তামিম কেন ব্রাজিলকে পছন্দ করেন?

>শুরু হয়ে গেছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের এই রঙিন উৎসবে মাতছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। তাঁদের অনেকেরই পছন্দের দলের কথা মানুষের অজানা নয়। ব্রাজিলের সমর্থক তামিম ইকবাল। জাতীয় দলের ওপেনার কেন ব্রাজিল সমর্থক, বিশ্বকাপে তাঁর প্রিয় দলের সম্ভাবনা কতটুকু, বিশ্বকাপ নিয়ে তামিমের ভাবনাই-বা কী, সেটি থাকছে এই পর্বে...
তামিম ইকবাল যে কতটা ব্রাজিল-অন্তঃপ্রাণ, দুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা তাঁর একটা ছবি দেখলে বুঝতে পারবেন। ছেলেকে কোলে নিয়ে কী যেন দেখাচ্ছেন বাঁহাতি ওপেনার। গায়ে তাঁর ব্রাজিলের হলুদ জার্সি। এই জার্সিটার প্রতি তাঁর ভালো লাগাটা রীতিমতো উত্তরাধিকারসূত্রে।
ছোটবেলা থেকেই দেখে আসছেন, বাড়ির সবাই ব্রাজিলের সমর্থক। বিশ্বকাপের সময় চট্টগ্রামের কাজীর দেউড়ির বিখ্যাত খান পরিবারে ওড়ে ব্রাজিলের পতাকা। তামিমের বাবা প্রয়াত ইকবাল খান ছিলেন ব্রাজিলের কড়া ভক্ত। তামিম অনেকবারই বলেছেন, ফুটবলের ব্রাজিলীয় ঘরানাটা খুবই পছন্দ ছিল তাঁর বাবার। খেলোয়াড়দের সবার নাম ছিল মুখস্থ। বিশ্বকাপের সময় সবাইকে নিয়ে রাত জেগে খেলা দেখতেন ইকবাল খান। ব্রাজিলের জয়ে এমনভাবে উল্লাস করতেন, যেন তিনি নিজেও দলটার অংশ। ব্রাজিল হারলে করতেন মন খারাপ।
শুধু বাবা কেন, চাচা আকরাম খানও ব্রাজিলের ভক্ত। কত বড় ভক্ত, একটা উদাহরণ দিলে বুঝবেন। বিশ্বকাপের আগে যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলল ব্রাজিল, সেগুলো দেশে দেখা যায় এমন কোনো চ্যানেলে সম্প্রচারিত না হওয়ায় পরিচিত সাংবাদিকদের ফোন দিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, ‘ভাই, ম্যাচের লিংক দেন।’ প্রস্তুতি ম্যাচের খবরাখবর নিশ্চয়ই রেখেছেন তাঁর ভাতিজাও। বাবা-চাচা সবাই করেন ব্রাজিল, তামিম আর যাবেন কোথায়! তিনিও সেলেসাওদের ভক্ত। পারিবারিক কারণ তো আছেই, তামিম আরও একজনের কারণে ব্রাজিল সমর্থন করেন—রোনালদো, ‘দ্য ফেনোমেনন’। এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের ভক্ত তামিম সেই ১৯৯৮ বিশ্বকাপ থেকে। সেবার ফাইনালে স্বাগতিক ফ্রান্সের কাছে ৩-০ গোলে ব্রাজিল হেরে যাওয়ায় তামিমের মনটা বিষাদে ভরে গিয়েছিল।
প্রথম আলোয় লেখা কলামে সেই ফাইনালের স্মৃতিচারণা করে তামিম বলেছেন, ‘যত দূর মনে পড়ে, ফাইনালের আগে রোনালদোর কী যেন একটা হয়েছিল। তবে ওই বিশ্বকাপে তার খেলা এখনো আমার চোখে লেগে আছে। ফুটবলটা যেন রোনালদোর কাছে একটা জাদু! রোনালদোর কারণেই আমি ব্রাজিলের সমর্থক, রোনালদোর কারণেই পরে রিয়াল মাদ্রিদেরও সমর্থক হয়েছি। টেলিভিশনে যখনই রোনালদোর খেলা দেখার সুযোগ হয়েছে, আমি কখনো তা মিস করিনি। রোনালদো এখন খেলায় নেই, আমি তবু ব্রাজিলেরই সমর্থক।’
একটা সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে বিশ্বকাপ ফুটবল এলেই তামিম হয়ে যেতেন ‘সংখ্যালঘু’! তবে এখন দলে অনেক ব্রাজিল সমর্থক। তামিমের সঙ্গে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে সবচেয়ে বেশি তর্ক জমে মাশরাফি বিন মুর্তজার । বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক আবার আর্জেন্টিনা সমর্থক। মাশরাফি আকাশি-নীলদের ভালোবাসেন ডিয়েগো ম্যারাডোনার কারণে। গত বিশ্বকাপে জার্মানির কাছে ৭ গোল খাওয়ার পর তামিমকে খোঁচানোর মওকা ছাড়েননি মাশরাফি! তবে তামিমের উত্তরটাও আরেক কাঠি সরেস, ‘পরের বিশ্বকাপ থেকেও যদি জিততে শুরু করেন, আমাদের সমান হতে ১২ বছর লাগবে! ওই লেভেলে আসেন, তারপর কথা হবে!’
ব্রাজিল এবার চ্যাম্পিয়ন হবে, এই আশায় বুক বেঁধেছেন তামিম। যদি চ্যাম্পিয়ন না-ও হতে পারে, তবু বাংলাদেশ ওপেনারের বিশ্বাস, সম্ভাবনার দিক দিয়ে আর্জেন্টিনার চেয়ে ঢের এগিয়ে ব্রাজিল!