তাইজুলের ইতিহাসে বাংলাদেশের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল হাতে জিম্বাবুয়েকে একাই ধ্বংস করে যখন ফিরছেন, তাইজুলের সঙ্গী অধিনায়ক মুশফিক। পরে এই দুজনের ব্যাটেই বাংলাদেশ পেয়েছে অনেক স্বস্তির সেই জয়। কাল মিরপুরে l ছবি: শামসুল হক
বল হাতে জিম্বাবুয়েকে একাই ধ্বংস করে যখন ফিরছেন, তাইজুলের সঙ্গী অধিনায়ক মুশফিক। পরে এই দুজনের ব্যাটেই বাংলাদেশ পেয়েছে অনেক স্বস্তির সেই জয়। কাল মিরপুরে l ছবি: শামসুল হক

চিত্রনাট্যের কাঠামোটা তাঁর হাতে গড়া। তুলির শেষ আঁচড়টাই বা তিনি দেবেন না কেন! এলটন চিগুম্বুরার শর্ট বলটাকে পুল শটে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে চার। নন-স্ট্রাইক প্রান্তে থাকা মুশফিকুর রহিম বল সীমানাদড়ি পার হওয়ার আগেই মুষ্টি পাকিয়ে শূন্যে লাফ দিলেন, তুলে নিলেন স্টাম্প। আর যাঁর ব্যাট থেকে এল জয়সূচক বাউন্ডারিটা, সেই তাইজুল ইসলাম হাঁটু গেড়ে কপাল ঠেকালেন শেরেবাংলার উইকেটে।
উদ্যাপনেই পরিষ্কার, কত না কাঙ্ক্ষিত এই জয়, কত আরাধনার ফসল এটি। ২০১৪ সালটা কেটে যাচ্ছিল টেস্ট ও ওয়ানডে জয় ছাড়াই, কিন্তু বছরের শেষ সিরিজে টেস্ট জয় দিয়ে কাটল সে বন্ধ্যাত্ব। উদ্যাপনে আতিশয্য তো থাকবেই! তার চেয়েও বড় কথা, জিম্বাবুয়ের দেওয়া ১০১ রানের লক্ষ্যও একটা সময়ে চলে যাচ্ছিল নাগালের বাইরে। কখনো উইকেটের অস্বাভাবিক আচরণ, কখনো ব্যাটসম্যানদের খামখেয়ালিতে সহজ জয়ের সম্ভাবনা হারিয়ে যাচ্ছিল। সেখান থেকে তাইজুলের ওই বাউন্ডারি শেষ পর্যন্ত ৩ উইকেটে টেস্ট জেতাল বাংলাদেশকে।
আর এই জয়ের হাত ধরে এল কত যে অর্জন! বাংলাদেশ এর আগে আরও চারটি টেস্ট জিতলেও প্রথম তিন দিনেই ম্যাচ জেতা এই প্রথম। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের ১১৪ রান বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন টেস্ট স্কোর। এই ইনিংসে কাল লাঞ্চের আগেই ৯৩ রানে ৭ উইকেট হারাল জিম্বাবুয়ে, এখন পর্যন্ত যেটি বাংলাদেশের বোলারদের এক সেশনের সেরা সাফল্য। তরুণ বাঁহাতি স্পিনার তাইজুলের ৮ উইকেট পাওয়াও আরেক দিক দিয়ে সেরা। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩৬ রানে ৭ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের পক্ষে টেস্টে এত দিন ওটাই ছিল ইনিংস সেরা বোলিং। কাল ৩৯ রানে ৮ উইকেট নিয়ে তাইজুল ছাড়িয়ে গেলেন সেটাও।
দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তিনাশে পানিয়াঙ্গারা মজা করে বলেছিলেন, বাংলাদেশের সামনে তারা নাকি ৯০০ রানেরও লক্ষ্য দিতে পারেন। পানিয়াঙ্গারা কি আর জানতেন, কী নির্মম ভবিষ্যৎ অপেক্ষা করছে তাঁদের জন্য! বাংলাদেশ দলের সবচেয়ে কম ওজনের ক্রিকেটার হওয়ার দৌড়ে শফিউল ইসলামের সঙ্গে যাঁর তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, সেই তাইজুলের হাতেই ‘খুন’ হবে একের পর এক জিম্বাবুইয়ান ব্যাটসম্যান।
তাইজুলের সঙ্গে কৃতিত্ব দিতে হবে উইকেটকেও। গোটা টেস্টেই শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট ছিল ব্যাটসম্যানদের জন্য মৃত্যুকূপ। কাল সকাল থেকে সেই উইকেট স্পিনারদের উপহার দিল আরও ভয়ংকর টার্ন আর বাউন্স। ভালো জায়গায় বল ফেলে উইকেটের এই চরিত্রের সবচেয়ে বেশি ফায়দা নিলেন তাইজুল। তাঁর সাফল্যে অনুপ্রাণিত হয়েই কিনা অধিনায়ক মুশফিক পেসার আল আমিনকে বোলিংয়েই আনলেন না। তবে আরেক পেসার শাহাদাত বল করেছেন এবং দারুণ এক ইনসুইংয়ে বিভ্রান্ত করে ভেঙে দিয়েছেন হ্যামিল্টন মাসাকাদজার স্টাম্প।
নতুন বলে শাহাদাতের সঙ্গে শুরুটা করেছিলেন প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া সাকিব। তবে এই ইনিংসে শাহাদাতের মতো তাঁকেও মাত্র ১ উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। বাকি সব উইকেটই যে গেছে তাইজুলের দখলে! ওপেনার ভুসি সিবান্দাকে কট বিহাইন্ড বানিয়ে শুরু তাইজুল-ঘূর্ণির, শেষ তাফাদজাওয়া কামুনগোজির কট বিহাইন্ডে। উইকেটের টার্ন দেখে মুশফিক ফিল্ডিংও সাজিয়েছিলেন চরম আক্রমণাত্মক। তিন-চারটি স্লিপ তো ছিলই, সিলি পয়েন্ট, ফরোয়ার্ড শর্ট লেগ মিলে পুরো ইনিংসেই জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের ঘিরে রেখেছিলেন বাংলাদেশের ফিল্ডাররা। তাতে দিগ্ভ্রান্ত ব্যাটসম্যানরা সবচেয়ে বেশি অসহায় ছিলেন তাইজুলের সামনে। ৮ উইকেটের মধ্যে দুবার ১ ওভারে নিয়েছেন দুটি করে উইকেট। ইনিংসের ২০তম ওভারের চতুর্থ ও শেষ বলে স্লিপে ক্যাচ বানিয়েছেন চাকাভা আর চিগুম্বুরাকে। ৩৬তম ওভারে তো হ্যাটট্রিকের সুযোগই পেয়ে গেলেন। চতুর্থ বলে এলবিডব্লু চাতারা, পার পাননি রিভিউ চেয়েও। পরের বলে কামুনগোজি। সুযোগ থাকলে শেষ বলটাতে হ্যাটট্রিকের প্রাণান্ত চেষ্টাই হয়তো করতেন তাইজুল। কিন্তু জিম্বাবুয়ের ইনিংস যে কামুনগোজির আউটেই শেষ!
