তানভীরের সাফল্য ও একটি হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জো রুটের বিপক্ষে কট বিহাইন্ডের সফল আবেদন বোলার তানভীর ও সতীর্থ ফিল্ডারদের। ইংল্যান্ডের বিপক্ষে ড্র হওয়া দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে লেগ স্পিনার ৫৩ রানে নিয়েছেন ৪ উইকেট l শামসুল হক
জো রুটের বিপক্ষে কট বিহাইন্ডের সফল আবেদন বোলার তানভীর ও সতীর্থ ফিল্ডারদের। ইংল্যান্ডের বিপক্ষে ড্র হওয়া দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে লেগ স্পিনার ৫৩ রানে নিয়েছেন ৪ উইকেট l শামসুল হক

খেলাটা একটু আগেভাগে শেষ হওয়ায় পড়ন্ত বিকেলে ব্যাট-বল রেখে ফুটবল নিয়ে নেমে পড়ল ইংল্যান্ড দল। এম এ আজিজ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের দুই দিনের প্রস্তুতি ম্যাচটা ‘আগেভাগে’ শেষ হওয়ার পেছনে বড় অবদান অবশ্যই লেগ স্পিনার তানভীর হায়দারের। ‘অবদান’ আছে দুই ইংলিশ ওপেনার বেন ডাকেট ও হাসিব হামিদেরও।

উদ্বোধনী জুটিতে ডাকেট-হামিদ যোগ করেছেন ৯০ রান। ‘অবসর’ নেওয়ায় লাঞ্চের পর ব্যাটিংয়ে নামেননি ৬০ রান করা ডাকেট। হামিদ অবশ্য উইকেটে থাকেন আরও কিছুক্ষণ। তিনিও তাঁর ওপেনিং সঙ্গীর মতো অবসরে যাওয়ার আগে করেছেন হাফ সেঞ্চুরি। বিসিবি একাদশ প্রথম উইকেট পায় ৩৬তম ওভারে। তানভীরকে সুইপ করতে গিয়ে উইকেটকিপার নুরুল হাসানের ক্যাচ হয়ে জো রুট ফিরেছেন ২৪ রান করে।

উইকেটের টার্ন ভালোই কাজে লাগিয়েছেন তানভীর। বিসিবি একাদশের লেগ স্পিনারের ঘূর্ণি ঠিকভাবে পড়তে না পেরে জনি বেয়ারস্টো ও জস বাটলার আউট হয়েছেন ৬ রানের ব্যবধানে। নিজের দ্বিতীয় স্পেলে ৩ উইকেট তুলে নিয়েছেন তানভীর। বিনা উইকেটে ৯০ রানে লাঞ্চে যাওয়া ইংল্যান্ড চা-বিরতিতে গেছে ৫ উইকেটে ১৭৮ রান তুলে। শেষ সেশনে ৭৮ রান যোগ করতেই তারা হারিয়েছে বাকি উইকেটগুলো। প্রথম ইনিংসে ইংলিশরা অলআউট ২৫৬ রানে।

প্রস্তুতি ম্যাচ মানেই নিজেদের আর প্রতিপক্ষকে একটু পরখ করার সুযোগ। সেই উদ্দেশ্য সফলই বলা যায়। দুই দিনের প্রস্তুতি ম্যাচে ফল আসবে না সেটি জানাই ছিল। ড্র-ই হয়েছে ম্যাচ। তবু দুই দলের প্রথম ইনিংসের বিচারে এগিয়ে থাকবে বিসিবি একাদশই। এটি নিশ্চয়ই আত্মবিশ্বাসী করবে বাংলাদেশ দলকেও।

টেস্ট দলে প্রথমবারের মতো জায়গা পাওয়া নুরুল হাসান খেলেছেন ম্যাচটা। তিনি কী বার্তা দেবেন সতীর্থদের? সংবাদমাধ্যমকে অবশ্য কিছু বলতে চাইলেন না উইকেটকিপার-ব্যাটসম্যান, ‘ইংল্যান্ড দল অবশ্যই ভালো। টেস্টে তারা আরও ভালো। আমার পর্যবেক্ষণ যদি টিম ম্যানেজমেন্ট জানতে চায় শেয়ার করব।’

বাংলাদেশ দলের স্পিনারদের আত্মবিশ্বাসী করবে তানভীরের পারফরম্যান্স। কাল এই ২৪ বছর বয়সী লেগ স্পিনার বিসিবি একাদশের উজ্জ্বলতম নাম। ডাকেট-হামিদ বাদে বাকি ৮ উইকেটের চারটিই তাঁর। রংপুরের এই লেগ স্পিনার আশাবাদী, টেস্টে ভালো কিছুই অপেক্ষা করছে সাকিবদের জন্য, ‘বাংলাদেশ দলে বিশ্বমানের কিছু স্পিনার আছে। যদি টেস্টে স্পিনসহায়ক উইকেট হয় তাহলে এই আবহাওয়ায় ওদের জন্য অনেক কঠিন হবে।’

ইংলিশ ব্যাটসম্যানদের কাজটা নিশ্চয়ই আরও কঠিন হতো যদি দলে একজন দুর্দান্ত লেগ স্পিনার থাকতেন। তানভীরের পারফরম্যান্স সেই হাহাকারটা যেন বাড়িয়ে দিচ্ছে!

বিসিবি একাদশ ১ম ইনিংস: ৭৪.৪ ওভারে ২৯৪। ইংল্যান্ড ১ম ইনিংস:

৭৮.২ ওভারে ২৫৬ (ডাকেট ৬০, হামিদ ৫৭, ব্যালান্স ৩৬*, স্টোকস ২৫, রুট ২৪, ওকস ২৩; তানভীর ৪/৫৩, শুভাশিস ১/২৬, মোসাদ্দেক ১/৩৮, তাসকিন ১/৪৬)।

ফল: ড্র।