
৩১৬ রান করেও জিম্বাবুয়ের কাছে প্রথম ওয়ানডেটা হেরেছিল শ্রীলঙ্কা। গত শুক্রবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ওয়ানডে ফেরার দিনে পাত্তাই পাননি লঙ্কান স্পিনাররা। জিম্বাবুইয়ানরা সেদিন এতটাই চড়াও হয়েছিল আকিলা দনাঞ্জয়া ও আমিলা আপোনসোর ওপর যে, কাল আর ওই দুজনকে একাদশে রাখার সাহস দেখাননি শ্রীলঙ্কার নির্বাচকেরা। সিদ্ধান্তটা কাজে লেগেছে, তাঁদের বদলে দলে নেওয়া দুই স্পিনারই শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ানডেতে এনে দিলেন সহজ জয়।

বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডের পর শুধু বেঞ্চে বসেই সময় কাটানো চায়নাম্যান বোলার লক্ষ্মণ সান্দাকান নিয়েছেন ৪ উইকেট। আর লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিদু হাসারাঙ্গা তো ইতিহাসের মাত্র তৃতীয় বোলার হিসেবে ওয়ানডে অভিষেকেই করে বসলেন হ্যাটট্রিক। এই দুজনের স্পিনে হাঁসফাঁস করে জিম্বাবুয়ে অলআউট মাত্র ১৫৫ রানে। ১০ রানে ২ উইকেট হারালেও ১১৯ বল ও ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যটা টপকে সিরিজে সমতা এনেছে লঙ্কানরা।
১৯ বছর বয়সী হাসারাঙ্গাই ওয়ানডেতে হ্যাটট্রিক পাওয়া প্রথম লেগ স্পিনার। ওয়ানডে ক্যারিয়ারের ১৪, ১৫ ও ১৬তম বলে তিন উইকেট নিয়ে জিম্বাবুয়ের ইনিংসের শেষ টেনেছেন হাসারাঙ্গা। প্রথম দুই ওভারে ১১ রান দেওয়া হাসারাঙ্গাকে ৩৪তম ওভারের প্রথম বলে চার মেরেছিলেন ম্যালকম ওয়ালার, পরের বলে স্লগ করতে গিয়েই বোল্ড। এরপর টানা দুই গুগলিতে তিরিপানো ও চাতারাকে আউট করে হ্যাটট্রিক পেয়ে যান হাসারাঙ্গা।
এর আগে জিম্বাবুইয়ানদের ধসিয়ে দেওয়ার মূল কাজটা করেছেন সান্দাকান। ১১ রানে প্রথম উইকেট হারালেও ক্রেগ আরভিনকে নিয়ে দলকে ৬৭ রানে নিয়ে গিয়েছিলেন ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা। আসেলা গুনারত্নে মাসাকাদজার ফিরতি ক্যাচ নেওয়ার পরের ওভারেই আরভিনকে উইকেটকিপারের ক্যাচ বানান সান্দাকান। সপ্তম ওয়ানডে খেলতে নেমে সান্দাকান টানা ১০ ওভারের স্পেলে পরে আউট করেছেন সিকান্দার রাজা, রায়ান বার্ল ও পিটার মুরকে।
সিরিজের তৃতীয় ওয়ানডে ৬ জুলাই হাম্বানটোটায়। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ৩৩.৪ ওভারে ১৫৫ (মাসাকাদজা ৪১, ওয়ালার ৩৮, আরভিন ২২; সান্দাকান ৪/৫২, হাসারাঙ্গা ৩/১৫)। শ্রীলঙ্কা: ৩০.১ ওভারে ১৫৮/৩ (থারাঙ্গা ৭৫*, ডিকভেলা ৩৫, ম্যাথুস ২৮*; চাতারা ২/৩৩)।
ফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: লক্ষ্মণ সান্দাকান।