তাইজুল-সৌম্যর সঙ্গে নাসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোলাচলে ছিলেন চারজনই, বিশ্বকাপ দলে নাম দেখে আপাতত নির্ভার। কাল সানি, সাব্বির ও সৌম্যর সঙ্গে নিজেকে নিজের মুঠোফোনে বন্দী করছেন নাসির। মিরপুর একাডেমি ভবনের সামনে l শামসুল হক
দোলাচলে ছিলেন চারজনই, বিশ্বকাপ দলে নাম দেখে আপাতত নির্ভার। কাল সানি, সাব্বির ও সৌম্যর সঙ্গে নিজেকে নিজের মুঠোফোনে বন্দী করছেন নাসির। মিরপুর একাডেমি ভবনের সামনে l শামসুল হক

যখন দল ঘোষণা হওয়ার কথা, সৌম্য সরকার তুলাধোনা করছেন আবাহনীর বোলারদের। সংবাদ সম্মেলন শুরু হতে দেরি হলো সোয়া দুই ঘণ্টা। ততক্ষণে ৭ ছক্কা ৭ চারে ৯৭ করে আউট হয়েছেন সৌম্য, তাঁর দল প্রাইম ব্যাংক জিতে গেছে প্রিমিয়ার লিগ। সেই আনন্দ-উল্লাস, ফটোসেশনও শেষ। আরও পরে, মাঠের এক প্রান্তে ফুটবল খেলছিলেন সৌম্য। সংবাদ সম্মেলন থেকে বের হয়ে সংবাদকর্মীরা ছুটে গেলেন সেদিকে। খবরটা শুনে শেষ বিকেলের মরে আসা আলোতেও উজ্জ্বল সৌম্যর মুখ। খেলতে যাচ্ছেন বিশ্বকাপে!
তাসকিন ছিলেন পাশেই। উৎসুক চাহনি মুহূর্তেই আকর্ণবিস্তৃত হাসির রূপ নিল দলে থাকার খবর জেনে। সৌম্যর মতো একটি মাত্র ওয়ানডে খেলে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তাইজুল ইসলাম। জেনে হাসি মুখে বেরিয়ে এলেন ড্রেসিংরুম থেকে। নাসির হোসেন তখন দাঁড়িয়ে আবাহনীর ড্রেসিংরুমের সামনে। দল ঘোষণা করে ফেরার পথে অভিনন্দন জানালেন বোর্ডপ্রধান ও নির্বাচকেরা। তবু অভিব্যক্তিতে উচ্ছ্বাস নেই। প্রতিক্রিয়া যতই স্তিমিত হোক, নাসিরের ক্যারিয়ারের কালো মেঘ ফুঁড়ে আবার দেখা মিলছে সূর্যের হাসির। প্রিমিয়ার লিগের দুর্দান্ত পারফরম্যান্সে একসময়ের ভরসার ‘ফিনিশার’ যাচ্ছেন বিশ্বকাপে।
চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় ৭ জানুয়ারি। তবে বাংলাদেশ দল জানিয়ে দিল গত পরশুই। দুই গ্রুপসঙ্গী ইংল্যান্ড ও আফগানিস্তানই কেবল দল ঘোষণা করেছে বাংলাদেশের আগে। ১৫ জনের দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চারজনকে স্ট্যান্ডবাই রাখা গেলেও বাংলাদেশ রেখেছে আপাতত একজনকে, শফিউল ইসলাম। আরও একজন স্ট্যান্ডবাইয়ের নাম জানানো হবে পরে। স্ট্যান্ডবাই দুজন দলের সঙ্গে থাকবেন দেশে ও ব্রিসবেনের প্রস্তুতি ক্যাম্পে।
