তাঁরাই এখন কোটিপতি

স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু সবার স্বপ্ন সত্যি হয় না, কারও কারও হয়। কারও সঙ্গে ভাগ্য থাকে, কেউ সঙ্গী করেন পরিশ্রমকে। আবার এমন কিছু স্বপ্ন থাকে, ভাগ্য কিংবা পরিশ্রম সবকিছু মিলিয়েও সেটা সত্যি হওয়ার পর মনে হয়, এ-ও কি সম্ভব! থাঙ্গারাসু নটরাজন কিংবা মোহাম্মদ সিরাজের কথাই ধরুন না। এবারের আইপিএল নিলামটা যে তাঁদের জীবনে এমন স্বপ্নপূরণের মঞ্চ হয়ে আসবে, তাঁরাও কি ভেবেছিলেন?
১০ লাখ রুপির ভিত্তিমূল্য যখন হু হু করে বেড়ে যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে কী মনে হচ্ছিল থাঙ্গারাসু নটরাজনের? বাবা ছিলেন রেলওয়ের কুলি, মা রাস্তার পাশের দোকানি। স্বল্প আয়ে খুব কষ্ট করে বেড়ে ওঠা নটরাজনকে যখন কিংস ইলেভেন পাঞ্জাব তিন কোটি রুপিতে নিয়ে নিল, ব্যাপারটিকে তখন অলীক কিছু মনে হতেই পারে এই বাঁহাতি পেস বোলারের! বোলিংয়ের ধরনের জন্য যিনি এরই মধ্যে পরিচিতি পেয়েছেন তামিলনাড়ুর ‘মোস্তাফিজুর রহমান’ হিসেবে। তাঁরও সেরা অস্ত্র কাটার!
আবার যে ক্রিকেট খেলে মোহাম্মদ সিরাজের জীবনে প্রথম আয় ছিল ৫০০ রুপি, সেই ক্রিকেটই তাঁকে একসময় ২ কোটি ৬০ লাখ রুপির খেলোয়াড় বানিয়ে দেবে, সেটাই কি তিনি ভেবেছিলেন? বাবা মোহাম্মদ গাউস অটোরিকশাচালক। নিজে কষ্ট করে গেছেন, কিন্তু কখনো ছেলেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছাড়তে বলেননি। সেই ছেলেই এবার পরিবারের সবার মুখে হাসি এনে দিলেন।
সানরাইজার্স হায়দরাবাদ সিরাজকে এমনি এমনি এত টাকা দিয়ে দলে টানেনি। হায়দরাবাদে অনূর্ধ্ব-২২ টুর্নামেন্টে খেলেছেন। এরপর সৈয়দ মুশতাক আলী ট্রফি, বিজয় হাজারে ট্রফি। ২২ বছর বয়সী এ ডান হাতি পেসার ৪১ উইকেট নিয়ে হায়দরাবাদের হয়ে এবার রঞ্জি ট্রফির তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। কয়েক দিন আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ‘এ’ দলের প্রস্তুতি ম্যাচের দলেও ছিলেন। আইপিএল নিলামে জায়গা পাওয়ায় আগ্রহ ছিল, কিন্তু অতটা আশাবাদী ছিলেন না। কিন্তু নাম উঠতেই টাকার অঙ্কটা যেভাবে হু হু করে বেড়ে যেতে লাগল, সিরাজ ভাবছিলেন, স্বপ্ন দেখছেন না তো! প্রায় আড়াই কোটি রুপি, সেটাও মাত্র দুই মাস ক্রিকেট খেলেই মিলবে! কী করবেন এই টাকা দিয়ে সেটাও ঠিক করে ফেলেছেন সিরাজ, ‘আমার বাবা-মা অনেক কষ্ট করেছেন। বাবা সারাটা দিন অটো চালিয়ে, হাড়ভাঙা পরিশ্রম করেও আমাকে অনুপ্রাণিত করতে ভোলেননি। আমার যখন যা লেগেছে, তিনি এনে দিয়েছেন। স্পাইকযুক্ত জুতার অনেক দাম। কিন্তু বাবা আমার জন্য সবচেয়ে ভালো জুতাই এনে দিয়েছেন। ওঁদের জন্য হায়দরাবাদে একটা বাড়ি করে দিতে চাই।’
প্রায় একই রকম গল্প নটরাজনের। নিজের এলাকায় টেপ টেনিস ক্রিকেটে হাতেখড়ি, চেন্নাইয়ে এসে জনপ্রিয় ক্লাব জলি রোভার্সে সুযোগ পেলেন। সেটিও তাঁর কাছে স্বপ্নের মতোই ব্যাপার। এ ক্লাব থেকেই উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন কিংবা মুরালি কার্তিকদের মতো ক্রিকেটাররা। রোভার্সে খেলেই সুযোগ পেয়ে গেলেন তামিলনাড়ুর জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ টিএনপিএলের দল দিনদিগাল ড্রাগনসে। টিএনপিএলই নটরাজনকে দেখিয়ে দিয়েছে আইপিএলে যাওয়ার পথ। সেই পথে হেঁটে এত দূর আসবেন, এটা যেন নটরাজনের কাছে স্বপ্নের চেয়ে বেশি, ‘আমি টিএনপিএলে খেলার কথাই কোনো দিন ভাবিনি। আইপিএল তো অনেক পরের কথা।’ পিটিআই।