
লোকে তাঁকে বলে ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটসম্যান। যেকোনো বল মাঠের প্রায় যেকোনো প্রান্তে পাঠাতে পারেন। ক্রিকেট বইয়ের সব শট খেলতে পারেন। আবার এমন সব শট খেলেন, ক্রিকেট বইও সেসবের নাম খুঁজে ফেরে! উদ্ভাবনী সব শটও নতুন মাত্রা পায় তাঁর ব্যাটিংয়ের অভিনবত্বে। ৩১ বলে সেঞ্চুরি করেন। আবার ২২৮ বলে ৪৩, ২২০ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। অন্যরা যা কল্পনাও করতে পারেন না, তিনি করে দেখান তুড়ি বাজিয়ে। সম্ভবত বিশ্বের সেরা ফিল্ডারও তিনি। কিপিং গ্লাভস হাতে দাঁড়ালে দুর্দান্ত। রানিং বিটুইন দ্য উইকেটে দ্রুততম। দলের প্রয়োজনে বল হাতে নিয়ে বিশ্বকাপে এবার উইকেটও নিয়েছেন চারটি। এমন কিছু কি আছে, আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স যা করতে পারেন না!
বিস্ময়মাখা এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে হয়তো একটিই—কুমার সাঙ্গাকারা!
দ্রুততম ওয়ানডে ফিফটি, সেঞ্চুরি ও দেড় শ রানের রেকর্ড ডি ভিলিয়ার্সের। দ্রুততম ৭ হাজার রানের রেকর্ডও। আছে আরও বেশ কিছু রেকর্ড। কিন্তু নেই টানা চার ওয়ানডেতে সেঞ্চুরি! সাঙ্গাকারা আজ ডি ভিলিয়ার্সদের বিপক্ষেই নামবেন টানা চার সেঞ্চুরিকে টানা পাঁচে নিয়ে যেতে!
ডি ভিলিয়ার্সও অবশ্য কম যান না। চারটি না হলেও ওয়ানডেতে টানা তিন সেঞ্চুরি আছে তাঁর। ধারাবাহিকতার বিস্ময়ে সাঙ্গাকারা এখন এই বিশ্বকাপের রানের চূড়ায় (৪৯৬)। ডি ভিলিয়ার্সও খুব পিছিয়ে নেই, ৪১৭ রান নিয়ে তিনে! সাঙ্গার গড় ১২৪, ডি ভিলিয়ার্সের স্ট্রাইক রেট ১৪৪! অমন গড়ের পাশে সাঙ্গার স্ট্রাইক রেটও চোখধাধাঁনো, ১১৯। ওই স্ট্রাইক রেটের পাশে ডি ভিলিয়ার্সের গড়ও তো কম নয়, ৮৩! দুজনের ব্যাটিংকে সবচেয়ে ভালো বোঝাবে বুঝি আরেকটি তথ্য। রেকর্ড ২০টি ছক্কা মেরেছেন এবার ডি ভিলিয়ার্স, আর সাঙ্গার ৫৪ চার এখন পর্যন্ত এই বিশ্বকাপের সর্বোচ্চ! ডি ভিলিয়ার্সের ব্যাটিং যদি হয় সীমা ছাড়ানোর দুঃসাহস, সাঙ্গার ব্যাটিং তবে সীমার সেরা ব্যবহারের প্রফুল্লতা, উৎকর্ষ।
ব্যাটিংয়ের ধরনে দুজন দুই প্রান্তে, তবে সাফল্য-কার্যকারিতায় প্রায় এক বিন্দুতে। সময়ের সেরা দুই ব্যাটসম্যান দুজন। র্যাঙ্কিং দেখুন। টেস্টে এক নম্বর সাঙ্গা, দুইয়ে ডি ভিলিয়ার্স। ব্যবধান ১ পয়েন্ট! ওয়ানডেতে আবার শীর্ষে ডি ভিলিয়ার্স, দুইয়ে সাঙ্গা। আরও মিল খুঁজতে চান দুজনের? ক্রিকেটের পাশাপাশি লন টেনিস খুব ভালো খেলতেন সাঙ্গা। একসময় পেশাদার টেনিস খেলোয়াড়ও হতে চেয়েছিলেন। দারুণ ছিলেন টেবিল টেনিস, ব্যাডমিন্টনেও। ডি ভিলিয়ার্সও বয়সভিত্তিক পর্যায়ে দক্ষিণ আফ্রিকার শীর্ষ দুই টেনিস খেলোয়াড়ের একজন ছিলেন। ১৫-১৬ বছর বয়স পর্যন্তও ক্রিকেটের মতোই ভালো ছিলেন গলফে। স্কুলে তাঁর সুইমিং রেকর্ড বেশ কয়েকটা টিকে আছে এখনো। হকি এবং রাগবিতেও ছিলেন দুর্দান্ত!
২০১০ সালে একটি গানের অ্যালবাম বের করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। একসময়ের আইনের ছাত্র সাঙ্গাকারা জবাবে খুলে দিতে পারেন সব বিষয়ে তাঁর পড়াশোনা আর জ্ঞানের ভান্ডার। অসাধারণ তাঁর বাগ্মিতা। একমাত্র সমসাময়িক ক্রিকেটার হিসেবে ‘এমসিসি স্পিরিট অব ক্রিকেট’ কাউড্রে বক্তৃতার জন্য মনোনীত হয়েছিলেন ২০১১ সালে। তুমুল প্রশংসিত হয়েছিল সেই বক্তৃতা। দুজনের সবচেয়ে বড় মিলের জায়গাটা অবশ্য ক্রিকেটের বাইরে। ক্রিকেটে দুজনই প্রায় ‘সুপারম্যান’, কিন্তু ব্যক্তিগত জীবনে একদমই মাটির মানুষ। দুজনই ভীষণ রকম বিনয়ী, আকাশ ছুঁয়েও পা মাটিতে। ভালো ক্রিকেটারের চেয়েও বেশি ভালো মানুষ!
আজ সিডনিতে অবশ্য হিসাব-নিকাশ একটিই। সাঙ্গার চাওয়া ক্যারিয়ার অন্তত আরেকটি ম্যাচ দীর্ঘ করা। ডি ভিলিয়ার্সের চাওয়া, ইতিহাসের দায় মেটানোর পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া।
যেটিই হোক, বিশ্বকাপের আকাশ থেকে আজ হারিয়ে যাবে একটি ধ্রুবতারা!