আগ্রহ, উত্তেজনা, কৌতূহল ছিল আসলে দলটা বিশ্বকাপের বলেই। নইলে ১১-১২টি নাম তো অনুমিতই! যে দু-তিনটি জায়গা নিয়ে প্রশ্ন ছিল, সেগুলোর উত্তরও বড় কোনো চমক হয়ে আসেনি। ছোটখাটো চমক বলতে সৌম্য। তবে প্রিমিয়ার লিগে ৬১৫ রান ও ৮ উইকেট নিয়ে তাঁর দাবিটাই ছিল জোর। নির্বাচকেরা তাঁকে দেখছেন অলরাউন্ডার হিসেবে। প্রধান নির্বাচক বললেন, বোলিংটার জন্যই মূলত ইমরুল-শামসুরদের চেয়ে এগিয়ে গেছেন সৌম্য। তরুণ লেগ স্পিনার জুবায়ের হোসেনকে নেওয়ার রোমাঞ্চের চেয়ে ঝুঁকি না-নেওয়াটাকেই শ্রেয় মনে হয়েছে নির্বাচকদের। ১৪ বছর ঘরোয়া ক্রিকেট খেলে অধ্যবসায়ের সেরা পুরস্কার পেয়েছেন আরাফাত সানি। তাইজুলের সঙ্গে দলের আরেক স্পেশালিস্ট স্পিনার তিনিই।
এই দুজনের সঙ্গে সাকিব তো আছেনই। তিন বাঁহাতি স্পিনার নেওয়ার যুক্তিতে মিশে আছে বিশ্বকাপে দলের প্রাথমিক লক্ষ্যটাও। অন্তত আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে জয়। প্রধান নির্বাচক ফারুক আহমেদের ইঙ্গিত সেদিকেই, ‘আমরা আগেও ৩ জন বাঁহাতি স্পিনার খেলিয়ে বেশ কিছু সাফল্য পেয়েছি। ওপরের দল না হলেও নিচের দিকের দলের সঙ্গে। সেই বিবেচনা ছিলই, সঙ্গে তাইজুলের সামর্থ্য ও আরাফাত সানির অভিজ্ঞতা। মাহমুদউল্লাহ ও নাসির যদি ম্যাচ খেলে, ওরা কিছু ওভার করে দিতে পারবে। সব বিকল্পই রেখেছি। চেষ্টা করেছি ব্যালান্সড দল গড়ার।’
কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য খুব করে চেয়েছিলেন জুবায়েরকে। বোলিং-বৈচিত্র্যের স্বার্থে এবং অস্ট্রেলিয়ার উইকেটের বাউন্স বিবেচনায় জুবায়েরকে রাখা না-রাখা নিয়েই নির্বাচনী টেবিলে যুক্তি-তর্কের ঢেউ উঠেছে বেশি। শেষ পর্যন্ত ‘না’ ভোট জয়ী হওয়ার কারণ জানালেন প্রধান নির্বাচক, ‘জুবায়েরকে নিয়ে জোর আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত আমরা মনে করেছি এত তাড়াতাড়ি বিশ্বকাপের মতো জায়গায় ওকে পাঠানো একটু ঝুঁকি হয়ে যাবে। ছেলেটা অনেক প্রতিভাবান। সামনে ওকে লাগবে আমাদের।’
ভবিষ্যতের সার্টিফিকেট পেয়ে হয়তো সান্ত্বনা ও নতুন উদ্যম পাবেন জুবায়ের। কিন্তু আবদুর রাজ্জাক? খুব বেশি দিন হয়নি, অপরিহার্য ছিলেন দলে। প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ২১ উইকেট নিয়েও স্বপ্ন পূরণ হলো না তৃতীয় বিশ্বকাপ খেলার। ৩২ বছর বয়সী রাজ্জাকের জন্যও কিন্তু সহমর্মিতার পাশাপাশি ভবিষ্যতের ছবি দেখিয়েছেন প্রধান নির্বাচক, ‘রাজ্জাক দীর্ঘদিন ছিল বাংলাদেশের হয়ে অসাধারণ এক পারফরমার। কিন্তু অস্ট্রেলিয়ায় মাঠ অনেক বড়, ফিটনেস ও ফিল্ডিংটাকে আমরা বাড়তি গুরুত্ব দিয়েছি। এটা রাজ্জাকের বিপক্ষে গেছে, আর তাইজুল ও সানিকে দলে নেওয়ার উপযুক্ত সময়ও এটিই। বিশ্বকাপের পর এ বছর আমাদের চারটি হোম সিরিজ আছে। আশা করি, ফিটনেস নিয়ে খেটে রাজ্জাক ফিরে আসবে।’
রাজ্জাক হয়তো ফিরবেন। তবে বিশ্বকাপটা তো স্বপ্নভঙ্গের অধ্যায় হয়েই থাকবে। তাইজুল-সানি-সৌম্যদের জন্য যেমন স্বপ্নপূরণের গল্প!