
দুই অভিষিক্ত বোলার শুভাগত হোম ও তাইজুল ইসলাম বাংলাদেশের বোলারদের কিছুটা হলেও ‘মান’ রাখলেন। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের রানের চাকা থামাতে অধিনায়ক মুশফিকুর রহিম পাঁচজন বোলার আক্রমণে আনলেও সফল এই দুজন।
সেন্ট ভিনসেন্ট টেস্টে দিনের শুরুতে টসে জিতে গেইলদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আর সে সুযোগটা ভালোই কাজে লাগাল ক্রেগ ব্রাফেট ও ক্রিস গেইল। তারা দুজনের প্রথম উইকেটে তোলেন ১১৬ রান।
শুভাগত আর সোহাগ গাজীর মধ্যে কি অদ্ভুত এক মিল! বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠায় ক্যারিবীয় সফরের মাঝপথেই দেশে ফিরেছেন সোহাগ। এতে টেস্ট দলে সুযোগ পান শুভাগত হোম। আর অভিষেকেই তুলে নেন ক্রিস গেইলের উইকেটটি। ঠিক দুই বছর আগে টেস্ট অভিষেকে সোহাগের প্রথম উইকেটটি ছিল গেইল!
গেইলকে ৬৪ রানেই ফিরিয়েছেন শুভাগত। অবশ্য বাঁহাতি ওপেনারকে আউট করতে রিভিউ নিতে হয়েছে বাংলাদেশকে। টিভি রিপ্লেতে দেখা গিয়েছে গেইল পরিষ্কার এলবিডব্লিউ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেটটি নিয়েছেন আরেক অভিষিক্ত স্পিনার তাইজুল। কার্ক এডওয়ার্ডসকে ১০ রানে ফিরিয়েছেন তাইজুল। এরপর ড্যারেন ব্রাভোকে নিয়ে ব্রাফেট তৃতীয় উইকেট জুটিতে তোলেন ১২৮ রান। ব্রাভোকে ৬২ রানে ফিরিয়ে এই জুটি ভেঙে নিজের দ্বিতীয় উইকেট নেন তাইজুল। পরে অভিজ্ঞ শিবনারায়ণ চন্দরপল ও ব্রাফেট বাকি সময়টা কাটিয়ে দেন। তবে বৃষ্টির কারণে ৮৭ ওভারেই দিনের খেলা শেষ হয়ে যায়। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করে ১২৩ রানে অপরাজিত ব্রাফেট।
৩ উইকেটে ২৬৪ রান তুলে প্রথম দিনটা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। উইকেট ও রানের হিসেবে প্রথম টেস্টের প্রথম দিনটি ব্রাফেট আর তাইজুলের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্ট টেস্টে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মুশফিকুর রহিম। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত অবশ্য অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেননি বাংলাদেশের বোলাররা। দুই ওপেনার ক্রিস গেইল ও ক্রেগ ব্রাফেটের সাবলীল ব্যাটিংয়ে ওই সেশনে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১০৩।
১৮ ওভারের শেষ বলে অল্পের জন্য রানআউট থেকে বেঁচে যান গেইল। অবশ্য টিভি রিপ্লেতে দেখার পরও আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থাকতে পারে। এরপর ২২তম ওভারে বোলার রুবেল হোসেনের হাতেই ক্যাচ তুলে দিয়েছিলেন গেইল। রুবেল সেটি তালুবন্দী করতে পারেননি।