বুড়ো ক্রিকেটের গায়ে আধুনিকতার ছায়া পড়েছে অনেক দিন। প্রযুক্তির সহায়তায় খেলার আগেই খেলা নিয়ে এখন কত বিশ্লেষণ! প্রতিটি দলের সঙ্গেই দেখা যায় পারফরম্যান্স অ্যানালিস্টদের, যাঁদের কাজই হচ্ছে বিভিন্ন তথ্য-উপাত্তের সাহায্যে ক্রিকেটারদের সাহায্য করে যাওয়া। আফগানিস্তানের হয়ে এ দায়িত্ব যিনি পালন করেন, তিনিও কি তামিম ইকবালের ‘খোলামেলা সমস্যা’টা সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন ফজলহক ফারুকিকে?
অ্যানালিস্টের তা না জানার কোনো কারণই নেই। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের এ সমস্যা এখন ‘ওপেন সিক্রেট’। ভেতরে ঢোকা বলগুলোয় এলবিডব্লিউর ফাঁদে পড়ছেন তামিম। গত কয়েক দিনে ঘটনাটা হয়ে গেছে নিয়মিত এক চিত্র। আফগানিস্তান সিরিজের আগে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সিরিজেও দুবার এভাবে আউট হতে দেখা গেছে তামিমকে।
কিন্তু এবার যখন ফারুকির বলে একে একে তিন ম্যাচে এভাবেই আউট হলেন তামিম ইকবাল, তখন প্রশ্ন উঠে গেল তাঁর ব্যাটিং টেকনিক নিয়েই! এর চেয়ে বরং বড় প্রশ্ন হয়ে দেখা দিল কেন তামিম এত দিনেও এর সমাধান বের করতে পারলেন না বা পারছেন না? আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ১৫ বছরের অভিজ্ঞতায় ঋদ্ধ তামিমের নিজেরও যে অজানা থাকার কথা নয় এ সমস্যার কথা!
কিন্তু তামিমই কি আসলে চান সমাধান? ‘ওটা একটা চ্যানেল, যেখানে আমি আগেও আউট হয়েছি, কিন্তু আমি অনেক রানও করেছি।’ তামিমের এ কথা যে ভিন্ন ইঙ্গিতই দিচ্ছে। হ্যাঁ, এটাও ঠিক, যে ধরনের বলে আউট হয়েছেন তিনি, সে ধরনের বলেই আবার অনেক রানও পেয়েছেন। আর তাঁর দুর্বলতা ভেবে সেখানে বোলাররাও বল করে যেতে পারেন যেমন, তেমনই তিনি সে ‘সমস্যা’ খোলা রেখে রানের পথ খুলে রাখার ফন্দিও এঁটেছেন হয়তো। ওই সব বল তামিমের পা বরাবরই যেহেতু আসে, পায়ের দিকে আসা বলে সহজেই লেগসাইডে খেলে দিয়ে রান নেওয়ার সুযোগটাও যে থাকছে তাই।
আফগানিস্তানের বিপক্ষে অবশ্য ফারুকির ফাঁদে ফেঁসে গেছেন তামিম ইকবাল খান। বিপিএলে দুজনই ঢাকা দলে ছিলেন বলে নেটে নিশ্চয়ই ফারুকিকে খেলেছেন তামিম। তবে ওয়ানডে সিরিজের পর মনে হচ্ছে, তাতে লাভবান হয়েছেন ফারুকিই। প্রথম ম্যাচে বাঁহাতি ফারুকির ভেতরে ঢোকা এক বলে ৮ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচেও তামিম আউট হয়ে যান ১২ রানে। আউট হওয়ার ধরনটা যেন প্রথম ম্যাচের রিপ্লে। পরের ম্যাচে এলবিডব্লিউর পরিবর্তে বোল্ড, যদিও প্রায় একই চরিত্রের একই রকমের লাইনের বলেই।
পরপর তিন ম্যাচে একজন বোলারের একই ধরনের বলে তিন-তিনবার আউট। যেকোনো ব্যাটসম্যানেরই দুশ্চিন্তা হওয়াটা স্বাভাবিক। কিন্তু তামিম ইকবাল জানিয়ে দিয়েছেন, তিনি সেটা নিয়ে ‘চিন্তিত’ নন খুব একটা। তামিম বলেছেন, ‘যেভাবে আউট হয়েছি, আমি দলে অবদান রাখতে পারিনি বলে এর চেয়ে বেশি হতাশ। আমি ওটা (আউটের ধরন) নিয়ে খুব বেশি চিন্তিত নই। কারণ, ওটা একটা চ্যানেল, যেখানে আমি আগেও আউট হয়েছি, কিন্তু আমি অনেক রানও করেছি।’ অথচ ছয় দিনের মধ্যে তিন ম্যাচে একইভাবে আউট তো তাঁর শান্তির ঘুম হারাম করে ফেলার কারণ হওয়ার জন্য যথেষ্ট!
