তাইজুল-খালেদেই যা প্রাপ্তি বাংলাদেশের

প্রথম দিনে সবচেয়ে সফল তাইজুলছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোর্ট এলিজাবেথে রোদ-ছায়ার খেলা চলল সারা বিকেল। নেমেছিল বৃষ্টিও, ২৫ মিনিট তাতে বন্ধ ছিল খেলা। শেষবেলায় জ্বলল ফ্লাডলাইট। তবে খেলা হলো পুরো ৯০ ওভারই। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা দাপট দেখাতে চেয়েছেন, তবে তাইজুল ইসলাম ও খালেদ আহমেদের কারণে দিনটা পুরোপুরি নিজেদের করে নিতে পারেননি তাঁরা। প্রথম দিন ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তুলেছে ২৭৮ রান।

ডিন এলগার, কিগান পিটারসেন ও টেম্বা বাভুমা—তিনজনই অর্ধশতক পেলেও শতক পর্যন্ত যেতে পারেননি। ২৪ বলে ১০ রান করা কাইল ভেরেইনার সঙ্গে অপরাজিত আছেন এখনো রান না করা উইয়ান মুল্ডার।

খালেদ পেয়েছেন দুই উইকেট
ছবি: এএফপি

তাইজুল ৩ উইকেট নিয়েছেন ৭৭ রান দিয়ে, খালেদ ২ উইকেট নিতে খরচ করেছেন ৫৯ রান। ইবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ অবশ্য খরুচে ছিলেন। ইবাদত দিয়েছেন ওভারপ্রতি ৪.৬৮ রান, মিরাজ খরচ করেছেন ৩.০৫ হারে।

এ মাঠে প্রথম দিনের গড় স্কোর ৮ উইকেটে ২৭৪ রান। রানের দিক দিয়ে দক্ষিণ আফ্রিকা ‘সন্তুষ্ট’ই থাকবে, উইকেটের দিক দিয়ে বাংলাদেশের পারফরম্যান্স ‘গড়’-এর নিচেই। অবশ্য টসে হেরে চার বোলার নিয়ে নামা বাংলাদেশের শুরুটা যেমন হয়েছিল, তাতে দিন শেষের স্কোরে খুব একটা অসন্তুষ্ট হওয়ার কথা নয় তাদের। প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। মোটামুটি ফ্ল্যাট উইকেটে অবশ্য পরের দুই সেশনে ২টি করে উইকেট নিয়েছে বাংলাদেশ।

রিকেলটন ও বাভুমা-দুজনই ফিরেছেন শেষ বিকেলে
ছবি: এএফপি

শেষ সেশনে প্রথম উইকেট পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ২৭ ওভার। এর মাঝে রায়ান রিকেলটন ও টেম্বা বাভুমা সুযোগ পেলে চড়াও হওয়ার চেষ্টা করেছেন। বাভুমা ও রিকেলটনের জুটি অবশেষে ভেঙেছেন তাইজুল।

তাঁকে রিভার্স সুইপ করতে গিয়েছিলেন রিকেলটন, গ্লাভসে লেগে বল গেছে প্রথম স্লিপে থাকা ইয়াসির আলীর কাছে। বাংলাদেশ অবশ্য উইকেটটি পেয়েছে রিভিউ নিয়ে। বাভুমার সঙ্গে রিকেলটনের চতুর্থ উইকেট জুটিতে উঠেছে ৮৩ রান। দক্ষিণ আফ্রিকার প্রথম ৪ উইকেট জুটিতেই কমপক্ষে ৫০ রান এসেছে, বাংলাদেশের বিপক্ষে এই প্রথম এমন কিছু হলো।

এর আগে রিকেলটনের বিপক্ষেই একটি রিভিউ হারিয়েছিল বাংলাদেশ, মেহেদী হাসান মিরাজের বলে। বল ব্যাটে লাগার আগেই আলট্রা এজে স্পাইক দেখালেও টিভি আম্পায়ারের সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাট পেছনে প্যাডে লাগাতেই হয়েছে শব্দ।

লিটনের চোটে মাঠে নেমেছিলেন নুরুল
ছবি: এএফপি

রিকেলটনের পর আরেকটি উইকেট পেতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। তাইজুল উইকেটটি পেয়েছিলেন পুরোনো বলেই, এরপরই দ্বিতীয় নতুন বল নেয় বাংলাদেশ। খালেদ নিজের দ্বিতীয় উইকেটটি পেয়েছেন তাতেই।

বাড়তি বাউন্সের বলে সামনে আসবেন নাকি পেছনে যাবেন, এমন ধন্দে পড়ে খোঁচা দিয়েছিলেন বাভুমা। প্রথম স্লিপে নিচু হওয়া ক্যাচটা দারুণভাবে নিয়েছেন নাজমুল হোসেন। টিভি আম্পায়ারের কাছে সিদ্ধান্ত গেলেও সমস্যা হয়নি বাংলাদেশের। ভেরেইনা ও মুল্ডারের জুটি অবশ্য ভাঙতে পারেনি বাংলাদেশ। দুজন মিলে খেলেছেন এখন পর্যন্ত ৫.৩ ওভার।

প্রথম দিন শঙ্কা তৈরি হয়েছিল উইকেটকিপার লিটন দাসকে নিয়ে। ৭৪তম ওভারে ফিজিওর সঙ্গে মাঠ ছেড়েছিলেন, তাঁর বদলে নামেন নুরুল হাসান। ৬ ওভার পরই অবশ্য মাঠে ফেরেন লিটন।