফিফটি করেছিলেন পর পর তিন ম্যাচে। ফাইনালে পাকিস্তানের বিপক্ষেও ফিফটি করার পর পরপর চারটি আঙুল দেখিয়ে উদ্যাপন করেছিলেন তামিম। তাঁর কাছে এটি শুধু ছবি নয়, প্রেরণার বিরাট উৎসও, ‘ছবিটা আমার স্ত্রীর খুব পছন্দ। এটা আমার কাছেও বিশেষ কিছু। টেংকু ভাই (প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হক) বিয়েতে উপহার দিয়েছিলেন। যখন একটু ছন্দ হারিয়ে যায়, ছবিটা আমাকে খুব অনুপ্রাণিত করে।’
তামিমের এ ছবিটি নিয়ে পড়ার কারণটা নিশ্চয়ই ধরতে পারছেন। দুয়ারে আরেকটি এশিয়া কাপ। তিনটি এশিয়া কাপে খেলা তামিমের ব্যাট হেসেছে নিয়মিতই। ১২ ম্যাচে ৪৩.০৮ গড়ে তাঁর রান ৫১৭, বাংলাদেশ দলের হয়ে যেটি সর্বোচ্চ। কী আশ্চর্য, ২০১২ এশিয়া কাপের ওই ফাইনালটাই কিনা এশিয়া কাপে এখন পর্যন্ত তামিমের শেষ ম্যাচ! গত এশিয়া কাপে তাঁকে খেলতে দেয়নি ঘাড়ের চোট। এবার অন্য কারণ। টুর্নামেন্টের সময় সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকবেন বলে খেলা হচ্ছে না তাঁর। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষে দেশে ফিরেছেন গতকাল, স্ত্রীর পাশে থাকতে আগামীকালই সকালেই তাঁর উড়াল দেওয়ার কথা ব্যাংককে।
২০১৫ বিশ্বকাপের পর থেকেই ক্রিকেটের সব সংস্করণেই দারুণ ফর্মে রয়েছেন তামিম। নভেম্বর-ডিসেম্বরে বিপিএলটা ভালো গেছে। পিএসএলে তো খুবই ভালো খেললেন—৬ ম্যাচে ৬৬.৭৫ গড়ে করেছেন ২৬৭ রান। এমন ফর্মে থেকেও তাঁকে দূর দেশে বসে দেখতে হবে বাংলাদেশের খেলা!
এশিয়া কাপে ছুটি চাইতে গিয়ে মনের সঙ্গে একরকম যুঝতেই হয়েছে তাঁকে, ‘এশিয়া কাপ খেলাটা আমার কাছে বিরাট কিছু। দেশের হয়ে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত নিতে অনেক ভাবতে হয়েছে। একরকম বাধ্যই হয়েছি এমন সিদ্ধান্ত নিতে। ১ শতাংশ সুযোগ থাকলেও খেলতাম। আসলে জীবনে তো এ ধরনের ঘটনা সব সময় ঘটবে না। আল্লাহ না করুন, যদি কিছু ঘটে যায়, আর আমি যদি পাশে না থাকতে পারি, নিজেকে ক্ষমা করতে পারব না।’
খেলতে পারছেন না, তামিমের জন্য এটি খুব কষ্টের ব্যাপার। কিন্তু এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানসংগ্রাহক সামনে তো খেলবেনই। তবে আবদুর রাজ্জাকের এবারের এশিয়া কাপ এসেছে দীর্ঘশ্বাস হয়েই। এশিয়া কাপে ১৮ ম্যাচে নিয়েছেন ২২ উইকেট, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি। রেকর্ডের কথা মনে করিয়ে দিতেই কেমন একটা হাহাকার যেন ঘিরে ধরল বাঁহাতি স্পিনারকে, ‘এখন আসলে এসব পরিসংখ্যান নিয়ে ভালো লাগাটা সেভাবে কাজ করে না। মনে হয়, এটা কোনো আগের কথা!’
অনেক দিন ধরেই দলের বাইরে রাজ্জাক। ২০১৪ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সর্বশেষ খেলেছেন বাংলাদেশের হয়ে। আবার কবে সুযোগ মিলবে কিংবা আদৌ মিলবে কি না, সেটি জানেন না। তবে হাল ছাড়ছেন না বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটশিকারি, ‘আশা তো আছেই। যখন ক্রিকেট একেবারে ছেড়ে দেব, তখন আর এ নিয়ে ভাবব না। তবে যত দিন খেলছি, আশা তো করবই। দলে খেলা না-খেলা অন্যদের হাতে। কিন্তু আমার ভাবতে নিশ্চয়ই সমস্যা নেই।’
দুজনের প্রেক্ষাপট ভিন্ন হলেও একটি জায়গা মিলে যাচ্ছেন তামিম-রাজ্জাক। এশিয়া কাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারি এই প্রথম একসঙ্গে দলে নেই!