৭ উইকেট নিয়ে দুর্দান্ত তাইজুল

৭ উইকেট তুলে নিলেন তাইজুলছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরটা দুর্দান্তই কাটছে বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামের। ২০২১ সালে নিজের পঞ্চম টেস্টটি খেলতে নেমেছেন তিনি। আর নেমেই তুলে নিয়েছেন নিজের দ্বিতীয় পাঁচ উইকেট-কীর্তি।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনটা পুরোপুরিই তাইজুল বনাম পাকিস্তান। দুই পাকিস্তানি ওপেনার আবিদ আলী আর আবদুল্লাহ শফিক জমে গিয়েছিলেন উইকেটে। কাল ১৪৫ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন। আজ তৃতীয় দিনে আরও একটি সংগ্রামী দিন যেন অপেক্ষা করছিল বাংলাদেশ দলের সামনে। কিন্তু বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামই ঘুরিয়ে দিয়েছেন পাকিস্তানের ইনিংসের মোড়। দিনের শুরুতেই শফিককে ফেরানোর পর একই ওভারে তুলে নিয়েছেন অভিজ্ঞ আজহার আলীর উইকেটটিও।

পাকিস্তান পথ হারিয়েছে তাইজুলের বলে
ছবি: শামসুল হক

কিন্তু তাইজুল এখানেই থেমে থাকলেন না। একে একে তুলে নিলেন সেঞ্চুরিয়ান আবিদ আলী, ফাওয়াদ আলম, হাসান আলী, সাজিদ খান ও শাহিন শাহ আফ্রিদিকে। ৭ উইকেট নিয়ে এটি পাকিস্তানের বিপক্ষে টেস্টে তাইজুলের দ্বিতীয় ৫ উইকেট-কীর্তি। টেস্ট-ক্যারিয়ারে এটি তাঁর নবম ৫ উইকেট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে ফ্লাইট আর টার্নের দুর্দান্ত প্রদর্শনীই যেন আজ তাইজুলের।

তাইজুলের ফ্লাইট আর টার্নে বিভ্রান্ত পাকিস্তানি ব্যাটসম্যানরা
ছবি: শামসুল হক

২০২১ সালে এখনো পর্যন্ত ৮ ইনিংস বোলিং করে ২৭ উইকেট তাইজুলের। চট্টগ্রাম টেস্ট ধরলে এ বছর নিজের পঞ্চম টেস্টটি খেলতে নেমেছেন তিনি। গত এপ্রিলে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট তুলে নিয়েছেন। বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে দুই ইনিংসে দুইবার ৪ উইকেট নিয়েছিলেন। টেস্ট ক্রিকেটে সংগ্রাম আর দুর্বল পারফরম্যান্সের ভিড়ে বল হাতে তাইজুলে যেন ব্যতিক্রমই একজন।

২০১৪ সালে অভিষেকর পর এখনো পর্যন্ত ৪০টি টেস্টও (৩৪ টেস্ট) খেলা হয়নি তাইজুলের। ৩২.৫৩ গড়ে উইকেট নিয়েছেন ১৩৮টি। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংস্টাউনে ৫ উইকেট নিয়ে শুরু করেছিলেন ক্যারিয়ার। অভিষেকের বছরই জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় ৩৯ রানে ৮ উইকেট তুলে নিয়েছিলেন, সেটিই তাঁর ক্যারিয়ারের সেরা বোলিং পরিসংখ্যান।