তামিম কেন এমন সিদ্ধান্ত নিলেন
আজ সকালে পর্যন্তও তামিম ইকবাল ছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের ভাবনায়। কিন্তু বেলা বাড়তেই দৃশ্যপট পাল্টে গেল। নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বাংলাদেশের ওপেনার নিজেই বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন।
কেন এই সিদ্ধান্ত নিলেন তামিম। ভিডিও বার্তায় তাঁর এ সিদ্ধান্তের কিছু কারণ জানিয়েছেন তামিম। কিন্তু হুট করে দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ব্যাপারটি সবাইকে চমকেই দিয়েছে। যতটুকু জানা গেছে, বিশ্বকাপের জন্য নির্বাচকদের খসড়া দলে তিনি ছিলেন। তাঁকে নিয়েই আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের।
যা একটু শঙ্কা সেটা ছিল চোট সংক্রান্ত। হাঁটুর চোটের কারণে তামিম ঘরের মাঠের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন। সেই চোটের কি অবস্থা, সে ব্যাপারে জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর রিপোর্ট দেওয়ার কথা আগামী ১২ সেপ্টেম্বর। কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী বাংলাদেশকে বিশ্বকাপ দল দিতে হতো ১০ সেপ্টেম্বরের মধ্যে।
সূত্র জানিয়েছে, তামিমের দিক থেকে বলা হয়েছিল যে তিনি বিশ্বকাপে সুস্থ হয়েই খেলতে পারবেন। তাঁর কথার ওপর ভিত্তি করেই বিশ্বকাপের খসড়া দলে তাঁকে রাখা হয়। কিন্তু এখন হুট করে তামিমের নাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে সবাই একটু অবাকই।
তামিম দীর্ঘদিন টি-টোয়েন্টি খেলছেন না। করোনার বিরতি শেষে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকেই ছোট সংস্করণের ক্রিকেটের বাইরে তিনি। গত মার্চে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে শুরু। এরপর জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও চলমান নিউজিল্যান্ড সিরিজের দলেও তামিম খেলছেন না। তবু তামিমকে রেখেই বাংলাদেশ আঁকছিল বিশ্বকাপের ছক।
কিন্তু টানা টি-টোয়েন্টি না খেলায় তিনি বিশ্বকাপ দলে ‘অটোমেটিক চয়েজ’ হতে পারেন কিনা, এ নিয়ে একটা আলোচনা ছিল। তামিমও একই উপলব্ধির কথা বলেছেন তাঁর ভিডিও বার্তায়, ‘আমি এই সংস্করণের ক্রিকেট অনেক দিন ধরে খেলছি না। দ্বিতীয় কারণ হচ্ছে চোট, তবে আমি মনে করি না চোট খুব বড় সমস্যা। আশা করছি বিশ্বকাপের আগেই আমি চোট থেকে সেরে উঠব। কিন্তু যে জিনিসটা এ সিদ্ধান্ত নিতে আমাকে উদ্বুদ্ধ করেছে সেটি হচ্ছে, আমি শেষ ১৫-১৬টি টি-টোয়েন্টি খেলিনি। আর আমার জায়গায় এত দিন যারা খেলছিল, আমি মনে করি, সেটি কোনোভাবেই ঠিক হতো না যদি আমি হঠাৎ করে এসে ওদের জায়গাটা নিয়ে নিই।’