তাঁরাও আছেন তালিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন নাকি? প্রশ্নটা শুনে খালেদ মাসুদ ও মেহরাব হোসেন (অপি) দুজনই হাসলেন। প্রিমিয়ার লিগে বিভিন্ন শ্রেণির ২০৭ খেলোয়াড়ের তালিকা দিয়েছে বিসিবি। এর মধ্যে ‘সি’ শ্রেণিতে রয়েছেন মাসুদ-মেহরাব। তাঁদের সঙ্গে আছে আফতাব আহমেদেরও নাম।
তিনজনই খেলোয়াড়ি জীবন পেছনে ফেলে এসেছেন বেশ আগে। মাসুদ অবসর নিয়েছেন পাঁচ বছর আগে। মেহরাবও মাঠে নিয়মিত নন অনেক দিন। আফতাব ব্যাট-প্যাড তুলে রেখেছেন সেই কবে, এখন চট্টগ্রামে নিজের একাডেমি নিয়ে ব্যস্ত। তবু কেন তাঁদের রাখা হয়েছে তালিকায়? বিষয়টির ব্যাখ্যা দিলেন সিসিডিএম-প্রধান গাজী গোলাম মোর্তজা, ‘গত লিগে যারা খেলেছিল, তাদের সবাইকে রেখেছি। তা ছাড়া কোনো খেলোয়াড়ই আনুষ্ঠানিকভাবে সিসিডিএমকে জানায়নি যে তারা আর খেলবে না কিংবা অবসর নিয়েছে। লিগে খেলোয়াড়েরা খেলবে কি খেলবে না, এ স্বাধীনতা তাদের।’
২০১৪-১৫ মৌসুমে মোহামেডানের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন মেহরাব, করেছিলেন ৩ রান। ব্রাদার্স ইউনিয়নের হয়ে আফতাব ৪ ম্যাচে করেছিলেন ৪৯ রান। তবে মাসুদের ব্যাপারটি ব্যতিক্রম। তিনি ছিলেন কলাবাগান ক্রিকেট একাডেমির কোচ। কিন্তু একাদশে সাজাতে ঝামেলা হওয়ায় ২০১১ সালের পর আবার ব্যাট-প্যাড নিয়ে নেমে পড়েছিলেন মাঠে। তাঁর মরচে পড়া ব্যাট অবশ্য ঝলসায়নি মোটেও, ৪ ম্যাচে করেছিলেন ৬ রান।
তালিকায় নাম থাকলেও এবার খেলার কোনো ইচ্ছেই নেই ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের কোচের দায়িত্ব পালন করা মাসুদের, ‘গত মৌসুমে নিবন্ধিত খেলোয়াড় ছিলাম বলেই হয়তো এবারও নাম রাখা হয়েছে। খেলা ছাড়ার ব্যাপারে এখনো সিসিডিএমকে চিঠি দিয়ে কিছু জানাইনি। কাকে চিঠি দেব, সেটাও বুঝতে পারছি না।’
এবার কোন দলের সঙ্গে যুক্ত থাকছেন, সেটি অবশ্য পরিষ্কার করতে চাইলেন না মাসুদ। মেহরাবেরও কোনো ইচ্ছে নেই মাঠে নামার। কিশোরগঞ্জ ক্রিকেট একাডেমির প্রধান কোচ হিসেবে যুক্ত আছেন ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরিয়ান। আপাতত সেটি নিয়েই থাকতে চান তিনি।