তাই বলে কোহলি 'লিটল মাস্টার'!

মুম্বাই টেস্ট শেষ হওয়ার আগেই বিরাট কোহলিকে নিয়ে বিরাট-বন্দনা শুরু হয়ে গেছে। তবে প্রশংসা করতে গিয়ে ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যান ভারতের ক্রিকেট মহলে হয়ে উঠেছেন হাস্যরসের পাত্র। কোহলিকে ‘নতুন লিটল মাস্টার’ বিশেষণ দিয়েছেন মরগ্যান। উচ্চতা যাঁর ৫ ফুট ৯ ইঞ্চি, তিনি আবার ‘লিটল মাস্টার’ কী করে হন! মরগ্যানের দিকে উল্টো এই প্রশ্ন ছুটে যাচ্ছে।
ক্রিকেটের প্রথম লিটল মাস্টার হানিফ মোহাম্মদ। পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটসম্যানের উচ্চতা ছিল ৫ ফুট ৭ ইঞ্চি। ভারতের প্রথম লিটল মাস্টার সুনীল গাভাস্কার ছিলেন ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার। গাভাস্কারের সমান উচ্চতা নিয়ে ২৪ বছর ক্রিকেট বিশ্ব শাসন করে যাওয়া শচীন টেন্ডুলকার ক্রিকেটের সর্বশেষ লিটল মাস্টার। টেন্ডুলকারের কীর্তি থেকে কোটি এখনো অনেক দূরে। তবে অনেকেই কোহলির মধ্যে দেখছেন কিংবদন্তি টেন্ডুলকারের ছায়া। কিন্তু কোহলিকে ‘নতুন টেন্ডুলকার’ বলা গেলেও ‘নতুন লিটল মাস্টার’ বলা বোধ হয় ব্যাকরণ মানে না। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার একজন ‘লিটল’ হন কী করে! এ নিয়েই চলছে হাসাহাসি।
মুম্বাইয়ে টেস্ট ক্যারিয়ারের পঞ্চদশ সেঞ্চুরি করে ইংল্যান্ডের বিপক্ষে ভারতকে প্রথম ইনিংসে লিড এনে দিয়েছেন অধিনায়ক কোহলি। এই পথে কোহলি গড়েছেন বেশ কয়েকটি কীর্তি। চতুর্থ দিন ডাবল সেঞ্চুরি করে আউট হন কোহলি। তবে এর আগেই তাকে প্রশংসায় ভাসান ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগের সঙ্গে টুইট ‘যুদ্ধ’ করে ভারতে বেশ পরিচিত হয়ে ওঠা মরগ্যান।
মুম্বাইয়ে সেঞ্চুরি করার পথে ২০১১ সালে রাহুল দ্রাবিড়ের পর প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এক বর্ষপঞ্জিতে ১ হাজার রান পূর্ণ করেন কোহলি। টেন্ডুলকার (১৯৯৭) ও দ্রাবিড়ের (২০০৬) পর ভারতের প্রথম অধিনায়ক হিসেবে এক বছরে ১ হাজারের বেশি রান করলেন। গাভাস্কারের পর ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে করলেন এক সিরিজে পাঁচ শর বেশি রান। এই পথে টেস্টে ৪ হাজার রানের মাইলফলকও স্পর্শ করে কোহলি। এই মাইলফলক ছোঁয়া বিশ্বের চতুর্দশ আর ভারতের ষষ্ঠ দ্রুততম ক্রিকেটার তিনি।
বেচারা মরগ্যান! এত এত কীর্তি গড়া কোহলিকে হৃদয় থেকেই হয়তো প্রশংসা করেছিলেন। সেটাও কিনা বুমেরাং হয়ে বিদ্ধ করছে তাঁকে। অবশ্য তিনি বলতে পারেন, ‘ভায়া, আমরা ইউরোপীয়রা ছয় ফুটি না হলে তাদের লিটলই ভাবি।’ সূত্র: জি নিউজ।