তাঁরা যা বলছেন

মাইকেল হোল্ডিং
আমি জানি না ডব্লুআইপিএ, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কিংবা খেলোয়াড়দের ভবিষ্যৎ কী, এ রকম কিছু তো আমি জীবনে দেখিনি। বোর্ড কেন এমন অবস্থান নিল সেটা আমি বুঝতে পারছি না। সমস্যা সমাধানের বদলে ডব্লুআইসিবি সিদ্ধান্ত নিল স্টাম্প, ব্যাট, বল কেড়ে নিয়ে খেলোয়াড়দের ফিরিয়ে আনার। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়েরা সিরিজ বাতিল করেছে এটা বলা মোটেও ঠিক হচ্ছে না। বলা উচিত, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সিরিজ বাতিল করেছে। এটা উদ্ভট সিদ্ধান্ত এবং আমি দেখতে পাচ্ছি, এর ফলটাও মারাত্মক হবে। বিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তি দেখেই বোঝা যাচ্ছে, ওরা এর ক্ষতিপূরণ চাইবে। আমি জানি না সেটা ডব্লুআইসিবি কীভাবে দেবে। কীভাবে যে এর সমাধান হবে সেটা আমি বুঝতে পারছি না। এই পরিস্থিতি খুবই হাস্যকর এবং এ থেকেই বোঝা যায় ডব্লুআইসিবিতে যথাযথ ব্যবস্থাপনার অভাব রয়েছে।

আমি খুবই হতাশ যে ব্যাপারটা এতদূর পর্যন্ত গড়াল। এর বদলে দুই পক্ষই যদি আগে আলোচনার চেষ্টা করত, আমি খুশি হতাম। আমি শুনেছিলাম যে খেলোয়াড়েরা ধর্মঘট করতে পারে, দেশে ফিরে আসতে পারে। তবে আমার কাছে খুব বেশি তথ্য ছিল না। আমার কাছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য এটা আরেকটা দুঃখের দিন। এভাবে সবার সামনে নিজেদের নোংরামিটা প্রকাশ না করলেও হতো। এই ব্যাপারটা তো আরও ভালোভাবে সামলানো যেত। যদি প্রথমে উদ্যোগ নেওয়ার পর কোনো সমাধান না হয়, তাহলেই পরবর্তী অবস্থান নেওয়া যায়। কিন্তু শুরুতেই যদি আপনি ধর্মঘট করতে চান, সেটা তো ঠিক নয়। বোর্ডের সঙ্গে আমাদের সবারই কমবেশি দ্বন্দ্ব ছিল। ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েড থেকে শুরু করে আমাদের সবার। একবার আমাদের দল তো ইংল্যান্ডেই যায়নি। কিন্তু ওই সময়টা আমরা সবাই পেরিয়ে এসেছি। এখন সবারই উচিত প্রথমে সমাধানের চেষ্টা করে দেখা।