তাইজুলের ইতিহাস

আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকেই চমক দেখিয়েছিলেন তাইজুল ইসলাম। ক্যারিবীয়দের বিপক্ষে সেন্ট ভিনসেন্ট টেস্টে পেলেন ৫ উইকেট। টেস্ট অভিষেকে ৫ উইকেট পাওয়া বাংলাদেশি বোলারদের মধ্যে তাইজুলের অবস্থান ছয়ে। কে জানত তখন, আর এক টেস্ট পরেই ইতিহাস গড়বেন এ তরুণ!
জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে না পারলেও দ্বিতীয় ইনিংসে ভেলকি দেখাতে দৃশ্যপটে হাজির তাইজুল। বাঁহাতি স্পিনারের ঘূর্ণিতে নাকাল সফরকারী দল। একাই তুলে নিলেন ৮ উইকেট। সঙ্গে রেকর্ডের পাতায় জায়গা করে নিলেন নাটোরের এই ক্রিকেটার। টেস্টে এক ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট পাওয়া বোলার এখন তিনিই। এত দিন এই রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের দখলে। ২০০৮ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব এক ইনিংসে পেয়েছিলেন ৭ উইকেট।
গত মৌসুমে জাতীয় লিগ ও বিসিএলে তাইজুল ৬-৭-৮ উইকেট পাওয়া অনেকটা ‘ডাল-ভাত’ করে ফেলেছিলেন! আন্তর্জাতিক ম্যাচ কিংবা ঘরোয়া ক্রিকেট—যেখানেই হোক, একজন বোলারের পক্ষে টানা ৫ কিংবা তারও বেশি উইকেট পাওয়া দুরূহ। অথচ এ কঠিন কাজটা কত সহজে করে যাচ্ছেন নাটোরের এ তরুণ স্পিনার। মে মাসে বিসিএলের ফাইনালে দক্ষিণাঞ্চলের বিপক্ষে এক ইনিংসে পেলেন ৮ উইকেট, দুই ইনিংস মিলে ১০ উইকেট। বিসিএলে চার ম্যাচে পেয়েছিলেন ৩৭ উইকেট। ফাইনাল চলার সময়ই একবার তাঁকে জিজ্ঞেস করা হলো—টানা ৬-৭-৮ উইকেট পাচ্ছেন, সাফল্যের রহস্য কী? ঘুরিয়ে-ফিরিয়ে একটা কথাই বারবার বলেছিলেন, ‘কনসেনট্রেশন...মনোযোগ দিয়ে বল করি।’
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে মে-জুনে গেলেন ক্যারিবীয় সফরে। এরপর জাতীয় দলে স্বপ্নের মতো অভিষেক। আর সর্বশেষ ঢাকা টেস্টে গড়লেন ইতিহাস। এখন তাইজুলের কাছে প্রত্যাশা কী? উত্তরটা তো তাঁর জানাই, এ সাফল্য কেবল ধরে রাখা।