গত বছর নিউজিল্যান্ড সফরে প্রথম ওয়ানডেতে ট্রেন্ট বোল্টের ভেতরে ঢোকা এক ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েছিলেন তামিম ইকবাল। এর আগে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুশমন্ত চামিরার এক ইনসুইঙ্গিং ডেলিভারিও তাঁর কাল হয়েছিল। আফগানিস্তান সিরিজে ফারুকির সামনে তিন–তিনবার। গত কয়েক সিরিজেই তামিমকে পড়তে হয়েছে এ সমস্যায়। তাই সেটি নিয়ে অন্তত ‘চিন্তিত’ না হওয়ার উপায় নেই তাঁর। সামনেই দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ, পেসবান্ধব উইকেটে সেখানে পেসাররা সুইং পাবেন, যাতে তাঁকে আবার পড়তে হবে এই পরীক্ষায়! আর তামিম যদি এই সমস্যাকে ব্যবহার করে ফায়দা লুটতে চান, তাহলে সেটিতে বারবার ব্যর্থ হওয়া বলে দেয়, এ নিয়ে ভাবার সময়ও এসে গেছে তাঁর।
অনেক সময় ফর্মের অভাবে আত্মবিশ্বাসের ঘাটতির কারণে টেকনিকে দুর্বলতা দেখা দিতে শোনা যায়। কিন্তু তামিম ইকবালের ফর্মে কোনো ঘাটতি খুঁজে পাওয়া মুশকিল। ভিন্ন ফরম্যাটে হলেও আফগানিস্তান সিরিজের আগেই বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ (সব মিলিয়ে তৃতীয়) রান সংগ্রাহক ছিলেন। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তিন ম্যাচের একটিতে ছিল সেঞ্চুরি, নিউজিল্যান্ড সিরিজে তিন ম্যাচের একটিতে খেলেছিলেন ৭৮ রানের ইনিংস।
করোনাকালের প্রথম সিরিজে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তো তিন ম্যাচের তিনটিতেই চল্লিশোর্ধ্ব রান। ওই সিরিজ দিয়েই শুরু হয়েছিল তাঁর পূর্ণ মেয়াদে অধিনায়কত্বের যাত্রা। এরপর আফগানিস্তান সিরিজের আগে সব মিলিয়ে ১২ ওয়ানডেতে ৪৬৪ রান করেছেন ৩৮ গড়ে। কিন্তু আফগানিস্তান সিরিজে তিন ম্যাচে করলেন মোটে ৩১ রান। তাঁর পুরোনো এক সমস্যাতেই তখন আলো পড়ল প্রবলভাবে।
সমস্যাটা নতুন ছিল না তামিমের। এ নিয়ে জানাশোনাও অবশ্যই থাকার কথা বাঁহাতি এই ওপেনারের। কিন্তু তারপরও কেন এত দিন ধরে তামিম এর সমাধান করলেন না? উত্তরটা যেমন ‘জটিল’, তেমনই ফারুকিতে নাজেহাল তামিমের মুখে ‘চিন্তিত নই’ কথাটার অর্থটাও বোঝা বেশ জটিলই মনে হচ্ছে! আফগানিস্তান সিরিজে তামিমের ব্যাটিং দেখে যেমন আপনার মনে হতে পারে, ‘তামিম ইকবালের হলোটা কী’, তেমনই তাঁর মুখে ‘চিন্তিত নই’ শুনেও মনে হতে পারে তা!