তাঁরা নেই, এক টেলরই অনেক

>বাংলাদেশের বিপক্ষে বরাবরই জিম্বাবুয়ের নির্দিষ্ট কিছু খেলোয়াড় নিঃসঙ্গ লড়াই চালিয়ে গেছেন। দলে অনেকে থাকলেও উজ্জ্বল হয়ে থাকতেন শুধু একজন। ব্রেন্ডন টেলরের কাজটা এবার সে তুলনায় আরও কঠিন
অ্যান্ডি ফ্লাওয়ার, গ্রান্ট ফ্লাওয়ার, অ্যালিস্টার ক্যাম্পবেল, নিল জনসন, হিথ স্ট্রিক...। মারে গুডউইন, স্টুয়ার্ট কার্লাইল, অ্যান্ডি ব্লিগনটদের নামও থাকবে। বাংলাদেশের হামাগুড়ি দেওয়ার সময়ে পরিচিত সব নাম। সে সময় কেনিয়ার বাইরে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রায় ‘একমাত্র’ প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। দেশের ক্রিকেটপ্রেমীদের মুখে লেগে থাকত তাদের নাম। এখন হ্যামিল্টন মাসাকাদজা, শন উইলিয়ামস, ব্রেন্ডন টেলদের সময়।
ভুল হলো। মাসাকাদজা অবসর নিয়েছেন চার মাস আগে। নেই উইলিয়ামসও। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বাঁহাতি অলরাউন্ডার থাকছেন না টেস্টে। আছেন শুধু টেলর। মাসাকাদজা-উইলিয়ামসদের নাম তাঁর সঙ্গে উঠে আসার কারণ স্মৃতির ‘পরম্পরা’ বজায় রাখার ধারা। একসময় বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের সিরিজ মানেই আলোচনায় থাকতেন মাসাকাদজাদের পূর্বসূরিরা। ফ্লাওয়ার ভাই থেকে স্ট্রিকদের প্রস্থানের পর উঠে এলেন মাসাকাদজা-টেলর-উইলিয়ামসরা। বহুদিন ধরেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ মানেই আলোচনায় এ তিন ক্রিকেটার। এবার ছেদ পড়ছে সে ধারায়।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডও মাসাকাদজা-টেলরের (১০ ম্যাচ)। কাল মিরপুর টেস্টে মাসাকাদজাকে পেছনে ফেলবেন টেলর। জিম্বাবুয়ের এই দলে সিকান্দার রাজা, মারুমারা থাকলেও টেলরই সবচেয়ে বড় মাথাব্যথা। মাসাকাদজা-পর্ব তো আগেই চুকেছে। বাংলাদেশে পা রেখে বিমানবন্দরেই উইলিয়ামসকে না পাওয়ার আক্ষেপ ঝরিয়েছেন টেলর। ব্যাটিংয়ে অভিজ্ঞতার নিরিখে এই টেলর যেন জিম্বাবুয়ের ‘নিঃসঙ্গ শেরপা’।
টেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বৈরথে সবচেয়ে বেশি রান এই টেলরের (১০৩৯)। সবচেয়ে ভালো ব্যাটিং গড় (৬৪.৯৩), সবচেয়ে বেশি সেঞ্চুরিও (৫) তাঁর। অভিজ্ঞতার ফারাক একবার দেখুন—টেলরের পর দ্বিতীয় সর্বোচ্চ রান মাসাকাদজার। জিম্বাবুয়ের বর্তমান দলের কেউ রান তোলায় শীর্ষ দশে নেই। বাংলাদেশ থেকে মুশফিকুর রহিম (৬৪৩) ও মুমিনুল হক (৫৫৫)। এই জিম্বাবুয়ে দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান রেগিস চাকাভা ১১তম (৪১১ রান)। আলোচিত সিকান্দার রাজা ১৫তম।
উইলিয়ামস বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলেছেন মাত্র দুটি। দুই বছর আগে সিলেটে ও ঢাকায়। সংক্ষিপ্ত সংস্করণে (২৬ ওয়ানডে ও ৩৮ টি-টোয়েন্টি) বেশি ম্যাচ খেলায় তাঁর নামটা উঠে আসে। বোঝাই যাচ্ছে, টেস্ট অভিজ্ঞতায় এই জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ বাংলাদেশের চেয়ে পিছিয়ে। জিম্বাবুয়ের এই দল মিলে যত টেস্ট (১১৭) খেলেছে, তামিম-মুশফিক মিলে খেলেছেন তার চেয়ে বেশি (১২৮)। আর তাই টেলরের ৩০ টেস্টের অভিজ্ঞতা ক্রেগ আরভিনের দলের মধ্যে সর্বোচ্চ ও মহামূল্য।
উইকেট নেওয়াতেও ত্রাহি দশা। না, বর্তমান দলটিকে খাটো করে নয়, পরিসংখ্যানের বিচারে এ কথা। ৫ টেস্টে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ২৪ উইকেট নেওয়া কাইল জার্ভিস নেই এই দলে। সিকান্দার রাজা এই দলের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি (৫ টেস্ট ১২)। ওদিকে দুই দল মিলিয়ে সর্বোচ্চ উইকেট নেওয়া তাইজুল ইসলামকে (৫ টেস্টে ৩৫) পাচ্ছে বাংলাদেশ। আর সিকান্দার ‘অলরাউন্ডার’ হয়ে উঠেছেন হাল আমলে।
টেলর ব্যাটসম্যান হলেও বোলারদের এমন পরিস্থিতিতে তাঁকেই এগিয়ে আসতে হবে অভিজ্ঞতার ঝুলি নিয়ে। আরভিন অধিনায়ক হতে পারেন, কিন্তু এই বাংলাদেশ দলকে হাতের তালুর মতো চেনা টেলরের। তিনি নিজে অনভিজ্ঞ থাকতে সাহায্য পেয়েছেন ফ্লাওয়ার-স্ট্রিকদের কাছ থেকে। এখন দুই সমসাময়িক মাসাকাদজা-উইলিয়ামস না থাকায় দায়িত্বটা তাঁর ওপরই বর্তায়।
কাল টেলর যখন ‘নিঃসঙ্গ শেরপা’র মতো এসব দায়িত্ব পালন করবেন তখন গ্যালারির ক্রিকেটপ্রেমীদের নিশ্চয়ই মনে পড়বে সেই ধারাটা, ফ্লাওয়ার, ক্যাম্পবেল, জনসন, স্ট্রিক, টাইবু, মাসাকাদজা, টেলর, উইলিয়ামস...
নামগুলো কেমন আপন আপন লাগে!