
অনেকেই হয়তো শঙ্কায় ছিলেন যে আমরা টেস্টটা হেরে যাব। তবে তৃতীয় দিন শেষেও আমার একটা বিশ্বাস ছিল, যে অবস্থায় আছে বাংলাদেশ সেখান থেকেও টেস্ট ড্র করা সম্ভব। কারণ জিম্বাবুয়ের বিপক্ষে এ মাঠে সর্বশেষ টেস্ট দেখার অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছিলাম, এখানে যত দিন গড়াবে উইকেট ব্যাটিংয়ের জন্য তত ভালো হবে। কিন্তু তামিম-ইমরুল আমার সেই প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।
কোনো প্রশংসাই ওদের জন্য যথেষ্ট নয়। বিশাল রানের বোঝা তো ছিলই, তার চেয়েও বেশি ছিল পাকিস্তানের বোলিং লাইনআপের বিপক্ষে প্রায় পাঁচ সেশন ব্যাটিং করার চাপ। তামিম-ইমরুল সেই চাপ গায়েই লাগতে দেয়নি। শুধু ঘুরে দাঁড়িয়ে ড্র করার জন্য নয়, যেভাবে ওরা ব্যাটিং করেছে সেটা দেখে শুধু একটা কথাই বলব—অসাধারণ! বড় দলের বিপক্ষে আমরা আগেও অনেক টেস্ট ড্র করেছি, কিন্তু এটাকে আমি অন্যতম সেরা ড্র হিসেবেই রাখব।
তামিম-ইমরুলকে অভিনন্দন! শুধু অসাধারণ ইনিংস খেলে টেস্টই বাঁচায়নি ওরা, রেকর্ডও গড়েছে কতগুলো। কোনো কিছু দিয়েই আসলে তামিমের ইনিংসটার মাহাত্ম্য বোঝানো সম্ভব নয়। আমি সেরা ফর্মের বীরেন্দর শেবাগকে দেখেছি এমন আগ্রাসী ব্যাটিং করতে। যখন মনে হতো সে শুধু মেরেই যাবে এবং তাকে আউট করা সম্ভব নয়। দ্বিতীয় ইনিংসে তামিমকে ব্যাট করতে দেখে ওই কথাটাই বারবার মনে হয়েছে।
এ রকম ইনিংস খেলতে গেলে অন্য পাশে সঙ্গীর কাছ থেকেও সমর্থন দরকার হয়। কিন্তু ইমরুল শুধু সঙ্গ দিয়েছে বললে ভুল বলা হবে। সে তামিমের সঙ্গে পাল্লা দিয়েই রান করেছে। শুরুতে থিতু হতে একটু সময় নিয়েছে, কিন্তু তারপর দুজনে যেন রান তোলার প্রতিযোগিতায় নেমেছিল। দুর্ভাগ্য সে আগে আউট হয়ে গেছে। ডাবল সেঞ্চুরি তারও পাওনা ছিল।
আমি জানি, বাংলাদেশ যখন ভালো খেলে তখন প্রত্যাশা আরও বেড়ে যায়। ঢাকায় পরের টেস্ট নিয়েও তাই এখন প্রত্যাশা বাড়বে। তবে একই সঙ্গে এটা মনে রাখতে হবে, টেস্ট ও টি-টোয়েন্টি এই দুই ধরনের ক্রিকেটে এখনো আমাদের পারফরম্যান্স ধারাবাহিক নয়। আমরা এই দুই ধরনের ক্রিকেটে এখনো বিশ্বমানের দল নই। দারুণ খেললেও এই টেস্টেও আমরা ছোটখাটো কিছু ভুল করেছি। সেই ভুলগুলো যত কমিয়ে আনতে পারব, আমাদের পারফরম্যান্সও ততই ধারাবাহিক হবে। আর সেটা করতে পারলে শুধু নিয়মিত টেস্ট ড্র করা নয়, জিততেও পারব।