তাদের টিকে থাকার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডু অর ডাই ম্যাচ?’

কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ মিজানুর রহমান হেসে বললেন, ‘এখন তো সব ম্যাচই তাই।’ কথা সত্যি, প্রথম ৫ ম্যাচ হেরে কুমিল্লার সামনে এখন কঠিন সমীকরণ, প্লে-অফে জায়গা পেতে আর হোঁচট খাওয়া চলবে না, জিততে হবে সব ম্যাচ।

বিপিএলের মাঝপথেই এমন মরণ-বাঁচন সমীকরণের সামনে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা। ৬ ম্যাচ খেলে হাতে মাত্র ২ পয়েন্ট। তবে আজ সন্ধ্যায় তাদের প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস খুব স্বস্তিতে নেই। তারাও ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পাঁচে আছে। এ ম্যাচে হারলে আবারও শঙ্কার মুখে পড়ে যাবে দলটির প্লে-অফ খেলার আশা। তবে প্রতিপক্ষ নিয়ে ভাবতে বয়েই গেছে মিজানুরের। টানা ৫ হারের পর পরশু ধরা দিয়েছে বহু-আরাধ্য জয়। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অনেক আগে থেকেই বলে আসছেন, একটা জয় পেলেই দল বদলে যাবে। কোচের কণ্ঠেও প্রতিধ্বনিত সেই আশা, ‘জয়টা এসেছে। এবার জয়ের উদ্দীপনা নিয়ে খেলব।’

তবে একটি জয়ই যদি বদলে দিতে পারে কুমিল্লাকে, তাহলে চট্টগ্রামও বাদ যাবে কেন! নিজেদের শেষ ম্যাচে আবারও জয়ের ধারায় ফিরেছে তারা। উইকেটকিপার-ব্যাটসম্যান জাকির হাসানের কাছে ওই জয়টাই অনুপ্রেরণা, ‘গত ম্যাচটা আমরা খুব ভালো খেলেছি। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ওরা (কুমিল্লা) গত ম্যাচে জিতে কিছুটা আত্মবিশ্বাস পেয়েছে। কিন্তু আমরাই বেশি আত্মবিশ্বাসী।’

স্থানীয় দল বলে বাড়তি সুবিধা তো চট্টগ্রামের আছেই। জাকির তাই আত্মবিশ্বাসী ঘরের মাঠে সমর্থকদের ভালো কিছু উপহার দেওয়ার, ‘দর্শকদের অনেক সমর্থন পাচ্ছি। সবাই উৎসাহ দিচ্ছে। সবকিছু পরিকল্পনামতো হলো আমরা ভালো করব।’

চট্টগ্রামের মতো না হলেও ভালো দর্শক সমর্থন পাচ্ছে রাজশাহী কিংসও। এই সমর্থনটা আজ খুব করেই তাদের দরকার। পাঁচ ম্যাচে মাত্র ১ জয়ে রাজশাহীরও আজ প্রতিযোগিতায় টিকে থাকার ম্যাচ। ড্যারেন স্যামি অবশ্য এখনো আশা ছাড়েননি, ‘আমরা ভালো খেলছি না। যে ফল হচ্ছে আমরা এর চেয়ে ভালো দল। আমি এখনো বিশ্বাস করি আমরা প্লে-অফ খেলতে পারব।’

তবে কাজটি কঠিনই হবে রাজশাহীর জন্য। আজ দুপুরে তাদের খেলতে হবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। অবশ্য প্রতিপক্ষের নামটিই সাহস দিচ্ছে ড্যারেন স্যামিকে, ‘ঢাকার বিপক্ষে খেলা। এখন পর্যন্ত ওদের সঙ্গেই জিতেছি আমরা। এটাই বড় অনুপ্রেরণা।’

খেলা শুরু হওয়ার আগে যেভাবে সম্ভব, সেভাবেই অনুপ্রেরণা খুঁজে নিচ্ছে দলগুলো। কিন্তু বাস্তবতা হলো তলানির তিন দলের যেকোনো একটির বিপিএল কার্যত আজই শেষ হয়ে যেতে পারে।