তাইজুল-জাদুতে দুর্দান্ত মোহামেডান

‘৫ উইকেট পাওয়ার সুযোগ ছিল না। ওদের শেষ দুটি উইকেট আমিই নিয়েছি’—বিকেএসপিতে আগের ম্যাচে ভিক্টোরিয়ার সঙ্গে ৪ উইকেট পাওয়ার পর বলছিলেন তাইজুল ইসলাম। কিন্তু কাল ঢাকা প্রিমিয়ার লিগে আর ৫ উইকেট না পাওয়ার আফসোসে পুড়তে হয়নি তাঁকে। বিকেএসপিতেই লিজেন্ডস অব রূপগঞ্জের প্রথম ৬ উইকেটই তুলে নিয়ে মোহামেডানকে এনে দিয়েছেন ৫১ রানের দুর্দান্ত এক জয়।
অথচ রূপগঞ্জকে মাত্র ১৩৫ রানের লক্ষ্য দিয়েছিল মোহামেডান। সহজ লক্ষ্যটাই রূপগঞ্জের সামনে পাহাড়সমান হয়ে যায় তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে। ৫৩ রানের মধ্যে রূপগঞ্জের প্রথম যে ৬ উইকেট পড়েছে, প্রতিটিই তাঁর। দ্বিতীয় ওভারেই সায়েম আলম ও হাসানুজ্জামানকে বোল্ড করে দেন তাইজুল। এক ওভার পরই এই বাঁহাতি স্পিনারের বলে এলবিডব্লু হয়ে ফেরেন ইয়াসির আলী ও জালাজ সাক্সেনা। ২ ওভার শেষে ৯ রানে ৪ উইকেট তাইজুলের। পরে হামিদুল ইসলাম ও নাঈম ইসলামকেও তুলে নেন ২৫ বছর বয়সী স্পিনার। ১০ ওভারে ২৪ রানে ৬ উইকেট নিয়ে একাই ম্যাচের ফল নির্ধারণ করে দেন ‘টেস্ট বোলারের’ তকমা লেগে যাওয়া তাইজুল। ৩২.৪ ওভারে রূপগঞ্জ অলআউট ৮৪ রানে। অহেতুক শট খেলে রূপগঞ্জের ব্যাটসম্যানরা যে তাইজুলকে উইকেট দিয়ে এসেছেন, তা নয়। সহজ উইকেটে এতটাই দুর্দান্ত বোলিং করেছেন বাঁহাতি স্পিনার, সায়েম ও হাসানুজ্জামান বাদে প্রত্যেকেই রক্ষণাত্মক খেলেও রক্ষা পাননি!
কাল প্রিমিয়ার লিগে তিন মাঠই দেখেছে লো স্কোরিং ম্যাচ। বিকেএসপির আরেক মাঠে শুভাগত হোমের দারুণ বোলিংয়ে ৪৫.৫ ওভারে কলাবাগান ক্রীড়াচক্র অলআউট ১৫৬ রানে। ১০ ওভারে ১৯ রান দিয়ে শুভাগত নিয়েছেন ৪ উইকেট। সাইফ হাসানের ফিফটিতে ৩০.২ ওভারে লক্ষ্যটা ছুঁয়ে ফেলে বর্তমান চ্যাম্পিয়নরা।
টানা দুই হারের পর আবাহনী জয়ের দেখা পেলেও ফতুল্লায় ষষ্ঠ ম্যাচে এসে প্রথম হেরেছে প্রাইম ব্যাংক। প্রাইম দোলেশ্বরের দুই পেসার ফরহাদ রেজা ও দেলোয়ার হোসেনের দারুণ বোলিংয়ে ৪৯.৫ ওভারে ১৮০ রানে অলআউট প্রাইম ব্যাংক। পরশু ৩২-এ পা দেওয়া শাহরিয়ার নাফীসের অপরাজিত ৭৮ রানের সৌজন্যে ৭ উইকেট হাতে রেখে জয়ের প্রান্তে পৌঁছে যায় দোলেশ্বর।
এবারের প্রিমিয়ার লিগে প্রথম ফিফটি পেলেন জন্মদিনের পরের দিন। পরপর দুটি দিন দারুণ যাওয়ায় খুশি শাহরিয়ার, ‘উইকেট স্লো ছিল। স্ট্রোক খেলা ও রান তোলা কঠিন ছিল। আর আউটফিল্ডও বেশ ভারী। তবে খুব টার্ন বা বাউন্স ছিল না উইকেটে। আজ (কাল) শেষ করে আসতে পেরে ভালো লাগছে।’
সংক্ষিপ্ত স্কোর
দোলেশ্বর-প্রাইমব্যাংক, ফতুল্লা
প্রাইমব্যাংক: ৪৯.৫ ওভারে ১৮০ (জাকির ৫২, আসিফ ৩৩, আরিফুল ৩০; দেলোয়ার ৩/১৭, ফরহাদ রেজা ৩/৩০)। দোলেশ্বর: ৪৫.২ ওভারে ১৮১/৩ (শাহরিয়ার ৭৮*, মার্শাল ৬২; আল আমিন হোসেন ২/২৬)।
ফল: দোলেশ্বর ৭ উইকেটে জয়ী।
ম্যানঅবদ্যম্যাচ: দেলোয়ার হোসেন।
মোহামেডান-রূপগঞ্জ, বিকেএসপি-৩
মোহামেডান: ৩৯.৪ ওভারে ১৩৫ (রকিবুল ২৪, শামসুর ২৩; আসিফ ৪/১৯, শরীফ ২/১৫, সাক্সেনা ২/৩৫)।রূপগঞ্জ: ৩২.৪ ওভারে ৮৪ (মোশাররফ ২২, নাঈম ১৫; তাইজুল ৬/২৪, সাজেদুল ২/৩)।
ফল: মোহামেডান ৫১ রানে জয়ী।
ম্যানঅবদ্যম্যাচ: তাইজুল ইসলাম।
আবাহনী-কলাবাগান, বিকেএসপি-৪
কলাবাগান: ৪৫.৫ ওভারে ১৫৬ (তুষার ৩৬, মাসাকাদজা ৩১; শুভাগত ৪/১৯, সাইফউদ্দিন ২/২৬, শর্মা ২/৩০)। আবাহনী: ৩০.২ ওভারে ১৬১/৪ (সাইফ ৬১, মিঠুন ৩০*; আবুল হাসান ২/২০)।
ফল: আবাহনী ৬ উইকেটে জয়ী।
ম্যানঅবদ্যম্যাচ: শুভাগত হোম।