তাই বলে অ্যামব্রোসও!
জিওফ বয়কট বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়েরা না পারেন ব্যাট করতে, না পারেন বল করতে। মাইকেল ভনের আশঙ্কা, টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক সিরিজগুলোর একটি হতে পারে এটি। এজবাস্টনে তিন দিনের মধ্যে ইংল্যান্ডের কাছে দলের ইনিংস ব্যবধানে হার হতাশ করেছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার কার্টলি অ্যামব্রোসকেও। উত্তরসূরিদের পারফরম্যান্সকে বলেছেন ‘দুঃখজনক’ আর ‘বেদনাদায়ক’।
বয়কট-ভনরা যা মনে হয়েছে বলেছেন। তাই বলে অ্যামব্রোসও! এটা মেনে নিতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের কোচ স্টুয়ার্ট ল। অ্যামব্রোসের সমালোচনায় লয়ের প্রতিক্রিয়ার অন্য ব্যাখ্যা করতে পারেন অনেকে। হেডিংলিতে সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হচ্ছে আজ থেকে। ২০০০ সালে এই মাঠেই ইংল্যান্ডের কাছে দুই দিনে টেস্ট হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই দলে অ্যামব্রোসও ছিলেন। ল কি এই কারণেই বলেছেন, অ্যামব্রোসের দলকে এভাবে সমালোচনা করা মানায় না!
ল সেই প্রসঙ্গ টানেননি, তাঁর দুঃখ অন্য জায়গায়, ‘খুব বেশি দিন আগের কথা নয় তিনি দলটির কোচ ছিলেন। তিনি যদি ড্রেসিংরুমে এসে ছেলেদের সঙ্গে কথা বলতেন সেটাই ভালো হতো। নিজের প্রতিক্রিয়াটা আমাদের সরাসরি জানিয়ে যেতে পারতেন।’ এএফপি।