তামিম, এবারও বিশেষ কিছু?

আর তো কয়েক ঘণ্টা! এর পরই সেন্ট ভিনসেন্টের আর্নস ভেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।
অধিনায়ক মুশফিকুর রহিম আগেই জানিয়েছেন, ‘সিরিজের দুই টেস্টেই ড্র করার সামর্থ্য আমাদের আছে।’ ফলে আশাবাদী তো হওয়া যেতেই পারে, না কি?
এ ব্যাপারে পাঠকের ভাবনা কী? দুদিন আগে প্রথম আলো খেলার ভোটে প্রশ্নটি দেওয়া হলো, ‘দুই টেস্টেই ড্র করার সামর্থ্য আমাদের আছে, মুশফিকের এ মন্তব্যের সঙ্গে আপনি কি একমত?’ উত্তরে ৪৫.১৪% পাঠক বলেছেন ‘হ্যাঁ’, আর ‘না’ বলেছেন ৫০.৫৮% এবং মন্তব্য নেই ৪.২৮%। অর্থাত্ অধিকাংশ পাঠক আশবাদী হতে পারছেন না মুশফিকের দলের প্রতি।
তবে আশাবাদী হওয়ার মতো অনেক উপাদানই কিন্তু আছে। সেন্ট ভিনসেন্টে পেছনের রেকর্ডই আশাবাদী করছে বাংলাদেশকে। আর এ ‘আশা’র মূল সলতে তামিম ইকবাল। ২০০৯ সালে সেই ঐতিহাসিক ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ প্রথম জয় পেয়েছিল এ মাঠেই। ম্যাচের নায়ক ছিলেন তামিম।
সেন্ট ভিনসেন্ট টেস্টের প্রথম ইনিংসে ভালো কিছু না হলেও দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ১২৮ রানের দুর্দান্ত এক ইনিংস। তামিমের কাছে সে সেঞ্চুরিটার মাহাত্ম্য ছিল অন্য রকম। টেস্ট ক্রিকেটে ওটাই ছিল বাঁঁ-হাতি ওপেনারের প্রথম সেঞ্চুরি। মূলত তামিমের শতকের ওপর ভর করে দ্বিতীয় ইনিংসে ভালো সংগ্রহ পায় বাংলাদেশ। আর এতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ২৭৭ রান।
ম্যাচের মূল চরিত্র যদি তামিম হন, নিশ্চিত পার্শ্বচরিত্র মাহমুদউল্লাহ। অভিষেকেই মাত করেছিলেন এ অলরাউন্ডার। ২৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ক্যারিবীয়রা ১৮১ রানে গুটিয়ে গিয়েছিল মাহমুদউল্লাহর ভেলকিতে! ডানহাতি অফস্পিনার তুলে নিয়েছিলেন ৫ উইকেট। দুই ইনিংস মিলে ৮ উইকেট। ওই ম্যাচটা ছিল মাহমুদউল্লাহর টেস্ট অভিষেক। একেই বলে স্বপ্নীল অভিষেক! তামিম-মাহমুদউল্লাহর ‘জাদু’তে বাংলাদেশ পেল দেশের বাইরে প্রথম জয়, টেস্টে দ্বিতীয়।
পাঁচ বছর পর আবারও সেই আর্নস ভেলে, সেই ভিনসেন্ট। ২০০৯-এর সেই ম্যাচের প্রধান চরিত্রের টেস্টে সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়। এ বছর এখনো ফিফটির দেখাই পাননি তামিম। ওদিকে মাহমুদউল্লাহর অবস্থাও ভালো নয়। টেস্টে সর্বশেষ ফিফটি এসেছে সেই ২০১২ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বল হাতেও বড্ড অনুজ্জ্বল এ ডানহাতি অলরাউন্ডার।
আজ দুজনই প্রেরণা নিতে পারেন পাঁচ বছর আগের সেই সেন্ট ভিনসেন্ট টেস্ট থেকে। তবে তামিমের কাছে প্রত্যাশাটা একটু বেশিই। এবারও কি হাসবে তামিমের ব্যাট? হতে পারবেন সেদিনের মতো মূল নায়ক? তামিমের ক্ষেত্রে কবি জয় গোস্বামীর পঙক্তিটা কিন্তু খুব যায়—‘অসাধ্য নয়, কিছুই এখন/ অসাধ্য নয় তোমার পক্ষে’।