জিম্বাবুয়ের ১১৪ রানে গুটিয়ে যাওয়া দেখে যাঁরা রোমাঞ্চিত হচ্ছিলেন, তাঁদের জন্য ‘চমক’ অপেক্ষা করছিল আরও। একের পর এক সেই চমকগুলো উপহার দিতে লাগলেন তাইজুলের সতীর্থ ব্যাটসম্যানরাই। চিগুম্বুরার করা ইনিংসের তৃতীয় ওভারে তামিম স্লিপে ক্যাচ দিলেন। পানিয়াঙ্গারার করা চতুর্থ ওভারে শামসুর রহমান বোল্ড। চিগুম্বুরাকে পঞ্চম ওভারে মুমিনুল দিয়েছেন ফিরতি ক্যাচ। বাংলাদেশের স্কোরবোর্ডে তখনো জমা পড়েনি একটি রানও। শূন্য রানে ৩ উইকেট হারানো দলকে আলোর দিশা দেখাল মাহমুদউল্লাহ-সাকিবের ৪৬ রানের চতুর্থ উইকেট জুটি। অবশ্য ব্যক্তিগত ১ রানের সময় চিগুম্বুরা আর পানিয়াঙ্গারার বলে গালিতে নিয়ুম্বুর হাতে জীবন ফিরে পেয়েছেন দুজনই। সেটা না হলে টেস্ট জেতা অসম্ভবও হয়ে উঠতে পারত বাংলাদেশের জন্য। নিয়ুম্বুর ব্যর্থতায় বাংলাদেশ দ্বিতীয় বিপর্যয়টা দেখল আরও পরে। দলের ৪৬ রানের সময় চাতারার বলে ওই নিয়ুম্বুর হাতেই ধরা পড়েন সাকিব। ৬২ রানের মাথায় চিগুম্বুরার এক ওভারেই বিদায় নেন মাহমুদউল্লাহ আর শুভাগত।
৬২ রানে ৬ উইকেট পড়ে যাওয়ায় শেষ লড়াইয়ে স্বীকৃত কোনো ব্যাটসম্যানকে সঙ্গে পেলেন না মুশফিক। তবে শাহাদাত ও তাইজুল মিলে অধিনায়ককে যে সঙ্গটা দিলেন, সেটার দামও কোটি টাকা। সপ্তম উইকেটে মুশফিকের সঙ্গে ২০ রানের জুটিতে শাহাদাতই করেছেন ১১, যার মধ্যে আছে আউট হওয়ার আগের বলে পানিয়াঙ্গারাকে স্কয়ার লেগের ওপর দিয়ে মারা একটা দর্শনীয় ছক্কাও। অবশ্য ছক্কার চেয়েও দর্শনীয় হলো শাহাদাতের উদ্যাপন। ছক্কা মেরে ব্যাট উঁচিয়ে ধরলেন জিম্বাবুয়ের ড্রেসিংরুমের দিকে, আর দৃষ্টিটা থাকল পয়েন্টে দাঁড়িয়ে থাকা ফিল্ডার সিকান্দার রাজার ওপর। অনেকক্ষণ ধরেই শাহাদাতের উদ্দেশে নানা রকম স্লেজিং করছিলেন রাজা। ওই ছক্কা যেন সেসবেরই জবাব।
মুশফিক-তাইজুলের পরের জুটিটা তো ইতিহাসই গড়ে ফেলল। ১৯ রানের অবিচ্ছিন্ন সে জুটিতে প্রায় ১০ বছর পর আবারও ঘরের মাঠে টেস্ট জয় দেখল বাংলাদেশ। বল হাতে এক ইনিংসে ৮ উইকেট আর ব্যাট হাতে জয়সূচক বাউন্ডারি মেরে তাইজুলই সেই ইতিহাসের সবচেয়ে বড় নির্মাতা।

জিম্বাবুয়ে: ২৪০ ও ১১৪
বাংলাদেশ: ২৫৪ ও ১০১/৭
ফল: বাংলাদেশ ৩ উইকেটে জয়ী